একই পথের যাত্রী ব্রাজিল-হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়োহান ক্রুইফ দক্ষিণ আফ্রিকায় আছেন, কিন্তু ব্রাজিলের খেলা দেখতে যাবেন না। তাঁর দেশ আজ ব্রাজিলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি। তার পরও না। কেন যাবেন? ফুটবলের কোন সৌন্দর্য উপহার দেওয়ার আছে এই ব্রাজিলের?‘এই ব্রাজিল দলে অনেক প্রতিভা আছে। কিন্তু তারা রক্ষণাত্মক ফুটবল খেলে, যা মোটেই টানে না’—বলেছেন ডাচ ফুটবলের মুকুটহীন রাজকুমার, যাঁর পায়ে রূপায়িত হয়েছিল টোটাল ফুটবল। ব্রাজিল তথাকথিত ডেথ গ্রুপকে ধরতে গেলে ফুল বিছানো রাস্তা বানিয়ে উঠেছে দ্বিতীয় রাউন্ডে, শেষ ষোলোয় চিলির বাধা উড়িয়ে দিয়েছে এক ফুৎকারে। কিন্তু ক্রুইফের কাছে মোটেই ভালো লাগেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা, ‘তাদের খেলার ধরনটা ফুটবল-ভক্তদের জন্য একটা লজ্জা। ভক্তরা তো তাদের মতো দলের কাছ থেকে কিছু পাওয়ার আশায় আসে!’ তাঁর পায়ে ছিল সুন্দর ফুটবল, সুন্দর ফুটবলেরই পূজারি ক্রুইফ। ১৯৯৮ বিশ্বকাপেও তিনি বলেছিলেন, ‘এই ব্রাজিল বিশ্বকাপ জিতলে ফুটবলেরই বড় ক্ষতি। আমি চাই না ওরা বিশ্বকাপ জিতুক।’ একটু হলেও যাদের ফুটবলে ছিল সৌন্দর্যের ছোঁয়া, সেই ফ্রান্সই সেবার জিতেছিল বিশ্বকাপ। ক্রুইফ নিশ্চিত করেই খুশি হয়েছিলেন। বিশ্বকে সাময়িক হলেও ‘সৌন্দর্যে উদাসীন’ ফুটবলের আগ্রাসন থেকে রক্ষা তো করা গেল!রক্ষা আসলে করা যায়নি। ২০০২ সালে সেই ব্রাজিলই চ্যাম্পিয়ন। ২০০৬ বিশ্বকাপে ইতালির রক্ষণাত্মক ফুটবলই পরেছে শ্রেষ্ঠত্বের মালা। এবার বিশ্বকাপের যে গতি, তাতে কি আবারও ক্রুইফের ভাষায় ‘সুন্দরবিনাশী’ ওই ফুটবলই পরতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট? আবারও কি ব্রাজিল?১৯৯৪ কিংবা ২০০২ বিশ্বকাপে তাও একটু রাখঢাক ছিল। ব্রাজিল তখন সরাসরি বলেনি কেমন ফুটবল তারা খেলবে। কিন্তু দুঙ্গার এই ব্রাজিল মুখে সুন্দর ফুটবলের নামোচ্চারণ পর্যন্ত করে না। এঁরা দ্রুতগতির পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সফল তাদের পরিকল্পনা। দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে শেষ দুটি গোলই পাল্টা আক্রমণে। কাকা-রবিনহোদের মতো শিল্পী ফুটবলাররা এই ব্রাজিলে বিরল প্রজাতির প্রাণী। ক্রুইফদের কাছে এটা হয়তো ‘কুৎসিত’ ফুটবল। কিন্তু ফলপ্রত্যাশী এই পৃথিবীর কাছে ‘কার্যকর’ ফুটবল। তাই দুঙ্গা সমালোচকদের কথায় কান দেন না। ক্রুইফ কী বললেন, তাতে কিচ্ছু এসে যায় না। পেলে যে বললেন, ‘এই রক্ষণাত্মক ব্রাজিলকে মোটেই ভালো লাগছে না’, স্মৃতিগন্ধা একজন প্রবীণের বকবকানি বলে তা উড়িয়ে দেন। দুঙ্গার কাছে ভালো খেলে হারার চেয়ে জয়ের আনন্দ বেশি মধুর।তবে দুঙ্গার ব্রাজিল এই বিশ্বকাপে একটা ধারা তৈরি করে দিচ্ছে, এটাও ঠিক। যে হল্যান্ডের কাছে আক্রমণই মূল কথা ছিল, তারাও পাল্টা আক্রমণনির্ভর ফুটবল খেলছে। ফুটবলের ভাষাই যেন হয়ে উঠেছে আগে রক্ষণ সামলাও, পাল্টা আক্রমণে উঠে গোল করো। উন্মুক্ত খেলে ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। ক্রুইফ শুধু বদলে যাওয়া ব্রাজিলকে দেখেই ব্যথিত নন, তাঁর উত্তরসূরিদের খেলা দেখেও রুষ্ট।দুঙ্গা মত পাল্টাবেন না। পেলে-ক্রুইফের কথায় তিনি ‘জোগো বনিতো’ ফিরিয়ে আনবেন না। মন বদলালে রোনালদিনহোর মতো খেলোয়াড়কে জায়গা দিতেন। ‘মরণোত্তর’ ব্রাজিল দলে তাঁর হাতে সৃষ্টিশীল খেলোয়াড় বলতে কাকা ও রবিনহো, তাঁদের দিয়েই বৈতরণী পেরোবেন। কেমন করে? ওই যে ধারাটা তিনি গড়ে তুলেছেন, সে অনুযায়ীই। দ্রুত পাল্টা আক্রমণ হানবেন কাকা ও রবিনহোর গতিকে পুঁজি করে। চিলির সঙ্গে ওটাই তো কাজে লেগেছে। রবিনহো, কাকা ও ফ্যাবিয়ানো সমন্বয়ে ব্রাজিলের দ্বিতীয় গোলটার কথা ভেবে দেখুন।কিন্তু আজ যদি দু দলই রক্ষণাত্মক আর পাল্টা আক্রমণনির্ভর ফুটবল খেলে তাহলে পোর্ট এলিজাবেথ কী পাবে? হয়তো বিরক্তিকর ফুটবল, হয়তো পেনাল্টি শ্যুটআউটে মীমাংসা। সেখানে ব্রাজিলই পরবে জয়ের মালা। কারণ এই ব্রাজিলের স্নায়ুও ইস্পাতের মতো শক্ত। জার্মানি কিংবা ইতালির মতো। তবে তীব্র গতিতে পাল্টা-আক্রমণে প্রতিপক্ষকে ঘায়েল করার সূত্রটা হল্যান্ডের প্রতিও তো পক্ষপাত দেখাতে পারে। ব্রাজিলের আছে কেবল কাকা-রবিনহো। তাদের আছে অন্তত চারজন—রোবেন, স্নাইডার, ফন পার্সি, ফন ডার ভার্ট। টানা ২৩ ম্যাচ জিতে ‘অরাঞ্জে’রা উঠেছে শেষ আটে।নাকি ১৯৭৪ বিশ্বকাপে যে হল্যান্ড টোটাল ফুটবলের ঝলকানিতে ব্রাজিলের ছন্দের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল, তারা আবার দেখা দেবে স্বরূপে, তাদের দেখাদেখি ব্রাজিলও ফিরবে ‘সুন্দর ফুটবলে’? সাম্বা সমর্থকেরা পোর্ট এলিজাবেথের এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছে। হোটেল বা রেস্টুরেন্টের তর্কের টেবিলে তাদের গলা খুব বেশি চড়ছে না। সুন্দর ফুটবল আর ফলপ্রত্যাশী ফুটবলের গোলকধাঁধায় তারা আটকে গেছে।