উরুগুয়ের জন্য আজ অগ্নিপরীক্ষা। আবার কোনো পরীক্ষাই নয়!
আজ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের শেষ ম্যাচ। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের এবার বিশ্বকাপে খেলাই অনিশ্চিত! আগের ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে খাদের কিনারে পড়ে গেছে উরুগুয়ে। একই দিনে ভেনেজুয়েলাকে প্যারাগুয়ে রুখে দেওয়ায় নিশ্চিত হয়েছে উরুগুয়ের প্লে-অফ খেলার বিষয়টি।
সুযোগ আছে সরাসরি বিশ্বকাপে যাওয়ারও। তবে সে জন্য উরুগুয়েকে মেলাতে হবে দুটি সমীকরণ। প্রথমত, তাদের বড় ব্যবধানে জিততে হবে। দ্বিতীয়ত, ইকুয়েডর কিংবা চিলির যেকোনো এক দলকে হারতে হবে। দ্বিতীয় সমীকরণ মিলে যাওয়া খুবই সম্ভব। আজ চিলি-ইকুয়েডরই একে অন্যের মুখোমুখি।
চিলির ইস্টাডিও ন্যাসিওনাল ডি স্টেডিয়ামে ম্যাচটা ড্র হলে চিলি-ইকুয়েডর দুই দলই উঠে যাবে বিশ্বকাপে। আর ফল হলেও উরুগুয়ের নিজেদের সমীকরণ মেলানোটাই হবে বেশি কঠিন। ঘরের মাঠে উরুগুয়ের প্রতিপক্ষ যে আর্জেন্টিনা। অস্কার তাবারেজের দলের জন্য স্বস্তির খবর, আগেই বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এ ম্যাচেও নামছে মেসি-হিগুয়েইন-মাচেরানোদের বাইরে রেখেই। তা যা-ই হোক, কোচ আলেসান্দ্রো সাবেলার রিজার্ভ বেঞ্চও যথেষ্টই শক্তিশালী। আগের ম্যাচে পেরুকে ৩-১ গোলে হারিয়ে সেই প্রমাণও দিয়েছে আর্জেন্টিনা। কাজেই মেসি-হিগুয়েইনরা না থাকলেও দক্ষিণ আমেরিকান ‘ক্লাসিকো’তে আর্জেন্টিনাই ফেবারিট।
পরিস্থিতি যা, তাতে উরুগুইয়ানরা সরাসরি বিশ্বকাপে যাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছে। প্লে-অফ খেলে যাওয়ার সুযোগ যেহেতু আছে, তাই এখন আসলে প্লে-অফ নিয়েই ভাবছে উরুগুয়ে। মজার ব্যাপার, ২০১০ বিশ্বকাপেও উরুগুয়ে জায়গা পেয়েছিল কোস্টারিকার সঙ্গে প্লে-অফ খেলেই। উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো লুগানোই বলছেন, ‘চতুর্থ স্থানে থেকে বাছাইপর্ব শেষ করার সুযোগ এখনো আছে আমাদের। তবে বাস্তবতা হলো, জর্ডানের সঙ্গে হয়তো আমাদের প্লে-অফই খেলতে হবে।’
কনক্যাকাফ অঞ্চলে মেক্সিকোর অবস্থা উরুগুয়ের চেয়েও করুণ। সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ যেমন আছে, আছে প্লে-অফের স্বপ্ন ধুলিস্যাৎ হওয়ার সম্ভাবনাও! চার বছর আগে প্লে-অফে স্বপ্নভঙ্গ হওয়া কোস্টারিকা এবার স্বপ্নপূরণ করে ফেলেছে আগেই। যুক্তরাষ্ট্রও সেরে রেখেছে কাজ। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে হন্ডুরাসও বিশ্বকাপে এক পা প্রায় দিয়ে রেখেছে। আজ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ, পয়েন্ট তালিকার সবার নিচের দল জ্যামাইকা। এ ম্যাচে কোনোক্রমে ড্র করতে পারলেই হন্ডুরাস পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। সে ক্ষেত্রে কোস্টারিকার বিপক্ষে জিতলেও মেক্সিকোকে প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে। কিন্তু যদি মেক্সিকো হেরে যায়? তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিতলে পানামাই পেয়ে যাবে প্লে-অফ খেলার সুযোগ। ১৪ বার বিশ্বকাপ খেলা মেক্সিকো ব্রাজিল বিশ্বকাপ শুরুর আট মাস আগেই হয়ে যাবে দর্শক! রয়টার্স।