এক 'যুদ্ধ' জয়, আরেক যুদ্ধে আত্মসমর্পণের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম টেস্ট সেঞ্চুরির উচ্ছ্বাসে কিথুরুয়ান ভিথানাগে বুকে জড়িয়ে নিলেন অভিনন্দন জানাতে আসা মাহেলা জয়াবর্ধনেকে। পরে জয়াবর্ধনেও পেয়ে যান উদ্যাপনের উপলক্ষ। করেছেন ক্যারিয়ারের সপ্তম এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি। কাল মিরপুর স্টেডিয়ামে । ছবি: শামসুল হক
প্রথম টেস্ট সেঞ্চুরির উচ্ছ্বাসে কিথুরুয়ান ভিথানাগে বুকে জড়িয়ে নিলেন অভিনন্দন জানাতে আসা মাহেলা জয়াবর্ধনেকে। পরে জয়াবর্ধনেও পেয়ে যান উদ্যাপনের উপলক্ষ। করেছেন ক্যারিয়ারের সপ্তম এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি। কাল মিরপুর স্টেডিয়ামে । ছবি: শামসুল হক

তৃতীয় দিন শেষে
বাংলাদেশ: ২৩২ ও ৩৫/১
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৩০/৬ ডি.
দুপুরের দিকে তিন বোর্ড পরিচালক প্রেসবক্সে হাজির। দুবাই থেকে আগের দিন ‘যুদ্ধ জয়ের’ খবর এসেছে। সেটারই আরও চুলচেরা বিশ্লেষণ চলল। আইসিসির সভা শেষ করে আজ ‘বিজয়ীর বেশে’ দেশে ফিরবেন বিসিবি সভাপতি। তাঁর ‘যুদ্ধজয়’-পরবর্তী সংবাদ সম্মেলনের স্থান-কাল নিয়েও আলোচনা হলো বোর্ড কর্মকর্তাদের প্রেসবক্স সফরে।
গত কয়েক দিনের ‘টক অব দ্য কান্ট্রি’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ। তবে সে আলোচনার দিকে তাকিয়ে বড় বাঁকা হাসি হাসছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টটা। প্রথমে ব্যাটিং ব্যর্থতা, পরে নির্বিষ বোলিংয়ের সঙ্গে পিচ্ছিল ফিল্ডিং মিলিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের এখন দম বন্ধ হয়ে আসার জোগাড়। দুবাইয়ের আপাতত সুখবরও তাতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারছে না।
কৌশল সিলভার সেঞ্চুরির পর কাল মাহেলা জয়াবর্ধনের ডাবল সেঞ্চুরি আর কিথুরুয়ান ভিতানাগের সেঞ্চুরি শ্রীলঙ্কাকে বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরেই নিয়ে গেছে বলা যায়। ৬ উইকেটে প্রথম ইনিংসের রান ৭৩০, ২০১২ সালের নভেম্বরে খুলনায় করা ওয়েস্ট ইন্ডিজের ৬৪৮ রান টপকে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের ইনিংস সর্বোচ্চ। বাংলাদেশকে সামনে পেলেই শ্রীলঙ্কা রাবণের মতো ভয়ংকর হয়ে ওঠে, এ তো আর নতুন কিছু নয়। কিন্তু চোখের সামনে ওই ব্যাটিং দেখেও যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছু শেখে না, এটাই পোড়ায় দেশবাসীকে। নইলে দিনের শেষ বেলায় ৯ ওভার ব্যাটিং করেই কেন ১ উইকেট যাবে! কেনইবা রঙ্গনা হেরাথের প্রথম ওভারেই অমন ডাউন দ্য উইকেটে হাঁকাতে গিয়ে নত মাথায় ড্রেসিংরুমে ফিরবেন তামিম ইকবাল?
বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা মানেই কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনের পর্বত হয়ে দাঁড়ানো। সাঙ্গাকারাকে এবার ঠেকানো গেছে, কিন্তু জয়াবর্ধনেকে গেল না। আগের দিন ৪২ রানে অপরাজিত ছিলেন। কাল আরও ১৬১ রান করে পূর্ণ করে ফেললেন ক্যারিয়ারের সপ্তম এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি। এক দিক দিয়ে অবশ্য এখনো জয়াবর্ধনের চেয়ে এগিয়ে সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে তাঁর ডাবল সেঞ্চুরি দুটি এবং দুটিতেই ছিলেন অপরাজিত।

কাল জয়াবর্ধনেও অবশ্য ২০৩ রান করে অপরাজিতই থাকলেন। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৭৯ রানের জুটি, সপ্তম উইকেটে ভিতানাগের সঙ্গে আরও ১৭৬ রান যোগ করে বাংলাদেশের সামনে রানের এভারেস্ট গড়লেন তিনিই। ভিতানাগের সেঞ্চুরিটার একটা মাহাত্ম্য আছে। গত বছর গল আর কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলে করেছিলেন ৭১ রান। সেই বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটা করে নিলেন বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে এই টেস্টেই প্রথম সেঞ্চুরি করা কৌশল সিলভার মতো ভিতানাগের জন্যও তাই স্মরণীয় হয়ে থাকবে এবারের বাংলাদেশ সফর।
উল্টো দিকে বাংলাদেশ দল? তারা হয়তো এই টেস্টের প্রতিটি বলই ভুলে যেতে চাইবে। ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিল শেষে কাল বোলার-ফিল্ডারদের হাল ছেড়ে দেওয়া শরীরি ভাষাই দেখল মাঠের হাজার দুয়েক দর্শক। বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেন ফিরে গেল সেই আগের যুগে, যখন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ব্যাটিং ‘উপভোগ’ করা ছাড়া আর কোনো কাজ থাকত না বাংলাদেশি বোলার-ফিল্ডারদের। অধিনায়ক মুশফিকুর রহিম আট বোলার ব্যবহার করেছেন, সাকিবসহ যার চার জনই দিয়েছেন এক শ’র বেশি রান। ক্যাচ পড়ার ধারাবাহিকতা তৃতীয় দিনেও ধরে রাখলেন আগেই তিন ক্যাচ ফেলা মুশফিকুর রহিম। কাল ছাড়লেন মার্শাল আইয়ুবের বলে ম্যাথুসের সহজ ক্যাচটি। আম্পায়ারদের ভুলের ধারাবাহিকতাও থাকল যথারীতি। যদিও সেসব চাপা পড়ে গেছে বোলার-ফিল্ডারদের ব্যর্থতায়।
টেস্টে বাংলাদেশের সর্বশেষ হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩৫ রানে। আছে এর আগের বছর ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটের হারও। সাম্প্রতিক কালে বাংলাদেশের বড় হারের আলোচনায় এ দুটি টেস্ট এলেও ২০১১-এর ডিসেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের কাছে ইনিংস ও ১৮৪ রানে হারের পর আর ইনিংস ব্যবধানে হারেনি বাংলাদেশ। চলমান ঢাকা টেস্ট আবারও দিচ্ছে সেই চোখ রাঙানি। ইনিংস পরাজয় এড়াতে হাতে থাকা ৯ উইকেট নিয়ে এই টেস্টে আরও ৪৬৩ রান করতে হবে। ওই অসম্ভবকে সম্ভব করতে পারলে এই টেস্টে হারলেও সেটি হবে ‘গৌরবের’। যদিও বাস্তবতা, পাঁচ দিনের টেস্ট অস্তাচলে ঢলে পড়েছে তৃতীয় দিন শেষেই।