এক হারই ঠেলে দিল প্লেট পর্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়মতো ক্রিজে পৌঁছাতে পারলেন না সাদমান ইসলাম। বাংলাদেশও পারল না কোয়ার্টার ফাইনালে যেতে । ছবি: আইসিসি
সময়মতো ক্রিজে পৌঁছাতে পারলেন না সাদমান ইসলাম। বাংলাদেশও পারল না কোয়ার্টার ফাইনালে যেতে । ছবি: আইসিসি

ডিসেম্বরের পর ফেব্রুয়ারি। এশিয়া কাপের পর বিশ্বকাপ। দিন গড়িয়েছে, টুর্নামেন্ট বদলেছে। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভাগ্য এতটুকু বদলায়নি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মতো যুবাদের বিশ্বকাপেও মাত্র একটি ম্যাচ হেরেই বিদায়ঘণ্টা বেজে গেল বাংলাদেশের। কাল আবুধাবিতে অস্ট্রেলিয়ার কাছে ৭৪ রানের হারেই কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের যুবাদের। দলটি এখন খেলবে সান্ত্বনাসূচক প্লেট পর্বে।
আফগানিস্তান নামিবিয়ার কাছে হেরে গেলে শেষ ম্যাচের হারও বাধা হতো না বাংলাদেশের শেষ আটের উত্তরণে। নামিবিয়ার ১৯২ রান ২৫.৩ ওভারেই আফগানরা টপকে যাওয়ার পরই শেষ ওই সুযোগ। ৫০ ওভারে অস্ট্রেলিয়ার করা ৬ উইকেটে ২৪৪ রান টপকে জিতে গেলে তো কথাই নেই বাংলাদেশের সামনে হেরে গিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ারও আরেকটি সুযোগ ছিল। সুযোগটা কাজে লাগাতে ২৩১ রান করলেই হতো। তাহলে রানরেটে অস্ট্রেলিয়ার ওপরেই থাকত দলটি। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪২ ওভারেই অলআউট হলো ১৭০ রানে।
তৃতীয় ওভারেই ১০ রানে নেই প্রথম উইকেট। এরপর সাদমান ইসলাম (৮১ বলে ৪৯) ও লিটন দাসের (৫৪ বলে ৪৩) ৭০ রানের জুটি ম্যাচে ভালোভাবেই রেখেছিল বাংলাদেশকে। ১২৮ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ার পরই মড়কের শুরু। শেষ ৭ উইকেট পড়ল মাত্র ৪৩ রানে। এর আগে ৬১ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়া ৬ উইকেটে করে ২৪৪ রান। সর্বোচ্চ অপরাজিত ৯৯ রানের ইনিংসটি জ্যাক ডোরানের।
২২ ফেব্রুয়ারি প্লেটের কোয়ার্টার ফাইনালে কানাডার সঙ্গে খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৪৪/৬ (ডোরান ৯৯*, গ্রেগরি ৪৮, শর্ট ৩৬; মুস্তাফিজুর ১/৪৮, হায়দার ১/৪৮, মেহেদী ০/২১, নিহাদুজ্জামান ২/৩২, মোসাদ্দেক ০/৪৯, রাহাতুল ০/৩৪)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪২ ওভারে ১৭০ (সাদমান ৪৯, জয়রাজ ১, লিটন ৪৩, মোসাদ্দেক ২৯, নাজমুল ৮, ইয়াসির ৭, মেহেদী ১২, হায়দার ০, রাহাতুল ৫, নিহাদুজ্জামান ২*, মুস্তাফিজুর ০; অ্যাশকেনাজি ৩/৩৩, অ্যান্ড্রুস ৩/৩৫, ওয়াকার ২/২০, স্ট্যানলেক ১/৩৪)।
ফল: অস্ট্রেলিয়া ৭৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জ্যাক ডোরান।