একই ব্যবধানে রিয়াল-বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে পয়েন্টের ব্যবধানটা থাকল সাতেই। গত শনিবার রাতে গেটাফের সঙ্গে রিয়ালের ম্যাচটি ছিল আগে, তাতে ১-০ গোলে জিতে রিয়াল শিরোপাপ্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ বাড়িয়ে রাখে আরও। পরের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে পেপ গার্দিওলার বার্সেলোনাও রিয়ালকে আরও এগিয়ে যেতে দেয়নি। ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৫, বার্সেলোনার ৪৮।দলীয় দ্বৈরথে হয়তো সমতা। কিন্তু রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথে শনিবার জয়ী মেসি। গেটাফের মাঠ থেকে হোসে মরিনহোর দল জয় নিয়ে ফিরেছে সার্জিও রামোসের গোলে। মেসুত ওজিলের কর্নার থেকে হেডে ১৮ মিনিটে গোলটি করেন এই ডিফেন্ডার। রোনালদো ছিলেন গোলহীন। অন্যদিকে বার্সার দুই গোলের একটি করেছেন মেসি, যেটি লিগে তাঁর ২৩তম গোল। ২৪টি গোল নিয়ে সবার ওপরে রোনালদো। বার্সেলোনা এই ম্যাচে প্রথম এগিয়ে গিয়েছিল তরুণ ক্রিস্টিয়ান তেল্লোর গোলে।বার্সেলোনার মূল দলের হয়ে লিগে এটা ছিল ২০ বছর বয়সী তেল্লোর দ্বিতীয় ম্যাচ। পুরো নব্বই মিনিটে খেললেন এই প্রথম। আর তাতেই লা লিগায় পেলেন নিজের প্রথম গোল, যা দলীয় দৃষ্টিকোণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণও। কনকনে শীতের রাতে বার্সাকে ৮ মিনিটেই এগিয়ে দেন তেল্লো।মেসির পাস থেকে ডান পায়ের প্লেসিং শটে এগিয়ে আসা সোসিয়েদাদ গোলরক্ষককে পরাস্ত করেন তেল্লো। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু দুর্দান্তভাবে তাঁর শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদের গোলরক্ষক ব্রাভো। ৬৩ মিনিটে মেসির আরও একটি প্রচেষ্টা নষ্ট করে দেন ওই ব্রাভো। ৭০ মিনিটে আর আর্জেন্টাইন তারকাকে গোলবঞ্চিত করে রাখা যায়নি। দুই মিনিট পর কার্লোস ভেলার গোলে সোসিয়েদাদ খানিক স্নায়ুর পরীক্ষাই নেয় বার্সেলোনার। বার্সা সেই পরীক্ষায় উতরে গেছে। আগামী শনিবার বার্সেলোনা যাবে ওসাসুনার মাঠে। পরদিন নিজেদের মাঠে রিয়ালের প্রতিপক্ষ লেভান্তে। যে লেভান্তে শনিবার ১-১ গোলে ড্র করেছে রেসিং সান্তান্দারের সঙ্গে। এসপানিওলের সঙ্গে অ্যাথলেটিক বিলবাও ড্র করে ৩-৩ গোলে। এএফপি।