এক সোনাতেই কিংবদন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ডে তাকিয়ে যখন দেখলেন, সোনা উঠছে তাঁরই গলায়, সটান শুয়ে পড়লেন ট্র্যাকে। মুখটা ঢেকে হয়তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলেন। আর তাঁকে ধন্যবাদ দিল গোটা অস্ট্রেলিয়া। এবারের অলিম্পিকটা ক্রীড়াপাগল অস্ট্রেলিয়ার জন্য ভালো অভিজ্ঞতা নয়। গত বেইজিং অলিম্পিকে যেখানে ১৪ সোনাসহ মোট পদক এসেছে ৪৬টি, দলীয় অবস্থান ছিল ষষ্ঠ; এবার গত পরশু পর্যন্ত মাত্র চারটি সোনা! রুপা ১২ ও ব্রোঞ্জ ৯টি। সাইক্লিং, সাঁতারে বাজে ফল করে পদক তালিকায় ঠাঁই হয়েছে দশের বাইরে।এমন বিবর্ণ দশায় অস্ট্রেলিয়ানদের জন্য এক পশলা বৃষ্টি হয়ে এলেন স্যালি পিয়ারসন। গত মঙ্গলবার রাতে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতে অস্ট্রেলিয়ানদের একটু আনন্দের উপলক্ষ এনে দিলেন ‘সোনার মেয়ে’। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম তো দেশটির গ্রেট অলিম্পিয়ানদের তালিকায়ও যোগ করে দিচ্ছে তাঁর নাম। সিডনির মেয়েকে নিয়ে সিডনি ডেইলি টেলিগ্রাফ লিখেছে, ‘সোনাজয়ী পিয়ারসন এখন অস্ট্রেলিয়ার গ্রেট অলিম্পিয়ানদের পাশে বসলেন।’ পিয়ারসন কী করেছেন তার জন্য নয়। কী পরিস্থিতিতে এবং কতটা বাধা পেরিয়ে এই সাফল্য পেলেন, সেটি মনে রেখেই তাঁকে এতটা উঁচুতে তুলে ধরা। বাবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর মা দুটি চাকরি করতেন। অ্যাথলেটিকসে আসা মেয়ের খরচ জোগাতে। সেই মেয়েই এখন খ্যাতির শীর্ষে। অস্ট্রেলিয়ানদের চোখের মণি। মহিলা ‘সাইক্লিং রানি’ আনা মিয়ার্স ভেলোড্রামে সোনা জিতে সব আলো নিজের দিকে নিয়েছিলেন, আলোটা এখন পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি উচ্চতার পিয়ারসনের ওপর। এই দুজনই গত বেইজিং অলিম্পিকে জিতেছিলেন রুপা। রুপাকে এবার সোনায় রূপ দিলেন। ২৫ বছর বয়সী পিয়ারসন শুধু সোনা জেতেননি, গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ডও। বেইজিংয়ের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের ডন হারপারকে হারিয়ে প্রতিশোধও নেওয়া হলো পিয়ারসনের। সময় করেছেন ১২.৩৫ সে.। হারপারের তরী ডুবেছে তীরে গিয়ে (১২.৩৭)। ইভেন্টটির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফেবারিট হয়েই নেমেছিলেন পিয়ারসন।স্বভাবতই পিয়ারসনের আনন্দটাও ছিল বাঁধভাঙা। কথা বলতে গিয়ে বারবার কণ্ঠ ধরে আসছিল, ‘এই অনুভূতি কীভাবে প্রকাশ করব, আমি জানি না। এই সময়টা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। নিজেকে মুক্ত মনে হচ্ছে। গত দুই বছর আমি কঠোর পরিশ্রম করেছি।’পরিশ্রমের ফল পেয়ে পিয়ারসন তাকাচ্ছেন পেছনে। নিজের আদর্শ মানছেন স্বদেশি ক্যাথি ফ্রিম্যানকে, ২০০০ সিডনি অলিম্পিকে ৪০০ মিটারে সোনা জিতে যিনি দেশকে ভাসিয়েছিলেন গৌরবের আলোয়। সেই গৌরব এবার নিজের গায়ে মাখলেন পিয়ারসন। জয়তু পিয়ারসন! ওয়েবসাইট।