একই আঙিনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠ যেন সত্যিই আপন করে নিয়েছে অ্যান্ড্রু স্ট্রাউসকে। ২০০৪ সালে এখানেই টেস্ট অভিষেক লর্ডসে, এখানেই আজ খেলতে নামছেন শততম টেস্ট। লর্ডসে অভিষেক ও শততম টেস্ট খেলা প্রথম ক্রিকেটার হয়ে যাচ্ছেন। ১০০ টেস্ট খেলেছেন এখন পর্যন্ত ৫২ জন, কিন্তু একই মাঠে অভিষেক ও শততম টেস্ট খেলার সৌভাগ্য হয়েছে আর মাত্র পাঁচজনের। মেলবোর্ন ক্রিকেট মাঠে অভিষেক ও শততম টেস্ট খেলেছিলেন অ্যালান বোর্ডার, জাভেদ মিয়াঁদাদ লাহোরে, সেঞ্চুরিয়নে শন পোলক, ক্যান্ডিতে চামিন্ডা ভাস। কার্ল হুপারের এই তালিকায় ঢোকা আবার মহাকাকতালীয়। সাবেক উইন্ডিজ অধিনায়ক দেশের বাইরের এক মাঠে খেলেছিলেন অভিষেক ও শততম টেস্ট, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে! আজ টেস্ট অধিনায়কত্বের ফিফটি হচ্ছে স্ট্রাউসের, অধিনায়কত্বের অভিষেকও এখানেই। একই মাঠে প্রথম ও ৫০তম টেস্টে নেতৃত্ব দিতে পেরেছেন আর কেবল অ্যালান বোর্ডার, অ্যাডিলেডে।