একই দিনে নাদাল-শারাপোভা
একই দিনে শিরোপা জিতেও ভিন্ন অনুভূতি রাফায়েল নাদাল ও মারিয়া শারাপোভার। সপ্তমবারের মতো বার্সেলোনা ওপেন জিতে নাদাল ভাসছেন রেকর্ড গড়ার আনন্দে। রেকর্ডটা উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে সাতবার দুটি টুর্নামেন্ট জয়ের। অন্যদিকে স্টুটগার্টের ডব্লুটিএ শিরোপা জিতে শারাপোভা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। অবশেষে বেরোতে পারলেন ফাইনালে হারের বৃত্ত থেকে!নাদাল গত সপ্তাহেই নোভাক জোকোভিচকে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মতো জিতে নেন মন্টে কার্লো মাস্টার্স। পরশু স্বদেশি ডেভিড ফেরারকে ৭-৬ (৭/১), ৭-৫ গেমে হারিয়ে জিতলেন বার্সেলোনা ওপেন। এই নিয়ে এখানে টানা চারটি ফাইনালে নাদালের কাছে হারলেন ফেরার। নাদাল এই টুর্নামেন্টে আটবার অংশ নিয়ে জিতলেন সাতবার। এখানে তাঁর একমাত্র হার সেই ২০০৩ সালে, স্বদেশি অ্যালেক্স করেতজার কাছে। পরশুর জয়টি ছিল রিয়াল ক্লাব ডি টেনিসে বিশ্বের দুই নম্বর খেলোয়াড়ের টানা ৩৪তম জয়। ক্যারিয়ারে ৪৮টি শিরোপা জেতা লাল দুর্গের রাজা নাদালের এটা ৩৪তম ক্লে-কোর্ট শিরোপা।হারলেও দারুণ লড়েছেন ফেরার। তাই নাদালও অকুণ্ঠ প্রশংসা করেছেন ফেরারের, ‘সন্দেহ নেই, ক্লে মৌসুম শুরু হওয়ার পর এটাই আমার সবচেয়ে কঠিন ম্যাচ। শিরোপাটা ডেভিডেরই পাওনা ছিল। তবে আজ ভাগ্য আমার সহায় ছিল।’ এই কথারই যেন প্রতিদান দিলেন ফেরার, ‘রাফা তো রাফাই। দুর্দান্ত। ওর কাছে চারবার ফাইনালে হেরেছি। আমি সব সময় এই কিংবদন্তির কাছেই হারছি।’জার্মানির স্টুটগার্টে চোটে জেরবার ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে বছরে নিজের প্রথম শিরোপা জিতেলেন শারাপোভা। পরশুর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালসহ বিশ্বের এক নম্বর খেলোয়াড় আজারেঙ্কার কাছে দুটি ও আগ্নিওয়াস্কা রাদওয়ানস্কার কাছে একটি ফাইনালে হেরেছেন। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে ক্লে-কোর্টের এই টুর্নামেন্ট জিতে বেশ খুশি শারাপোভা। ক্যারিয়ারের ২৫তম শিরোপা জিতলেন ফাইনাল-কুফা কাটিয়ে। জয়ের চেয়েও তাই বেশি স্বস্তি লাগছে বিশ্বের দুই নম্বর তারকার, ‘এত এত পরিশ্রম করে ফাইনালে উঠে হারাটা অবশ্যই হতাশাজনক। আজ তাই ভাগ্যের পরিবর্তনটা ভালোই লাগছে।’ মাত্র ৮৪ মিনিটেই আজারেঙ্কাকে হারিয়ে ১ লাখ ১৫ হাজার ডলারের পাশাপাশি ঝা-চকচকে একটি পোরশে গাড়িও পেয়েছেন শারাপোভা। এএফপি, রয়টার্স।