এক সপ্তাহের মধ্যে নির্বাচন সম্ভব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির সামনে দুটি গঠনতন্ত্র। বার্ষিক সভায় পাস হওয়া ২০১২ সালের ১ মার্চের সংশোধিত গঠনতন্ত্র ও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবিতে পাঠানো ২০১২ সালের ২৯ নভেম্বরের গঠনতন্ত্র। বিসিবি সভাপতি নাজমুল হাসান অপেক্ষায় আছেন আদালত কোন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে বলেন, সেটা শোনার। সেই অপেক্ষাতেই নাকি বিলম্বিত হচ্ছে নির্বাচন।

কয়েক দিন আগে দেওয়া বিসিবি সভাপতির এই বক্তব্যকে কাল ‘ভুল’ ও ‘অসম্পূর্ণ’ বলে উল্লেখ করেছেন বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন। অলিম্পিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বরং দাবি করলেন, ‘বিসিবি চাইলে কালই নির্বাচনের প্রক্রিয়া শুরু করার পন্থাও আছে। বিসিবির বার্ষিক সভায় পাস হওয়া গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়ানীতি ও দেশের সংবিধানবিরোধী কিছু থাকলে সেটা সংশোধন করে ওই গঠনতন্ত্র অনুমোদন দিয়ে দিলেই হয়। সবার সদিচ্ছা থাকলে আমরা এক সপ্তাহের মধ্যে নির্বাচনের হার্ডল থেকে বেরিয়ে আসতে পারি।’ নির্বাচন-সংক্রান্ত বিষয়ে এনএসসির অ্যাডহক কমিটি প্রভাব বিস্তার করছে বলেও সন্দেহ মোবাশ্বের হোসেনের।

আইসিসির ২০১১ সালের বার্ষিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩ সালের জুন মাসের মধ্যে সদস্যদেশগুলোকে অবশ্যই সরকারের প্রভাবমুক্ত নির্বাচিত ক্রিকেট বোর্ড গঠন করতে হবে। এই সময়সীমা প্রায় শেষ হতে চললেও বিসিবিতে নির্বাচনের নামগন্ধ নেই এখনো। বিসিবির এই ব্যর্থতা তুলে ধরে কিছুদিন আগে আইসিসির কাছে ই-মেইল করেছিলেন মোবাশ্বের। তবে আইসিসি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বলেই জানিয়েছেন তিনি।

গত বছরের ২৯ নভেম্বরে সংশোধিত গঠনতন্ত্রকে মোবাশ্বের হোসেন বলছেন ‘অগণতান্ত্রিকভাবে চাপিয়ে দেওয়া গঠনতন্ত্র’। বিসিবির বার্ষিক সভায় পাস না করায় এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গত ১৩ ডিসেম্বর আদালতে রিট আবেদন করেছিলেন মোবাশ্বের হোসেন ও তাঁর আরেক সঙ্গী ইউসুফ জামিল (বাবু)। মোবাশ্বের জানান, আদালতও বিসিবির এই গঠনতন্ত্র এনএসসির নীতিমালা মেনে হয়নি বলে রায় দিয়েছেন। কাজেই ২৯ নভেম্বরের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করলে সেটাও হবে অবৈধ। আদালতের রায়ের পর বিসিবি এর বিরুদ্ধে আপিল করায় আপাতত আদালতের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বোর্ডের নির্বাচন।

মোবাশ্বের হোসেন যে গঠনতন্ত্রের অধীনে নির্বাচন চাইছেন, খেলোয়াড়দের সরাসরি বিসিবিতে আসার পথ রুদ্ধ করায় বিতর্কিত হয়ে পড়েছিল সেটাও। তবে নিজের অবস্থানটা গঠনতন্ত্রের এই অংশের বিপক্ষে বলেই জানালেন মোবাশ্বের, ‘আমি তখনো এর বিরোধিতা করেছিলাম। ব্যক্তিগতভাবে আমি সব সময় খেলোয়াড়দের পক্ষে। কোনো ক্রিকেটার সংগঠক হলে সে অন্যদের তুলনায় ভালো সংগঠক হবে।’

অ্যাডহক কমিটির দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন। সেটা এখনো করতে না পারায় কমিটির কড়া সমালোচনা করতেও ছাড়েননি মোবাশ্বের। সমালোচনা করেছেন অ্যাডহক কমিটিতে থেকেও বর্তমান বোর্ড কর্মকর্তাদের নির্বাচনে যাওয়ার প্রস্তুতিরও। শুধু নির্বাচন আয়োজনের ক্ষেত্রেই নয়, অ্যাডহক কমিটি বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনায়ও ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে দাবি সাবেক এই বোর্ড পরিচালকের। ‘বিপিএলের বিভিন্ন বকেয়া যদি বিসিবিকেই শোধ করতে হয়, আমার হিসাবমতে ক্রিকেট বোর্ডকে নিজেদের পকেট থেকে প্রায় ৬০ কোটি টাকা খরচ করতে হবে’—বলেছেন মোবাশ্বের। তিনি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে বড় অঙ্কের অনুদান দেওয়াও সমর্থন করেন না, ‘ক্লাবকে কিসের ভিত্তিতে টাকা দেওয়া হবে? অনেকে মনে করেন ক্লাবকে ঠান্ডা রাখার জন্যই এটা করা হচ্ছে।’

বোর্ড সভাপতি যে সম্প্রতি বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন, সেটাকেও ‘ভুল তথ্য’ বলেছেন মোবাশ্বের। আইসিসি কোথাও এ ধরনের কিছু বলেনি বলেই দাবি তাঁর। তবে বর্তমান অ্যাডহক কমিটির একটা সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত, ‘পাতানো খেলা নিয়ে আকসুর রিপোর্ট আসার আগ পর্যন্ত খেলোয়াড়দের দলবদল (লটারি) ও খেলা শুরু করা, কোনোটারই পক্ষে নই আমি। এই সিদ্ধান্তটা সঠিক।’