এক শর সেরা মুশফিক
পুল খেলার বলই ছিল। টাইমিংটাও দারুণ হয়েছিল, কিন্তু গড়বড় হলো অন্য জায়গায়। না পারলেন বলটিকে নিচে রাখতে, না পারলেন ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা পার করাতে। ক্যাচটি নিতে ইঞ্চি খানেকও মনে হয় নড়তে হয়নি ডিপ স্কয়ার লেগ ফিল্ডার মারলন স্যামুয়েলসকে। মুশফিকুর রহিমের সম্ভাবনাময় ইনিংসটার মৃত্যু!দারুণ এক কীর্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। ওয়াডেতে ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মোট ১৯৮ জন। কিন্তু শততম ওয়ানডেতে সেঞ্চুরি আছে মাত্র সাতজনের। সেঞ্চুরি ম্যাচকে সেঞ্চুরিতে প্রথম রাঙিয়েছিলেন গর্ডন গ্রিনিজ, ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায়। এরপর গ্রিনিজ সঙ্গী হিসেবে পেয়েছেন ক্রিস কেয়ার্নস, মোহাম্মদ ইউসুফ, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, মার্কাস ট্রেসকোথিক ও রামনরেশ সারওয়ানকে। সর্বোচ্চ অপরাজিত ১৩২ গেইলের।কাল যেভাবে খেলছিলেন মুশফিক, তাতে তিন অঙ্ক ছোঁয়াকে মনে হচ্ছিল খুবই সম্ভব। সেটা শেষ পর্যন্ত হয়নি, তবে যা করেছেন সেটাই বা কম কী! চরম বিপর্যয়ে নেমে দলের ইনিংসটাকে ভদ্রস্থ চেহারা দেওয়ায় বড় ভূমিকা রেখেছেন। হয়ে গেছেন শততম ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। এর আগে শততম ম্যাচে ফিফটি ছিল বাংলাদেশের কেবল একজনেরই—হাবিবুল বাশার। ২০০৭ বিশ্বকাপের ঠিক আগে ক্যারিবিয়ানে ত্রিদেশীয় টুর্নামেন্টে কানাডার বিপক্ষে।ম্যাচ খেলার সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি খালেদ মাসুদ শততম ম্যাচে করেছিলেন ৮২ বলে অপরাজিত ৩৯। রান-বলের এই খতিয়ান দেখে ভ্রু কোঁচকাবেন না। সে সময় তাঁকে যা নিয়মিত করতে হতো, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সেটাই করেছিলেন মাসুদ, বিপর্যয়ে নেমে দলের মান বাঁচানো! শততম ম্যাচে বাংলাদেশের সেরা বোলিং সাকিব আল হাসানের, গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৪ উইকেট। তবে শততম ম্যাচে ম্যাচ-সেরা হতে পারেননি বাংলাদেশের কেউ। পারলেন না মুশফিকও, শততম ম্যাচে সর্বোচ্চ রান করাটাও পানসে মনে হতে পারে দলের হারে!