এক 'উড়ন্ত পাখি'র গল্প


ওয়েলস জাতীয় দলের সাবেক ফুটবলার ম্যাল হপকিন্সের বিখ্যাত উক্তি দিয়েই শুরু করা যেতে পারে, ‘তিনি ছিলেন এমন এক ফুটবলার, যিনি দারুণ কসরত ও জাদুকরী খেলায় সবাইকে মোহিত করতেন। হয়তো পেলের মতো প্রচার পাননি। তবে ছিলেন পেলের চেয়ে অনেক ভালো ফুটবলার।’ কাকে এত বড় সনদ দিলেন হপকিন্স?
তিনি কেউ নন, ব্রাজিলীয় কিংবদন্তি ম্যানুয়েল ফ্রান্সিসকো দস সান্তোস। নাম শুনে ভ্রু কুঁচকে গেল? যে নামে পরিচিতি পেয়েছিলেন, সেটিই বলা যাক— ‘গারিঞ্চা’। সতীর্থরা তাঁকে ডাকতেন ‘উড়ন্ত পাখি’ নামে। ১৯৫৮ সালের বিশ্বকাপে গারিঞ্চার বিপক্ষে হপকিন্সের খেলার সুযোগ হয়েছিল বলেই হয়তো এত বড় মন্তব্য করেছিলেন ওয়েলসের সাবেক খেলোয়াড়।
গারিঞ্চার জন্ম ১৯৩৩ সালের ২৮ অক্টোবর, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। পৃথিবীর আলো দেখার পরই নানা প্রতিবন্ধকতা অক্টোপাসের মতো কামড়ে ধরে তাঁকে। বাবা ছিলেন মাদকাসক্ত। এ ছাড়া জন্মের সময়ই শরীরে নানা সমস্যা দেখা দেয়। মেরুদণ্ড স্বাভাবিকের চেয়ে ছোট ছিল। ডান পা বাইরের দিকে বাঁকানো ছিল। বাম পা ছিল ছয় সেন্টিমিটার ছোট ও ভেতরের দিকে ঘোরানো। এমন শারীরিক সীমাবদ্ধতার পরও তিনি খেলবেন ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে, ভাবা যায়! তীব্র ইচ্ছাশক্তি ও প্রবল মনোবলের কাছে হার মেনেছে যাবতীয় শারীরিক সীমাবদ্ধতা। শারীরিক অক্ষমতাকে তুড়ি মেরে উড়িয়ে ফুটবল খেলেছেন একাগ্রচিত্তে।

গারিঞ্চার ক্লাব ফুটবলে অভিষেক ১৯৫৩ সালে। প্রথম ক্লাব— ব্রাজিলের বোতাফোগো। ক্লাব অভিষেক নিয়েও একটা গল্প রয়েছে। প্রথমে ক্লাবের কর্মকর্তারা গারিঞ্চাকে দেখে নাকি ভেবেছিলেন, তাঁর বয়স ১৮ বছরের কম! কেননা তিনি দেখতে ছিলেন ছোটখাটো। তবে ক্লাবের অনুশীলনে তাঁর দুর্দান্ত নৈপুণ্য দেখে সবার চক্ষু চড়কগাছ! বিশেষ করে যখন ওই সময়ের ব্রাজিল জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার নিয়োতন সান্তোসের দুই পায়ের ফাঁক গলে অসাধারণ ড্রিবলিং করে বল নিয়ে গোল দেন, দেখে তো উপস্থিত সবাই বিস্ময়ে বিমূঢ়। পরবর্তী সময়ে গারিঞ্চাকে জাতীয় দলে আনতে বিশেষ ভূমিকা রাখেন সান্তোস। ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় খেলেন বোতাফোগো ক্লাবে। এ ক্লাবের জার্সি গায়ে ৫৮১ ম্যাচে গোল করেন ২৩২। সংগতকারণেই ক্লাব ‘আইকনে’ পরিণত হতে এতটুকু বেগ পেতে হয়নি।
‘সেলেসাও’দের জার্সি প্রথম গায়ে ওঠে ১৯৫৫ সালে। তবে সবাই তাঁকে মনে রাখবে ১৯৫৮ ও ১৯৬২ সালের বিশ্বকাপের অসাধারণ পারফরম্যান্সের কারণে। গারিঞ্চা ও পেলে, দুজনেরই অভিষেক হয় ১৯৫৮ বিশ্বকাপে। সে সময় দুইয়ের যুগলবন্দী প্রতিপক্ষের হূত্কম্প বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। যে কটি ম্যাচে গারিঞ্চা ও পেলে একসঙ্গে খেলেছেন, সবগুলোয় জিতেছে ব্রাজিল। ১৯৫৮ বিশ্বকাপে অসাধারণ ড্রিবলিং, দারুণ পাসিং দক্ষতা অনন্য উচ্চতায় নিয়ে যায় গারিঞ্চাকে। এর পরই পরিচিত হন ‘উড়ন্ত পাখি’ হিসেবে। ইনজুরির কারণে ১৯৬২ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে খেলতে পারেননি পেলে। প্রায় একক নৈপুণ্যেই সেবার দলকে বিশ্বকাপ জেতান গারিঞ্চা। ওই বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ দুটোই জেতেন এ ব্রাজিলীয় কিংবদন্তি।
গারিঞ্চার এর পরের গল্পটা অবশ্য হতাশাজনক। মাঠের বাইরে ভীষণ মাদকাসক্ত হয়ে পড়েন। একই সঙ্গে অনিয়ন্ত্রিত জীবন যাপনের ফলে পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই নিম্নমুখী হতে থাকে। অ্যালকোহলের কারণে নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হন। আর যেন পেরে উঠতে পারছিলেন না। অতঃপর ১৯৭৩ সালে অবসর নেন। অবসরের পর পেলে বলেছিলেন, ‘গারিঞ্চা অসাধারণ এক খেলোয়াড়। ছিলেন সময়ের অন্যতম সেরা। বল পায়ে তিনি যা করতে পারতেন, আর কোনো খেলোয়াড় তা করতে পারত না।’
অতিরিক্ত সুরাসক্তির কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যকৃত। দেহগড়িটা অবশেষে থেমে যায় ১৯৮৩ সালের ২০ জানুয়ারি। তাঁর মৃত্যুর পর পেলে বলেছিলেন, ‘গারিঞ্চা ব্যতীত আমরা কখনোই তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতাম না।’ জাদুকরী খেলায় মানুষকে যিনি মোহাচ্ছন্ন করেছেন মুহূর্তের পর মুহূর্ত, সেই গারিঞ্চার ৩১তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।