একই বৃন্তে তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এড জয়েস ও এউইন মরগানের মধ্যে মিল কী বলুন তো? দুুজনেরই জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান। ভিন্ন দুটি দেশের হয়ে বিশ্বকাপ খেলা তৃতীয় ও চতুর্থ খেলোয়াড় তাঁরা দুজন। দুজনই পরশু বিশ্বকাপে নিজ নিজ দলের সর্বোচ্চ রান করলেন।আর অমিল? মরগানের চেয়ে আট বছরের বড় জয়েস আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন ইংল্যান্ডের হয়ে। মরগানের আন্তর্জাতিক ক্রিকেট শুরু জন্মভূমি আয়ারল্যান্ডের পক্ষে। গত বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন জয়েস। এবার খেলছেন আয়ারল্যান্ডের হয়ে। মরগানের জীবনে ঘটল ঠিক উল্টো।জয়েসের কাউন্টি ক্রিকেট শুরু হয়েছিল ১৯৯৯ সালে। দল মিডলসেক্স। সেই জয়েসের ইংল্যান্ডের পক্ষে ওয়ানডে অভিষেক আয়ারল্যান্ডের বিপক্ষেই, ২০০৬ সালে। ১৭টি ওয়ানডে খেলার পর ইংল্যান্ড দল থেকে বাদ পড়া জয়েস আইসিসির বিশেষ অনুমতি নিয়ে এবারের বিশ্বকাপ খেলছেন। পরশু মোহালিতে করেছেন বিশ্বকাপে নিজের সর্বোচ্চ ৮৪ রান।গত বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে মরগান করেছিলেন ৯ ম্যাচে মাত্র ৯১ রান। ইংল্যান্ড দলে সুযোগ করে নেন ২০০৯ সালে। এবার মরগানের বিশ্বকাপ দরজা বন্ধ হয়ে গিয়েছিল ইনজুরির কারণে। দরজাটা খুলে গেছে পিটারসেন হার্নিয়ার সমস্যায় দেশে ফিরে যাওয়ায়। পরশু বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেই করলেন ৬৩। মোহালিতে জয়েস কি উজ্জীবিত করে গেলেন মরগানকে?