এক সন্ধ্যায় ১০ বছর
টাইটা গলায় না পরে হাতে নিয়ে ঢুকলেন সাকিব আল হাসান। টাই বাঁধতে জানে কে...? হাবিবুল বাশার এগিয়ে এসে টাই বেঁধে দিলেন সাকিবের গলায়। আতহার আলী বসে ছিলেন একটু দূরে। কিন্তু ক্রিকেটারদের বসার জায়গা তো ওটা না! নাঈমুর রহমান ডেকে দেখালেন কোথায় বসতে হবে, ‘আতহার ভাই, ওখানে বসেন...।’এ রকম আরও অনেক ছোট ছোট ঘটনা। আরও অনেক আবেগ কিংবা খুনসুটিতে আর্মি স্টেডিয়াম যেন ক্রিকেটের সত্যিকারের মিলনমেলা। প্রথম টেস্ট দলের ক্রিকেটাররা কিংবা আগামী বিশ্বকাপে যে দলটা খেলবে সেই দলের, প্রবীণদের মধ্যে শফিকুল হক হীরা, এ এস এম ফারুক—কে ছিলেন না মিলনমেলায়! রঙে রঙে রঙিন মিলনসন্ধ্যায়!টেস্ট ক্রিকেটের দশকপূর্তি হয়ে গেছে গত ১০ নভেম্বর। সেদিনই কোনো আয়োজন না করায় সমালোচিত হয়েছিল বিসিবি। কিন্তু স্পনসর গ্রামীণফোনকে সঙ্গে নিয়ে সেই দেরিটা কাল পুষিয়ে দিল তারা। বর্ণাঢ্য আয়োজনে সম্মানিত ক্রিকেটাররাও সম্ভবত ক্ষমা করে দিয়েছেন এই বিলম্ব। নইলে অনুষ্ঠানে এসে প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান কেন বলবেন, ‘দেরিতে হলেও বোর্ড এই আয়োজনটা করায় আমরা খুশি।’টেস্ট ক্রিকেটের দশকপূর্তির অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এলআরবি-জেমস-লালন-মিলা’র কনসার্ট। তবে অনুষ্ঠানটা মূলত ক্রিকেট এবং ক্রিকেটারদের। প্রথম টেস্ট দল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলা ৫৯ টেস্ট ক্রিকেটারের হাতে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হলো তাতে। সাত টেস্ট অধিনায়কের ছয়জনই উঠলেন মঞ্চে, শ্রীলঙ্কা গেছেন বলে অনুপস্থিত থাকলেন শুধু মাশরাফি। স্মরণ করা হলো টেস্ট-পূর্ব সময়ের ক্রিকেটারদের। স্পনসর গ্রামীণফোনের কাছ থেকে পাওয়া দুই কোটি টাকা থেকে ৫০ লাখ টাকা দুস্থ ক্রিকেটার ও ক্রিকেট-সংশ্লিষ্টদের দেওয়ার ঘোষণা দিলেন বিসিবির সভাপতি আ হ ম মোস্তফা কামাল। তাঁর হাতে চেক তুলে দিয়েছেন কালকের অনুষ্ঠান এবং বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পনসর গ্রামীণফোনের বিদায়ী সিইও ওডভার হেসজেডাল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে টেস্ট ক্রিকেটার ছাড়াও ছিলেন অনেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক-কর্মকর্তা। দর্শকসারিতে ছিলেন হাজারো ক্রিকেটপ্রেমিক।এমন একটা অনুষ্ঠান ক্রিকেটারদের জন্য স্বপ্ন। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম এই স্বপ্নের অংশ হতে মালয়েশিয়া থেকে মাত্র তিন দিনের জন্য উড়ে এসেছেন ঢাকায়। অনুষ্ঠানে এসে আবেগে থরথর আমিনুল, ‘আমার অসম্ভব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হবে, তাই ছুটে এসেছি। ধন্যবাদ বিসিবিকে, তারা আমাকে ঢাকায় আসার বিমানের টিকিটটাও দিয়েছে।’এসিসির চাকরির সুবাদে আমিনুল তবু ক্রিকেটের সঙ্গেই আছেন। সবার সঙ্গে না হলেও অনেকের সঙ্গেই দেখা-সাক্ষাৎ হয়। সে তুলনায় জাহাঙ্গীর অনেকটাই বিচ্ছিন্ন। নিজের প্যাকেজিং ব্যবসা নিয়ে ব্যস্ত জাতীয় দলের সাবেক উইকেটকিপারকেও কাল দেখা গেল ক্রিকেটারদের সারিতে। ‘ক্রিকেট বোর্ড যে আমাদের মনে রেখেছে, সে জন্য খুবই ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হলো। এই সুযোগ সব সময় পাই না’—জাহাঙ্গীরের কণ্ঠে কথাগুলো ঝরল সবার আনন্দ হয়ে। বর্তমান দলের মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ কিংবা রুবেল হোসেনদের সঙ্গে হাসিবুল হোসাইন, এনামুল হক, মেহরাব হোসেন, সানোয়ার হোসেনরা এক দল এক প্রাণ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ—কে ছিলেন না? এমনকি প্রয়াত টেস্ট ক্রিকেটার মানজারুল ইসলামও! হ্যাঁ, সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াত এই ক্রিকেটারের নাম উচ্চারিত হতেই তাঁকে সম্মান জানিয়ে নীরব হয়েছে হাজারো মানুষের কণ্ঠ। মানজারুলের টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক হাবিবুলের হাতে। না থেকে আরও ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার ডাক্তার দেখাতে কাল কলম্বো গেছেন। কিন্তু তাঁকে বিশ্বকাপ দলে নেওয়ার দাবিতে চিৎকার ছিল দর্শকদের মধ্যে।মিলনমেলায় ভেসে গিয়ে ক্রিকেটাররা হারিয়ে গেছেন সোনালি অতীতে। ড্রেসিংরুমে কার কী নাম ছিল, কাকে কী বলে রাগানো হতো—আড্ডায় উঠে এল মধুর সব স্মৃতি। ছিল টেস্ট ক্রিকেটের খণ্ড খণ্ড ছবিও। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরা হয় বড় পর্দায়। প্রথম সেঞ্চুরির পর হেলমেটে আমিনুলের চুমু খাওয়া কিংবা মুলতান টেস্টে হ্যাটট্রিকের পর অলক কাপালির উল্লাস, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ক্যাচ নিয়ে আশরাফুলের সবাইকে ছাড়িয়ে যাওয়া সেই দৌড়—এসব দেখে আরও একবার হাততালিতে ফেটে পড়েছে দর্শক। অন্তত একটা সন্ধ্যার জন্য আর্মি স্টেডিয়ামও যেন টেস্ট ভেন্যু! টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১০ বছরকে তুলে ধরার মঞ্চ।ভবিষ্যতের স্বপ্ন দেখানোরও কি নয়? আইয়ুব বাচ্চুর ভরাট কণ্ঠে এলআরবি সেই স্বপ্ন দেখিয়েই শুরু করে কনসার্ট। বাংলাদেশ দলের ড্রেসিংরুমের থিম সংটা বাচ্চুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইল গোটা স্টেডিয়াম...আমরা করব জয়, আমরা করব জয় একদিন...।