
টি-টোয়েন্টি ক্রিকেটে ফেবারিট ধারণাটাই গোলমেলে। তিন ঘণ্টায় বিশ-বিশ ৪০ ওভারের যে খেলাটা হয়, সেটির রং বদলায় ক্ষণে ক্ষণে। ধৈর্যের পরীক্ষা দিতে হয় না বললেই চলে, ব্যাটিংয়ের ব্যাকরণ খুব ভালো না জেনেও দিব্যি শাসন করা যায় বোলারদের। ক্যাচ ফেলা কিংবা মিস ফিল্ডিংয়ের ক্ষতি পুষিয়ে নিতে যথেষ্ট একটা ওভারই। এমন খেলায় কি আগে থেকে ফেবারিট বলে রাখা যায় কোনো দলকে?
বাংলাদেশে চলমান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই নির্দিষ্ট কোনো ফেবারিট নেই। সেটা খেলা ছেড়ে এখন যাঁরা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তাঁদের কথায়ও স্পষ্ট, পরিষ্কার অংশগ্রহণকারী দলগুলোর কয়েক দিন ধরে চলা সংবাদ সম্মেলন কিংবা উন্মুক্ত আলাপচারিতায়ও। প্রায় প্রতিটি বড় দলের অধিনায়কই শিরোপা জয়ের প্রত্যাশা জানিয়েছেন, আবার একই সঙ্গে প্রতিপক্ষ কারও কারও সম্ভাবনার কথাও শুনিয়েছেন। এই টুর্নামেন্ট এতটাই উন্মুক্ত যে এখানে সাফল্য সবার জন্য অনিশ্চয়তায় ঢাকা!
এটা অবশ্য শুধু এবার নয়, দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরগুলোতেও। আগের চারটি আসরে প্রতিবারই নতুন চ্যাম্পিয়ন দেখেছে ক্রিকেট-বিশ্ব। এবার বাংলাদেশ থেকেও কি চ্যাম্পিয়ন হয়ে ফিরবে নতুন কোনো দল?
টুর্নামেন্টটা উপমহাদেশে বলে বাইরের দেশগুলোকে এবার কিছুটা পিছিয়ে রাখছেন অনেকে। কারণ একটাই, এখানকার উইকেট ও কন্ডিশন স্পিন বোলিং-সহায়ক। বাইরের দলগুলোর জন্য সেটি চ্যালেঞ্জিং। তবে অন্য সংস্করণের ক্রিকেটে কথাটা সত্যি হলেও হতে পারে। কিন্তু টি-টোয়েন্টিতে এই ধারণা যে স্বতঃসিদ্ধ নয়, ওয়েস্ট ইন্ডিজ সেটি প্রমাণ করেছে। আগের চার আসরের একটিই কেবল হয়েছিল উপমহাদেশে, ২০১২ সালে। শ্রীলঙ্কায় হওয়া সেই বিশ্বকাপে শিরোপা জিতেছিল ড্যারেন স্যামির দল। আবার উপমহাদেশে হচ্ছে বলেই এখানকার দলগুলো বাকিদের চেয়ে এগিয়ে আছে পুরোপুরি সঠিক নয় হয়তো এই ধারণাটাও। এই সংস্করণে নিজেদের চেনা কন্ডিশনের বাইরেও যে সাফল্য পাওয়া যায় তার প্রমাণ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি আসরে হয়েছিল দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডে। চ্যাম্পিয়ন দুই দল ছিল উপমহাদেশের, ভারত ও পাকিস্তান। ধরাবাঁধা কোনো নিয়মে ফেলা যাচ্ছে না বলেই, শিরোপা ধরে রাখার প্রত্যাশার পাশাপাশি অন্তত আটটা দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। চোট আর ফর্মহীনতার পরও শিরোপা উদ্ধারের সাহস রাখছেন ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। জর্জ বেইলি, দিনেশ চান্ডিমাল কিংবা মোহাম্মদ হাফিজরাও শিরোপার দাবিদার হিসেবে দেখছেন একাধিক প্রতিপক্ষকে।
প্রতিযোগিতাটা যে এখানে অনেক উন্মুক্ত সেটা বোঝা যাবে সাবেকদের কথা শুনলেও। ওয়াসিম আকরাম যেমন এগিয়ে রাখছেন ভারত, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে। ওয়াকার এদের সম্ভাবনা দূরে সরিয়ে রেখে শিরোপা দেখেছেন অস্ট্রেলিয়ার হাতে। মুরালিধরন মনে করছেন বিপজ্জনক হতে পারে পাকিস্তান, রাসেল আরনল্ডের ফেবারিট শ্রীলঙ্কাই।
আসলে কোন দল যে ট্রফি নেবে সেটা দেখতে হয়তো ৬ এপ্রিলের ফাইনাল পর্যন্তই অপেক্ষা করতে হবে।