একই দলে পেলে-ম্যারাডোনা-মেসি!

ভাবুন একবার, মাঝমাঠে জিদানের কাছ থেকে বল পেলেন ডিয়েগো ম্যারাডোনা। একজনকে কাটিয়ে বল বাড়ালেন পেলের দিকে। পেলের পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়ালেন লিওনেল মেসি। ঘটনাটা যে অবিশ্বাস্য, সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। কিন্তু দর্শকদের সত্যিই এমন আমেজই দিতে যাচ্ছে ইংল্যান্ডের ছোট্ট ক্লাব ফার্নবোরো। জার্সিতে কিংবদন্তি সব ফুটবলারের নাম লিখেই মাঠে নামবেন ক্লাবটির সদস্যরা। এজন্য এবারের মৌসুম শুরুর আগে নিজেদের নামও বদলে ফেলেছেন তাঁরা।
নতুন চেহারার এই ফার্নবোরো ক্লাবে খেলতে দেখা যাবে লোথার ম্যাথউস, পাওলো মালদিনি, কাফু, বেকেনবাওয়ার, জিদান, পেলে, ম্যারাডোনা, মেসি, গ্যারি লিনেকারদের! অন্তত খেলোয়াড়দের জার্সিতে থাকবে এই সব কিংবদিন্ত খেলোয়াড়ের নাম। দলের সব খেলোয়াড়ই মাঠের অবস্থান অনুযায়ী বদলে নিয়েছেন নিজেদের নাম। বাদ যাননি ম্যানেজার, কোচরাও। ফার্নবোরোর ম্যানেজার হিসেবে থাকবেন যিনি, তিনি নাম পাল্টে করেছেন হোসে মরিনহো! আর কোচ নির্বাচন করা হয়েছে ‘অ্যালেক্স ফার্গুসন’কে।
ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা জেনে অখুশি হবেন, এই সেরাদের দলে জায়গা হয়নি পর্তুগিজ তারকার। মানে এই নামে কোনো খেলোয়াড়ের জার্সি দেখা যাবে না।
বিচিত্র এই কাণ্ডটির মূল পরিকল্পনাটা এসেছে ক্লাবের নতুন স্পনসরের মাথা থেকে। দর্শকেরা এর মাধ্যমে অনেক বিনোদিত হবে বলেই আশা করছেন ক্লাবের সহকারী ম্যানেজার জেমস ডায়ান। যিনি নিজের নাম পাল্টে রেখেছেন প্যাডি পাওয়ার। কারণ তাঁর মতে, অনেক টাকা খরচ করে ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর খেলা দেখতে না গিয়ে এখানেই ফুটবলের অনেক কিংবদন্তিকে একসঙ্গে খেলতে দেখার স্বাদ নিতে পারবেন দর্শকেরা, ‘এখনকার সময়ে টিকিটের দাম অনেক চড়া। ফুটবলভক্তরা এখন ন্যু ক্যাম্পের কথা ভুলে গিয়ে প্যাডি পাওয়ার পার্কে আসতে পারেন বিশ্বের সেরা সব খেলোয়াড়কে একসঙ্গে দেখার জন্য।’
তবে একটা বড় সমস্যা এখনো থেকেই গেছে ফার্নবোরোর। ১০ নম্বর জার্সিটি কাকে দেওয়া হবে, সেটা নিয়ে। মেসি, ম্যারাডোনা, পেলে, জিদান, লোথার ম্যাথাউস—সবাই তাঁদের খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন ১০ নম্বর জার্সিটা। কিন্তু ফার্নবোরোর এই দলে ১০ নম্বর জার্সিটা কার গায়ে উঠবে, সেটা এখনো ঠিক করে উঠতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। আপাতত ‘ম্যারাডোনা’ই ব্যবহার করছেন জার্সিটা। কিংবদন্তিদের এই নামের তালিকায় শুধু একটা নামই বেমানান। দলের এক ডিফেন্ডারের যে আদর্শ হিসেবে চেলসি অধিনায়ক জন টেরিই পছন্দ!
ইংল্যান্ডের ষষ্ঠ সারির দল ফার্নবোরো এরই মধ্যে জার্সিতে আসল নামের বদলে কিংবদন্তি খেলোয়াড়দের নাম ব্যবহারের অনুমোদন দেয়ে আঞ্চলিক ফুটবল সংস্থার কাছে আবেদনও করেছে।
নতুন চেহারার ফার্নবোরো ক্লাব (বন্ধনীতে আসল নাম)
গোলরক্ষক: গর্ডন ব্যাঙ্কস (কেভিন স্ক্রিভেন)
ডিফেন্ডার: লোথার ম্যাথাউস (জসুয়া হাগিনস)
ডিফেন্ডার: রবার্তো কার্লোস (অলিভার ট্রেচার)
ডিফেন্ডার: পাওলো মালদিনি (অ্যাডাম ডোয়েল)
ডিফেন্ডার: অ্যালান হানসেন (অ্যালান ইনস)
ডিফেন্ডার: কাফু (পল মাসাকোই)
ডিফেন্ডার: জন টেরি (জিব্রিল ফোফানা)
ডিফেন্ডার: ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (থমাস ম্যাকগ্যারি)
মিডফিল্ডার: জর্জ বেস্ট (রিসে জোনস)
মিডফিল্ডার: পল গ্যাসকোয়েন (স্টিফেন ল্যাডলার)
মিডফিল্ডার: জিনেদিন জিদান (ম্যারিক জেমস-লুইস)
মিডফিল্ডার: ইয়োহান ক্রুইফ (টেরোন ব্যারি)
স্ট্রাইকার: লিওনেল মেসি (ড্যানিয়েল বেনেট)
স্ট্রাইকার: গ্যারি লিনেকার (রিসে কনোলি)
স্ট্রাইকার: ডিয়েগো ম্যারাডোনা (ডেভিড টারপে)
স্ট্রাইকার: পেলে (এলভিস হ্যামন্ড)
ম্যানেজার: হোসে মরিনহো (স্পেনসার ডে)
সহকারী: প্যাডি পাওয়ার (জেমস ড্যানান)
কোচ: স্যার অ্যালেক্স ফার্গুসন (সিমন গার্ডেনার)