একই বৃত্তে ঘুরপাক সালমাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিড উইকেট দিয়ে উড়িয়ে একটা ছক্কা মারলেন সালমা। কে বলে বাংলাদেশের মেয়েরা ছয় মারতে পারেন না?
সালমার ছয়ের কথা সংবাদ সম্মেলনে এসে পেসার জাহানারাও বড় মুখ করে বললেন, ‘আমরাও পারি’। কিন্তু পারলে ভারতের কাছেও ৭৯ রানের বিশাল ব্যবধানে হার কেন? জাহানারার উত্তর, ‘আমাদের সামর্থ্য আছে। কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, আমরাই জানি না।’
বাংলাদেশ পেসার হয়তো খোলাখুলি বলতে চাইলেন না। কিন্তু কারণটা পরিষ্কার। নিজেদের শক্তিহীনতার কথা কী বলা যায়! দশম ওভারের তৃতীয় বলে মারা সালমার দারুণ ওই ছয়টা এই বিশ্বকাপে ব্যতিক্রম। টুর্নামেন্টে এটিই বাংলাদেশের মেয়েদের এখন অবধি একমাত্র ছয়।
সত্যটা হলো টি-টোয়েন্টির সঙ্গে সামঞ্জস্য রেখে চার-ছয় বের করতে পারছেন না বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর কাল তাই ভারতের কাছেও আত্মসমর্পণ।
ওয়েস্ট ইন্ডিজের ১১৫ রানের জবাবে ৭৯। ইংল্যান্ডের ১৩৭ রানের জবাবে ৫৮। কাল ভারত ১৫১। ৭২ রানে ইনিংস শেষ সালমাদের। শেষ দুটি ম্যাচে অলআউট হয়নি বাংলাদেশ, এটা ‘সাফল্য’। আগের ম্যাচের নয় উইকেট, কাল পড়ল আটটি।
ধারাবাহিকভাবেই চলছে এই ব্যাটিং দীনতা। ভারতের ইনিংসে ডট বল ৪৬টি, বাংলাদেশের ইনিংসে ৭৫! বল ৩০ গজ পেরোচ্ছে খুব কম। সালমার একমাত্র ছক্কা ছাড়া কাল সব মিলিয়ে চার মাত্র তিনটি!
দুটি চার উদ্বোধনী ব্যাটার আয়েশার। শেষ চারটি মারলেন নয় নম্বরে নামা ফাহিমা! ভারতের মেয়েরা চার মারল কুড়িটি, ৫৯ বলে ৭৭ রান করা উদ্বোধনী ব্যাটার হারমানপ্রিত কাউর ১২টি চারের সঙ্গে ১ ছয়। অধিনায়ক মিতালি রাজ ৫ চারে ৪১। ২০ ওভারে ভারত ৫ উইকেটে ১৫১।
ম্যাচটা আসলে তখনই শেষ। জয় নিশ্চিত ভেবেই কি না, ভারতের স্পিনাররা বেশির ভাগ বলই দিল ঝুলিয়ে। বাংলাদেশের ব্যাটারদের আমন্ত্রণ জানাল, ‘মার’। কিন্তু বল মারা গেল কই? সম্প্রতি ভারতের সঙ্গে কক্সবাজারে তিনটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ছিল সালমাদের, সেই অর্থে তারা চেনা প্রতিপক্ষ। ব্যাটিং তবু তথৈবচ। ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের মেয়েরা ক্যাচ দিয়েছে সাতটি। সবগুলোই বৃত্তের ভেতর। কাল ক্যাচ দিল দুটি। চারটি বোল্ড আর দুটি এলবিডব্লু।
আগামীকাল শ্রীলঙ্কার সঙ্গে শেষ গ্রুপ ম্যাচ স্বাগতিকদের। তারপর স্থান নির্ধারণী ম্যাচ। অবস্থা যা, দশ দলের মধ্যে নবম স্থানের জন্যই হয়তো খেলতে হবে বাংলাদেশকে।
বাস্তবতার রুক্ষজমিনে দাঁড়িয়ে এই টুর্নামেন্টে নিজেদের মেপে নেওয়ার সুযোগ পেল সালমার দল। মূল সমস্যা বেরোল, শক্তির অভাব। পেসার জাহানারার অবশ্য ভিন্নমত, ‘শক্তির ঘাটতি নেই। ঘাটতি ট্যাকটিসে। আমরা মেয়েরা পারছি না। এটা আমাদের ব্যর্থতা।’
অনভিজ্ঞতার কথাও তো ভুলে যাওয়া যাচ্ছে না!
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৫১/৫ (হারমানপ্রীত ৭৭, মিতালি ৪১, পুনম ১৩*; রুমানা ২/৩৩, সালমা ১/১১, কুবরা ১/২৯, জাহানারা ১/২৯।
বাংলাদেশ: ২০ ওভারে ৭২/৮ (সালমা ১৯, ফারজানা ১৫, আয়েশা ১০, লতা ১০, ফাহিমা ৭*, নুজহাত ৫, পান্না ২, রুমানা ১, জাহানারা ০*, শায়লা ০; ঝুলন ৩/১১, শুভলক্ষ্মী ৩/১২, পুনম ২/১০)।
ফল: ভারত ৭৯ রানে জয়ী।
ম্যাচসেরা: হারমানপ্রীত কাউর।