একই গ্রুপে আবাহনী-মোহামেডান
ড্রয়ের পাত্র থেকে সবার আগে রহমতগঞ্জের নামটি তুললেন টিটি তারকা জোবেরা রহমান লিনু। ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্যদূত লিনুর মতো অন্য পাত্র থেকে বিজেএমসির নাম ওঠালেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। মৌসুমের প্রথম টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে কাল বাফুফে ভবনে হয়ে গেল ড্র। এবার গ্রুপ পর্বেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব আবাহনী ও মোহামেডান।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২১ নভেম্বর শুরু ফেডারেশন কাপ। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। ৬ ডিসেম্বর ফাইনাল।
গত মৌসুমে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিল আবাহনী। আর মোহামেডান ছিটকে পড়েছিল সেমিফাইনালে। আবাহনীকে এবারও বড় পরীক্ষা দিতে হচ্ছে শুরু থেকেই। এই গ্রুপের অন্য দলটি রহমতগঞ্জ। গত মৌসুমের ট্রেবলজয়ী শেখ রাসেলের গ্রুপে আছে মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনী। ফেডারেশন কাপের রানার্সআপ শেখ জামালের গ্রুপে ফেনী সকার ও উত্তর বারিধারা। আর বিজেএমসি ও ব্রাদার্সের সঙ্গী হবে বিকেএসপি ও পুলিশের আজকের প্লে-অফ ম্যাচের জয়ী দলটি। বরাবরের মতো এবারও বৈষম্যের শিকার হতে হচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগ ও সার্ভিসেস দলগুলোকে। অন্যরা পুরো শক্তির দল নিয়ে খেললেও বিদেশি খেলোয়াড় ছাড়াই টুর্নামেন্টে খেলতে হবে রহমতগঞ্জ, বিকেএসপি ও বাংলাদেশ পুলিশকে। গত মৌসুমে টুর্নামেন্ট শুরুর আগে হয়েছিল ফেডারেশন শিল্ড। সেখান থেকেই বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠে চ্যাম্পিয়নশিপ লিগ ও ঢাকার বাইরের দলগুলো। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণেই এই দলগুলো ফেডারেশন কাপে খেলার আগ্রহ দেখায়নি এবার। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ ৩ লাখ। সেরা খেলোয়াড়কে দেওয়া হবে মোটরসাইকেল। ম্যাচসেরাদের জন্য উপহার হিসেবে থাকছে পৃষ্ঠপোষক ওয়ালটনের গৃহস্থালি বিভিন্ন পণ্য। প্রতি ম্যাচের ভাগ্যবান দর্শকের জন্যও মোবাইল ফোনসেটের ব্যবস্থা করেছে ওয়ালটন।
গ্রুপিং ও সূচি
গ্রুপ ১: শেখ জামাল, ফেনী সকার, উত্তর বারিধারা।
গ্রুপ ২: শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী।
গ্রুপ ৩: বিজেএমসি, ব্রাদার্স, প্লে-অফে জয়ী দল।
গ্রুপ ৪: আবাহনী, মোহামেডান, রহমতগঞ্জ।
তারিখ ম্যাচ সময়
২১ নভেম্বর আবাহনী-রহমতগঞ্জ ৩-৪৫ মি.
শেখ জামাল-উত্তর বারিধারা সন্ধ্যা ৬টা
২২ নভেম্বর বিজেএমসি-প্লে-অফের জয়ী ৩-৪৫ মি.
শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী সন্ধ্যা ৬টা
২৩ নভেম্বর ফেনী-উত্তর বারিধারা ৩-৪৫ মি.
মোহামেডান-রহমতগঞ্জ সন্ধ্যা ৬টা
২৪ নভেম্বর ব্রাদার্স-প্লে-অফের জয়ী ৩-৪৫ মি.
মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম আবাহনী সন্ধ্যা ৬টা
২৫ নভেম্বর শেখ জামাল-ফেনী সকার ৩-৪৫ মি.
আবাহনী-মোহামেডান সন্ধ্যা ৬টা
২৬ নভেম্বর শেখ রাসেল-মুক্তিযোদ্ধা ৩-৪৫ মি.
ব্রাদার্স-বিজেএমসি সন্ধ্যা ৬টা
l সূচি শুধু গ্রুপ পর্বের। l সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে