এক শর আরও কাছে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা এখন একটা লক্ষ্যের দিকেই ছুটে চলেছে। ১০০ পয়েন্ট অর্জন, গত মৌসুমে রিয়াল মাদ্রিদের গড়া এই রেকর্ডটাকে ছোঁয়া! দুই ম্যাচ বাকি থাকতে ওই লক্ষ্য থেকে বার্সেলোনা দূরে ৬ পয়েন্ট। পরশু ২২তম লিগ ট্রফিটা তোলার দিনই কাতালান ক্লাবটি পৌঁছে গেছে ৯৪ পয়েন্টে। এদিন ন্যু ক্যাম্পের বৃষ্টিভেজা ম্যাচে ভ্যালাদোলিদকে হারিয়েছে ২-১ গোলে। পেদ্রো ও ভ্যালাদোলিদের মার্ক ভালিয়েন্তের আত্মঘাতী গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ভ্যালাদোলিদের হয়ে ব্যবধান কমান ভিক্টর পেরেজ।কনকনে ঠান্ডা আবহাওয়ায় ন্যু ক্যাম্পের অর্ধেক ভর্তি স্টেডিয়ামেই ম্যাচের পর বার্সার হাতে তুলে দেওয়া হয় ট্রফি। অধিনায়ক কার্লোস পুয়োল ট্রফি নিয়েই তুলে দেন কোচ টিটো ভিলানোভা ও ডিফেন্ডার এরিক আবিদালের হাতে। ক্যানসারজয়ী এই দুজনই যে এবার ছিল বার্সেলোনার অনুপ্রেরণা। অধিনায়ক পুয়োলের কথায়ও সেটি উঠে এল, ‘এটা ছিল কঠিন এক বছর। তবে আমরা লিগ জিতেছি, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো টিটো ও আবিদাল আমাদের সঙ্গে আছে।’ কৃতজ্ঞ কোচ ভিলানোভাও ধন্যবাদ জানিয়েছেন কঠিন সময়ে তাঁকে সমর্থন দেওয়ার জন্য।২৬ মে ও ১ জুন এসপানিওল ও মালাগার বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বার্সেলোনা। এএফপি ও রয়টার্স।