সেন্ট ভিনসেন্টের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের। আর এই চার্লসের ক্যাচ নিয়ে নীরবেই একটা মাইলফলক ছুঁয়েছেন মাইক হাসি। ওয়ানডেতে ২৫তম ফিল্ডার হিসেবে এক শ ক্যাচ নিলেন বড় হাসি। ক্যাচের সেঞ্চুরি করতে ১৭৭ ম্যাচ খেলতে হলো তাঁকে। ম্যাচের হিসাবে যেটা দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে কম ম্যাচে ১০০ ক্যাচ নেওয়ার রেকর্ডটি পল কলিংউডের। ১৯৭ ম্যাচে ১০৮ ক্যাচ নেওয়া ইংল্যান্ডের এই অলরাউন্ডার শততম ক্যাচটি ধরেছিলেন ১৭৪তম ম্যাচে। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশের মাহমুদউল্লাহ মুখোমুখি হওয়া প্রথম বলটিই তুলে দিয়েছিলেন কলিংউডের হাতে। বোলার ছিলেন গ্রায়েম সোয়ান। কলিংউডের আগে রেকর্ডটি ছিল ভিভ রিচার্ডসের (১৮৭ ম্যাচ)। ১৯৯১ সালে ২৭ মে ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ১০০তম ক্যাচ নিয়েছিলেন স্যার ভিভ। ভিভের তিন মাস আগে প্রথম ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার (২১৯ ম্যাচ)।