
শুধু ভুলই বোঝাচ্ছে হ্যামিল্টন টেস্ট।
এই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য তো পরক্ষণেই বধ্যভূমি। এই স্পিন-রাজ তো পর মুহূর্তেই পেসারদের মৃগয়া। উত্থান-পতনের ঘনঘটায় টেস্ট ক্রিকেটের সত্যিকারের বিজ্ঞাপনই হয়ে উঠেছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটা।
প্রথম দুই দিন নিউজিল্যান্ডের ওপর ছড়ি ঘোরানো ওয়েস্ট ইন্ডিজ মুখ থুবড়ে পড়েছে তৃতীয় দিনে। প্রথম ইনিংসে ৩৬৭ রান করা ড্যারেন স্যামির দল দ্বিতীয় ইনিংসে বিধ্বস্ত ১০৩ রানে। কিউই সুইং বোলিংয়ে দিশা হারিয়ে এক সেশনেই অলআউট। স্বাগতিকদের সামনে মাত্র ১২২ রানের লক্ষ্য। সিরিজ বাঁচাতে হলে ক্যারিবীয়দের অভাবনীয় কিছু করতেই হবে। সেটা তারা করতে পেরেছে কি না, সেটাও অবশ্য এরই মধ্যে জেনে যাওয়ার কথা। নিউজিল্যান্ডে ম্যাচ শুরু হয়ে যায় যে বাংলাদেশ সময় ভোররাত সাড়ে তিনটায়।
১২২ রানের ৬ রান কালই বিনা উইকেটে তুলে ফেলেছে নিউজিল্যান্ড। এর আগে দিনের শুরুতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসটা ছিল রস টেলরময় গল্প। ক্যারিবীয় ঘূর্ণিঝড়ে অবিচল থেকে টানা তৃতীয় ম্যাচেও সেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। স্মৃতির অতল থেকে তুলে এনেছেন নিউজিল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক মার্ক বার্জেসকে। টেলরের আগে একমাত্র বার্জেসই টানা তিন টেস্টে সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ডের হয়ে। টেস্টে একাদশ সেঞ্চুরিটি টেলরকে দ্বিতীয় স্থানে বসিয়েছে পরিসংখ্যানের আরেকটি পাতাতেও। অ্যান্ডু জোনসের পর এক সিরিজে তিন সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় কিউই টেলর।
স্যামির এক ওভারে ১৮ রান নেওয়া টেলর আউট হওয়ার আগে করেছেন ১৩১ রান। নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে প্রতিপক্ষের প্রথম ইনিংসে চেয়ে ১৮ রানের দূরত্বে, ৩৪৯ রানে। কিউইদের ১০ উইকেটের ৬টিই নিয়েছেন সুনীল নারাইন। ৪২.৩ ওভারে ৯১ রানে ৬ উইকেট, টানা ৩৬ ওভার বোলিং করে ক্যারিয়ার-সেরা বোলিং পেয়েছেন নারাইন।
চা-বিরতির পর শুরু দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াতেই পারেনি। আকাশে ছিল হালকা মেঘ, আর তাতেই সুইং বোলিংয়ের পসরা সাজালেন নিউজিল্যান্ডের পেস চতুষ্টয়। ভালো কিছু ক্যাচও নিলেন কিউই ফিল্ডাররা। ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বেশি সময় উইকেটে টিকলেন মারলন স্যামুয়েলস (৩৮ বলে ৮)। সবচেয়ে বেশি রান করলেন অধিনায়ক স্যামি, হতাশায় উন্মত্ত হয়ে ১৭ বলে ২৪। নিউজিল্যান্ডের তিন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট (৪), নিল ওয়াগনার (২) ও কোরি অ্যান্ডারসন (১) প্রথম ৭ উইকেট নেওয়ার পর ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছেন ডানহাতি টিম সাউদি। এক ওভারেই শেষ ৩ উইকেট তুলে নেওয়া সাউদি পেয়ে গেছেন ১০০তম টেস্ট উইকেটও। এএফপি, ক্রিকইনফো।