এক সুরে মেতেছে আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন দৃশ্য কখনো দেখেনি আফ্রিকা। শুধু ‘রেইনবো নেশন’ আয়োজক দক্ষিণ আফ্রিকায় ঐক্যের সুর বাজানো নয়, গোটা মহাদেশেই ভ্রাতৃত্বের বন্ধনটা যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে বিশ্বকাপ। নিজে খেলতে না পারলেও সবাই খুশি হচ্ছে প্রতিবেশীর সাফল্যে। দারিদ্র্য, যুদ্ধ আর রোগে জর্জরিত দুঃখী আফ্রিকানদের জন্য বড় এক আনন্দের উপলক্ষ হয়ে এসেছে বিশ্বকাপ। কারও কারও জন্য দক্ষিণ আফ্রিকা নেহাতই ঘরের কাছে হলেও সেখানে গিয়েও খেলা দেখার সংগতি নেই। তারা বিশ্বকাপ উন্মাদনায় গা ভাসাচ্ছে টেলিভিশনের সামনে ভিড় করে। দুর্ভাগ্য হচ্ছে, মহাদেশটির অর্ধেকেরও কম মানুষ বিদ্যুতের সুবিধা পায়। টেলিভিশন আছে আরও অনেক কম ঘরে। কিন্তু তার পরও যে যেভাবে পারে খেলা দেখার একটা ব্যবস্থা করে নিয়েছে।যে দেশে টিভি সম্প্রচারই চালু হয়েছে মাত্র ১৯৯৯ সালে, সেই মালাউয়ির ব্ল্যানটায়ার শহরের বাইরে এক বস্তি এলাকার দৃশ্য। রাস্তার পাশে ২১ ইঞ্চি টিভি বসিয়ে আমজনতার খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। দর্শকের সংখ্যা কয়েক শ। দোকানি কামুদো ইওহানে বললেন, এত বড় টিভিই কোনো দিন দেখেননি তিনি।‘জীবনে এত বড় টিভিতে সরাসরি খেলা দেখিনি আমি। আফ্রিকাতে এই প্রথমবার বিশ্বকাপ হওয়ার অছিলায় তা সম্ভব হলো। এটা একটা দারুণ ব্যাপার,’ বলেন কামুদো।কান পাতলে কামুদোর প্রতিধ্বনি শোনা যাবে আফ্রিকার অনেক দেশেই।বিশ্বকাপের আনন্দ অবশ্য কিছুটা ম্লান করে দিয়েছে লোডশেডিংয়ের অত্যাচার। সরকার নির্বিঘ্ন বিদ্যুতের আশ্বাস দেওয়ায় জিম্বাবুয়ের লোকজন ঘরেই ছিল খেলা দেখার আশায়। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনীর সময় রাজধানী হারারের একটা বড় অংশই ছিল বিদ্যুৎহীন। গিনির রাজধানীতে মানুষ দাঙ্গা-হাঙ্গামার জন্য তৈরিই ছিল। কিন্তু সৌভাগ্যই বলতে হবে তাদের, খেলার সময় এ পর্যন্ত বিদ্যুৎ নিয়ে সমস্যা হয়নি সেখানে।অন্যদিকে খেলার সময় হলেই ফাঁকা হয়ে যাচ্ছে সিয়েরা লিওনের রাস্তাঘাট। বিশেষ করে ঘানা বা নাইজেরিয়ার ম্যাচের দিন। সে দেশের অফিস-আদালতের কর্তারা অভিযোগ করছেন, অনেক কর্মীই ঠিকমতো কাজে আসছেন না। গাম্বিয়ার ফুটবলপ্রেমীরা রাস্তায় নেচে-গেয়ে ফুর্তি করছে আফ্রিকার দলগুলোর জন্য। আফ্রিকা বিশ্বকাপের আয়োজক হওয়ায় গর্বে মাটিতে পা পড়ছে না ক্যামেরুন সমর্থক ইভস একোত্তোর। ‘আফ্রিকা প্রমাণ করেছে, তারাও বিশ্বকাপ আয়োজন করতে পারে। আমার আশা আফ্রিকার একটি দল, তা সে যেই হোক; বিশ্বকাপ জিতুক,’ বললেন অদম্য সিংহদের জার্সি পরা একোত্তো।বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত নামিবিয়ার প্রত্যন্ত শহর ওশাকাতিও। স্থানীয় দোকানদার পানদুলেনি শিভুতে জানালেন, রোববার ঘানা সার্বিয়াকে হারানোর পর ওশাকাতিও কেঁপেছে ভুভুজেলার আওয়াজে। লোকজন স্বতঃস্ফূর্তভাবেই গাড়ি নিয়ে নেমে পড়ে রাস্তায়। পতাকা নাড়িয়ে ও হর্ন আর ভুভুজেলা বাজিয়ে তারা সবার কানে তালা লাগিয়ে ফেলে।টুর্নামেন্টে রোববার পর্যন্ত প্রথম আফ্রিকান দেশ হিসেবে ম্যাচ জেতায় ঘানার রাজধানী তো আক্ষরিক অর্থেই উৎসব-নগরী। সবার মনেই আশা, আফ্রিকা থেকে ঘানা বা কেউ না কেউ ভালো করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমানুয়েল ফোলি তাঁদেরই একজন। এখন পর্যন্ত তাঁর আশা, একটা না একটা আফ্রিকান দেশ এবার প্রথমবারের মতো অন্তত সেমিফাইনাল পর্যন্ত গিয়ে ইতিহাস গড়বে।মোট কথা, একমাত্র জঙ্গি-উপদ্রুত সোমালিয়া ছাড়া বিশ্বকাপ উপভোগ করছে সারা আফ্রিকাই। ফুটবল খেলা বা দেখা ইসলামবিরোধী—এই ফতোয়া দিয়ে লোকজনকে খেলা দেখতে নিষেধ করেছে সেখানকার জঙ্গি গোষ্ঠী শেবাব। ফতোয়া না মানায় হামলার শিকার হয়ে দুই হতভাগ্য ফুটবলপ্রেমীর প্রাণও গেছে।ঘানার ইমানুয়েল ফোলির মতো স্বপ্নও দেখছে আফ্রিকার অনেকেই। তার প্রমাণ পাওয়া যাবে জোহানেসবার্গের ইয়েওভিলে গেলে। নগরীর এ এলাকাটি এক কথায় খুদে আফ্রিকা। সেখানকার চল্লিশ হাজার বাসিন্দার তিন ভাগের দুই ভাগই আফ্রিকার অন্য দেশ থেকে আসা অভিবাসী। পর্তুগাল-আইভরিকোস্ট ম্যাচের দিন সেখানকার ক্লাব ‘আইভরিয়ান হাউসে’ জড়ো হয়েছিল নানা দেশের এসব মানুষ। এমনিতে তাদের মধ্যে সম্পর্ক খুব যে মধুর তা নয়, কিন্তু আইভরিকোস্টকে সমর্থনের ব্যাপারে সবাই একাট্টা। কারণটা স্পষ্ট। তার পরও ক্যামেরুন থেকে আসা নিরাপত্তা প্রহরী জুয়ি তেরানোভার ব্যাখ্যাটা শোনায় দোষ নেই, ‘আমি আইভরিকোস্টের সমর্থন করছি, কারণ ওরা আফ্রিকার অন্যতম সেরা দল। আমাদের উচিত আফ্রিকার সব দলকেই সমর্থন করা। আফ্রিকা এক। এ মহাদেশের যে প্রান্তেই যাই তা এক আফ্রিকাই। সোমালিয়া, তিউনিশিয়া, মিসর যেখানেই যান, আফ্রিকা একটাই।’দেশপ্রেম আর জাতীয়তাবাদের জোশ দিয়ে আর যাই হোক বিশ্বকাপ জেতা নিশ্চয়ই যায় না। কিন্তু প্রথম বিশ্বকাপের আয়োজক হয়ে একটা বড় ইতিহাস গড়ে ফেলার বছরে অন্তত ‘মাঝারি’ আরেকটা চমকের আশা আফ্রিকানরা হয়তো করতেই পারে। ওয়েবসাইট।