একই জায়গায় ‘তিন ভাই’
কোনো অঘটন নয়। বাংলাদেশ লিগে কাল বড় দুই দলই জিতেছে। কক্সবাজারে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডির জয় ২-০ গোলে। ঢাকায় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফেনী সকারকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।কাকতালীয় ব্যাপার, পয়েন্ট তালিকায় এখন ‘তিন ভাই’ই একই জায়গায় দাঁড়িয়ে। ৭ ম্যাচে শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী, শেখ জামাল ও শেখ রাসেলের পয়েন্ট সমান ১৪। এই তিন দলের ওপরে আছে শুধু মুক্তিযোদ্ধা, ৭ ম্যাচে যাদের পয়েন্ট ১৬। এ ছাড়া সমান ম্যাচ খেলে মোহামেডানের পয়েন্ট ১২।শেখ জামালের কালকের দুই গোলের একটি করেছেন এমিলি। ৪২ মিনিটে পাওয়া এই গোলটিই এবারের বাংলাদেশ লিগে তাঁর প্রথম গোল। ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচে প্রথম বিভাগের দল ইয়াংমেন্সের বিপক্ষে শেখ জামালের পাওয়া ৩-০ গোলের জয়ে এমিলির গোল ছিল দুটি। এরপর ফেডারেশন কাপে চার ম্যাচ এবং লিগে ছয় ম্যাচ পর গোলের দেখা পেলেন। লিগে অবশ্য একটি ম্যাচে খেলেননি তিনি। ভুলে যাওয়া গোলের রাস্তা কাল এমিলি চিনলেন বড় ভাই শাকিলের ক্রস থেকে প্লেসিং করে। ফোনে বললেন, ‘একটা গোল পাওয়া দরকার ছিল। সেটি পাওয়ায় আশা করি নিয়মিতই গোল পেতে থাকব।’ শক্ত খটখটে মাঠে শেখ জামালের জয়টা নিশ্চিত হয়েছে অবশ্য অনেক পরে। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে ২-০ করেন ক্যামেরুনিয়ান মিডফিল্ডার মোডো। এর আগে কক্সবাজারে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করা শেখ জামাল এবার জয় নিয়ে ফিরতে পেরে খুশি। অন্য সব দল বাসে কক্সবাজার গেলেও শেখ জামাল যায় বিমানে। জয় পাওয়ার বাড়তি একটা চাপ থাকেই। চাপটা নতুন কোচ পাকির আলীর ওপরও। সেই চাপ জয় করে কোচ পাকির আলী এটা নিয়ে জিতলেন টানা তৃতীয় ম্যাচ। শেখ রাসেল জয় নিশ্চিত করে ফেলে ম্যাচের প্রথম ১০ মিনিটেই। ক্যামেরুনিয়ান মিডফিল্ডার চার্লস ৫ ও ৮ মিনিটে দুই গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন ফেনী সকারকে। দ্বিতীয় গোলটি ছিল পেনাল্টি থেকে। ৭৩ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন মোনায়েম খান। আজকের খেলা : ফরাশগঞ্জ-রহমতগঞ্জ (৪টা, কমলাপুর স্টেডিয়াম), চট্টগ্রাম আবাহনী-ব্রাদার্স (২টা ৪৫ মি., কক্সবাজার স্টেডিয়াম)।