এক সিরিজেই সাড়ে ৯ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সিরিজের সাফল্যে ক্রিকেটারদের পকেটও ভারী হয়ে উঠছে বেশ। অন্যান্য সব বাদ দিয়ে বিসিবির সঙ্গে থাকা চুক্তি অনুযায়ী শুধু ‘জয়ের বোনাস’ এবং ম্যাচ ফি মিলিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সব ম্যাচ খেলা একেকজন খেলোয়াড় পাবেন ৯ লাখ ৫২ হাজার ৮০০ টাকা করে।
টেস্ট ম্যাচ পাঁচ দিনে গড়ালে ম্যাচ ফি হিসেবে ক্রিকেটাররা পান ১ লাখ ৫০ হাজার টাকা। তার মানে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের ম্যাচ ফি খেলোয়াড়প্রতি ৩ লাখ টাকা। দুটি টেস্টই ড্র হওয়ায় বোনাস হিসেবে টেস্টপ্রতি যোগ হবে আরও ৫০ হাজার টাকা করে। অর্থাৎ একেকটি টেস্টের জন্য ২ লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা। দুই টেস্টেই খেলা ক্রিকেটারদের জন্য অঙ্কটা ৪ লাখ।
ওয়ানডে সিরিজে ম্যাচ ফি ১ লাখ টাকা করে তিন ওয়ানডের জন্য ৩ লাখ টাকা। সঙ্গে বোনাস হিসেবে প্রতি ওয়ানডে জয়ের জন্য ৭০০ মার্কিন ডলার (১ ডলারে ৭৮ টাকা করে ধরে ৫৪ হাজার ৬০০ টাকা) করে তিন ওয়ানডে খেলা প্রত্যেক ক্রিকেটার পাবেন ২১০০ ডলার। আর সিরিজ জেতার জন্য আলাদা বোনাস ৫০০ ডলার তো থাকছেই। তার মানে ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলা একেকজন ক্রিকেটার শুধু এই সিরিজ থেকেই পাবেন ৫ লাখ ২ হাজার ৮০০ টাকা করে।
বিসিবির চুক্তি অনুযায়ী আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দলের কাউকে হারাতে পারলে ক্রিকেটাররা বোনাস পান ১৫০০ ডলার; চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দলকে হারালে ১০০০ ডলার এবং র‌্যাঙ্কিংয়ে এর পরের দিকে থাকা দলগুলোর কাউকে হারালে ৭০০ ডলার করে। আইসিসির বর্তমান র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান অষ্টম। ওয়ানডের বোনাসও হবে সে হিসাব করেই। এ ছাড়া সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে গেলেও ম্যাচ ফি হিসেবে খেলোয়াড়েরা পাবেন ৫০ হাজার টাকা করে। ম্যাচ ফি ও উইনিং বোনাস মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজে বিসিবির মোট খরচ হবে ১ কোটি ২৮ লাখ টাকার মতো।
এ তো গেল চুক্তি অনুযায়ী বিসিবি থেকে ক্রিকেটারদের প্রাপ্য। সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করা এবং ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতায় মুশফিকুর রহিমের দলের অর্থাগম হতে পারে আরও। ক্রিকেটাররা প্রণোদনা পেতে পারেন সরকারের শীর্ষ মহল থেকেও। নিউজিল্যান্ড সিরিজ থেকে কোন ক্রিকেটার কত পাচ্ছেন, সেটার একটা হিসাব নাকি চাওয়া হয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কথায়ও সে আভাস, ‘মাননীয় প্রধানমন্ত্রী সিরিজজয়ী দলকে নৈশভোজে আপ্যায়িত করতে পারেন বলে শুনেছি। সেটা হলে খেলোয়াড়দের তিনি বিশেষ কিছু দিলেও দিতে পারেন।’ এ ছাড়া চুক্তির বাইরেও ক্রিকেটারদের অর্থ পুরস্কার দিতে পারে বিসিবি। তবে সে ক্ষেত্রে টাকার অঙ্কটা হয়তো খুব বেশি হবে না।