একই ছন্দে রিয়াল-রোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়ি দিন আগে জোড়া গোল করে দলকে জিতিয়েও ভিলেন বনে গিয়েছিলেন লাল কার্ড দেখায়। তবে পরশু জোড়া গোল করে নায়ক হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, এবার তিনি নিষ্কলুষ। তাঁর জোড়া গোলের সুবাদে জেরেজকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় গোলটি করেছেন আরবেলোয়া। বড় জয়। তবে পয়েন্ট তালিকার সবার নিচে থাকা দলটির বিপক্ষে প্রথমার্ধটা কিন্তু সাদামাটাই কেটেছে রিয়ালের। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।রিয়াল-জেরেজ ম্যাচের প্রথমার্ধ দেখে দুই দলের শক্তির যে এতটা ব্যবধান, তা বোঝাই যায়নি। রিয়াল একটি আক্রমণ করেছে তো পাল্টা আক্রমণে এর জবাব দিয়েছে জেরেজ। তবে একবার ভাগ্য গোলবঞ্চিত করেছে রিয়ালকে, রোনালদোর শট ফিরেছে বারে লেগে। এমন ভাগ্যের ফাঁদে বাঁধা পড়েছে জেরেজও। জেরোনিমো মমেসের বল ফিরে এসেছে রিয়ালের বারে লেগে। কিন্তু দ্বিতীয়ার্ধে রিয়াল দেখা দেয় আসল রূপে। ৭ মিনিটের এক ঝড়ে জেরেজকে বিধ্বস্ত করে দেয় তারা। ৬৪ মিনিটে প্রথম গোলটি করেছেন আরবেলোয়া। ৬৯ ও ৭১—দুই মিনিটের মধ্যে দুই গোল করেছেন রোনালদো। প্রথমটি দারুণ এক হেডে এবং দ্বিতীয়টি করেন দুরূহ কোণ থেকে গোলরক্ষককে পরাস্ত করে। রোনালদোর দুটি গোলেরই উত্স ছিলেন কাকা।এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে এএস রোমার জয়রথ ছুটছেই। পরশু তারা নিজেদের মাঠে উড়িয়ে দিয়েছে পালের্মোকে। মাত্তেও ব্রিগির জোড়া গোল এবং হুলিও ব্যাপটিস্টা ও জন আর্নে রিসার একটি করে গোল মিলে সিসিলিয়ান ক্লাবটিকে রোমা হারিয়েছে ৪-১ ব্যবধানে।ক্লদিও রানিয়েরির দলের এখন সুসময়। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ কুড়ি ম্যাচে কোনো পরাজয় নেই তাদের। পরশুর জয় নিয়ে কুড়ি ম্যাচে জয় তাদের ১৭টি, বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র। এ জয় এক দিনের ব্যবধানে আবার রোমাকে নিয়ে তুলেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট তাদের। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। আর তৃতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৪৫। দুই মিলানই রোমার চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে। এএফপি।