একই পথে বার্সা-অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির অভিব্যক্তিই বোঝাচ্ছে, রাতটা মনের মতো হয়নি। বার্সাকে যে রুখে দিয়েছে লেভান্তে! ।  এএফপি
মেসির অভিব্যক্তিই বোঝাচ্ছে, রাতটা মনের মতো হয়নি। বার্সাকে যে রুখে দিয়েছে লেভান্তে! । এএফপি

পৃথক যাত্রায় একই ফলই হলো বার্সা-অ্যাটলেটিকোর। পরশু লা লিগায় দুই দলই হোঁচট খেয়েছে। লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা, সেভিয়া-অ্যাটলেটিকোর স্কোরলাইনও তা-ই। আর এতে আসল লাভটা হয়েছে রিয়াল মাদ্রিদের, বার্সা-অ্যাটলেটিকোর সঙ্গে তাদের ব্যবধান এখন এক পয়েন্ট। বার্সার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে অ্যাটলেটিকো।
নতুন বছরে লা লিগায় প্রথমবারের মতো শুরু থেকে খেললেন মেসি। কিন্তু বার্সা যেন ঠিক বার্সার মতো খেলতে পারল না। মেসিও খানিকটা আড়ষ্ট ছিলেন। পুরো ম্যাচ খেলেও গোল করতে পারেননি, যদিও সরাসরি তাঁকে দুবার গোলবঞ্চিত করেছেন লেভান্তে গোলরক্ষক। অথচ ন্যু ক্যাম্পে আগের সাক্ষাতে লেভান্তেকে গুনে গুনে সাত গোল দিয়েছিল বার্সা। সেই লেভান্তেকেই নিজেদের মাঠে পরশু দেখা গেল অন্য রকম।
১১ মিনিটেই লুকাস ভিন্ত্রা কর্নার থেকে হেড করে এগিয়ে দেন স্বাগতিকদের। ৯ মিনিট পরই সমতা ফেরায় বার্সা, প্রায় একইভাবেই। এবার জাভির কর্নার থেকে গোল করেন জেরার্ড পিকে।
গোল অবশ্য আরও পেতে পারত বার্সা। কিন্তু লেভান্তে গোলরক্ষক কেইলর নাভাস যেন অতিমানব হয়ে দাঁড়িয়েছিলেন। মেসি, ফ্যাব্রিগাস, তেয়োকে হতাশ করেছেন দারুণ সব সেভ করে। শেষ পর্যন্ত পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসিদের।
মেসি অবশ্য মন্দভাগ্যকেই দুষছেন, ‘ভাগ্য আমাদের সহায় ছিল না।’ তবে মার্টিনো উদ্বেগের কারণ দেখছেন না, ‘ফিনিশিংয়ের বিচারে এটা হয়তো আমাদের সেরা ম্যাচ ছিল না। তবে দল খারাপ খেললে আমি চিন্তিত হতাম। সে জন্যই এই ড্রয়ের পর আমি খুব বেশি উদ্বিগ্ন নই, কারণ আমি জানি পরের দশ ম্যাচের নয়টিই আমরা জিতব।’ লা লিগার যে অবস্থা, তাতে একটা ম্যাচে হোঁচট খাওয়ার মূল্য হতে পারে অনেক।
পরশু রাতটা হতে পারত অ্যাটলেটিকোর। সেভিয়ার বিপক্ষে জয় পেলেই এককভাবে শীর্ষে চলে যেত ডিয়েগো সিমিওনের দল। ১৮ মিনিটে ডেভিড ভিয়া গোল করে সেই স্বপ্নই দেখাচ্ছিলেন ভিসেন্তে ক্যালদেরনকে। কিন্তু ম্যাচের ৭৩ মিনিটে সেভিয়া পেয়ে যায় পেনাল্টি। গোল করে সমতা ফেরান ইভান রাকিটিচ। শেষদিকে দশজন নিয়েও খেলতে হয়েছে সেভিয়াকে, কিন্তু অ্যাটলেটিকো জয়সূচক গোলটা পায়নি। সিমিওনে অবশ্য ক্লান্তিকে দায়ী করেননি, ‘ড্র করেছি, ম্যাচটা তো হারিনি। তার মানে এই নয় আমরা ক্লান্ত ছিলাম।’ লেফট ব্যাক ফেলিপে লুইসই আসল কথাটা বলেছেন, ‘এখনো মৌসুমের অনেকটাই বাকি।’
এবার আর লা লিগাকে দুই ঘোড়ার প্রতিযোগিতা মনে হচ্ছে না। বার্সেলোনা, অ্যাটলেটিকো বা রিয়ালের যে কেউ শিরোপা জিততে পারে। এমনও হতে পারে শিরোপা মীমাংসা হলো শেষ ম্যাচে! এএফপি, রয়টার্স।