এক সুতোয় গাঁথা বার্সা-আয়াক্স
প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম মুখোমুখি বার্সেলোনা-আয়াক্স!
হয়তো চোখ কপালে তুলে ফেলছেন। ইউরোপের ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ইতিহাস ৫৮ বছরের, অথচ একবারও মুখোমুখি হয়নি এই দুই পরাশক্তি! অবাক করার মতোই ব্যাপার। এই দেখা না-হওয়ার ব্যাপারটা ভিন্ন মাত্রা পাচ্ছে স্পেন ও হল্যান্ডের এই দুই ক্লাব বিনি সুতোর মালায় গাঁথা বলে।
ফুটবলে আলাদা দুটি ক্লাবে কিংবদন্তির মর্যাদা খুব বেশি খেলোয়াড় পাননি। ইয়োহান ক্রুইফ সেটা পেয়েছিলেন, শুধু খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবেও। বার্সা ও আয়াক্স, দুই ক্লাবের হয়েই। ১৯৭৩ সালে যখন বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়েছিলেন, আয়াক্সে তখন তিনি খ্যাতির শীর্ষে। ডাচ ক্লাবটিকে ১৯৭১ থেকে শুরু করে জিতিয়েছিলেন টানা তিনটি ইউরোপিয়ান শিরোপা। বার্সার হয়ে সেটা অধরা থেকে গেছে বটে, কিন্তু ১৯৭৪ সালে কাতালানদের ১৪ বছরের মধ্যে প্রথম লা লিগা জিতিয়েছিলেন ঠিকই।
ক্রুইফের বার্সা-আয়াক্স অধ্যায় এখানেই শেষ নয়। অবসরের পর আবার ফিরেছিলেন আয়াক্সে, এবারের ভূমিকাটা নেপথ্য নায়কের। ১৯৮৭ সালে আয়াক্স উয়েফা কাপ উইনার্স কাপ জেতে তাঁর কোচিংয়েই। ঠিক খেলোয়াড়ি জীবনের মতোই আয়াক্স থেকে পাড়ি জমান ন্যু ক্যাম্পে। এখন বার্সার যে টিকি-টাকার জাদুতে মোহাবিষ্ট ফুটবল বিশ্ব, তার স্বপ্নদ্রষ্টাও ছিলেন ক্রুইফই। ১৯৯২ সালে বার্সার চারটি ইউরোপিয়ান শিরোপার প্রথমটি এসেছিল ক্রুইফের হাত ধরেই।
কিন্তু আয়াক্স-বার্সাকে যিনি এক সূত্রে বেঁধে রেখেছেন দীর্ঘদিন, সেই ক্রুইফ আজ চ্যাম্পিয়নস লিগে তাঁর প্রিয় দুই দলের লড়াই দেখতে থাকছেন না গ্যালারিতে! পরিহাস? চাইলেই থাকতে পারতেন। কিন্তু বার্সার সভাপতি সান্দ্রো রোসেলের সঙ্গে বিবাদে জড়িয়ে ঘোষণা দিয়েছেন, যত দিন রোসেল আছেন, তত দিন ন্যু ক্যাম্পে আসবেন না।
বার্সা-আয়াক্স যোগসূত্র শুধু ক্রুইফই নন। ১৯৯২ সালের সেই ফাইনালে একমাত্র গোলটি কার ছিল, জানেন? রোনাল্ড কোম্যান, যাঁর শুরুটাও আয়াক্সেই। তবে এর আগে আসবে আরও একটি নাম—রাইনাস মিশেলস। টোটাল ফুটবলের জনক হিসেবে ফুটবল ইতিহাসেই আলাদা জায়গা মিশেলসের। আয়াক্সকে ১৯৭১ সালে ইউরোপিয়ান কাপ জেতানোর পর পরই মিশেলস হাল ধরেন বার্সার। সেখানে ছিলেন তিন বছর। ক্রুইফ-মিশেলসের সঙ্গে লুইস ফন গলের নাম না নিলে তালিকাটা অসম্পূর্ণ থেকে যাবে। হল্যান্ডের বর্তমান কোচের সময়েই এসেছিল আয়াক্সের শেষ ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব, সেটাও ১৮ বছর আগে। পরে দুই দফায় বার্সার দায়িত্বে অবশ্য সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি। তবে ফন গলের বার্সায় ছিল আয়াক্স ফুটবলারদের ছড়াছড়ি। প্যাট্রিক ক্লাইভার্ট, মার্ক ওফারমার্স, আর ডি বোর ভাইরা দুই দলের মেলবন্ধনকে আরও শক্তিশালী করেছেন। এএফপি ও ওয়েবসাইট।
ফ্রাঙ্ক রাইকার্ডের যোগসূত্রটা অবশ্য সেদিনের। বার্সেলোনার হয়ে রোনালদিনহোর চোখ জুড়ানো সব গোল, ডাগআউটে রাইকার্ডের উল্লাস খুব বেশি দিন আগের নয়। খেলোয়াড় রাইকার্ডের ক্যারিয়ারের শুরু তো বটেই, শেষটাও আয়াক্সেই।
যাঁদের কথা বলা হলো, তাঁরা আজকের ম্যাচে দর্শক হয়েই থাকবেন। ফ্রাঙ্ক ডি বোরও একরকম দর্শকই, তবে তাঁকে অন্যদের কাতারে ফেলা ঠিক হবে না। আয়াক্স ও বার্সেলোনায় ক্যারিয়ারের প্রায় পুরোটা কাটানোর পর আজ আবার ফিরছেন ন্যু ক্যাম্পে। ফিরছেন বার্সা-বধের ছক এঁকে। ডি বোর ভাইদের ছোটজন যে এখন আয়াক্সের কোচ!