এক স্ট্রাইকারের জার্মান দল
১৮ বছর হয়ে গেছে, ইউরো জয়ই জার্মানির সর্বশেষ কোনো আন্তর্জাতিক শিরোপা । বিশ্বকাপে সাফল্যের গল্প আরও ছয় বছরের পুরোনো। ২৪ বছরের সেই আক্ষেপ ঘোচাতেই এবার ব্রাজিল যাচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চতুর্থ শিরোপার অভিযানে মাত্র একজন স্ট্রাইকার নিয়েই আটলান্টিক পাড়ি দিচ্ছেন জোয়াকিম লো। কাল ২৬ জনের দল থেকে তিনজনকে ছাঁটাই করে চূড়ান্ত দল ঘোষণা করেছেন জার্মানি কোচ। দলের একমাত্র স্ট্রাইকার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়াকে ‘পাখির চোখ’ করা মিরোস্লাভ ক্লোসা।
প্রাথমিক দলে থাকা অারেক ফরোয়ার্ড কেভিন ফোল্যান্ডসহ বাদ পড়েছেন দুই ডিফেন্ডার শকোদ্রান মুস্তাফি ও মার্সেল স্মেলজার। লেফটব্যাক স্মেলজার অবশ্য এখনো ভুগছেন হাঁটুর চোটে। বাদ পড়াদের জন্য সহানুভূতিই ঝরেছে লোর কণ্ঠে, ‘অবশ্যই শকোদ্রান, মার্সেল ও কেভিন হতাশ। ব্যাপারটা আমি বুঝি, কারণ ব্রাজিলে যাওয়ার আশাটা তারা করতেই পারত। তবে এই তিনজনেরই ভবিষ্যতে বড় বড় টুর্নামেন্টে খেলার সুযোগ আছে।’ পরশু ক্যামেরুনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম জাতীয় দলের জার্সি গায়ে ওঠানো লেফটব্যাক এরিক ডর্ম টিকে গেছেন।
লো ব্রাজিল যাচ্ছেন চোট-আঘাতে বিপর্যস্ত দল নিয়েই। গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও অধিনায়ক ফিলিপ লাম এখনো যুদ্ধ করছেন ফিটনেস ফিরে পেতে। চোটের সঙ্গে যুঝছেন প্লে-মেকার বাস্তিয়ান শোয়েনস্টেইগারও। তবে এসব নিয়ে চিন্তিত নন লো। এই দল নিয়ে বহুদূর যেতে চান গত বিশ্বকাপে জার্মানিকে সেমিফাইনালে নিয়ে যাওয়া কোচ, ‘প্রত্যেক খেলোয়াড়ের সামর্থ্যেই আমার শতভাগ আস্থা আছে। তারুণ্য, প্রতিভা ও অভিজ্ঞতার মিশেলে দারুণ এক দল আমাদের। এটা একটা ব্যালান্সড দল। প্রতিটি পজিশনেই দুজন করে খেলোয়াড় আছে। আমাদের খেলোয়াড়েরা লড়াকু, দলটাও লড়াকু। আমরা অনেক আত্মবিশ্বাস নিয়েই ব্রাজিলে যাব, কারণ আমাদের লক্ষ্যটা অনেক বড়।’
বিশ্বকাপে গ্রুপ ‘জি’-এ জার্মানিকে লড়তে হবে পর্তুগাল, যুক্তরাষ্ট্র ও ঘানার সঙ্গে। রয়টার্স।
জার্মানির বিশ্বকাপ দল
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, রোমান ভাইডেনফেলার, রন-রবার্ট জিলার।
ডিফেন্ডার: জেরোম বোয়াটেং, কেভিন গ্রসক্রটস, এরিক ডর্ম, বেনেডিক্ট হুভেডেস, ম্যাটস হামেলস, পার মার্টসেকার, ফিলিপ লাম।
মিডফিল্ডার: ইউলিয়ান ড্রেক্সলার, ম্যাথিয়াস গিন্টার, মারিও গোটশে, ক্রিস্টফ ক্রামার, স্যামি খেদিরা, টনি ক্রুস, টমাস মুলার, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি, মার্কো রয়েস, আন্দ্রে শুরলে, বাস্তিয়ান শোয়েনস্টেইগার৷
ফরোয়ার্ড: মিরোস্লাভ ক্লোসা।