একই ভুল আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে এনামুল হক। দ্বিতীয় ওয়ানডেতে শামসুর রহমান। পার্থক্য শুধু এই। নইলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই প্রথম ওভারে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দুবারই ব্যাটসম্যান ক্যাচ দিয়েছেন স্লিপে।
ভাবতে পারেন, হঠাৎ করে দুই ওয়ানডের মিল-অমিল খোঁজা কেন। কারণটা হলো দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ওয়ানডের ভুল শোধরানোর প্রতিজ্ঞা থাকলেও কেন জানি প্রথম ওয়ানডের ভুলগুলোই এই ম্যাচে আবারও করল বাংলাদেশ!
প্রথম ওয়ানডের ও রকম বাজে ফিল্ডিংয়ের পর ক্যাচ মিস নিয়ে অনেক কথা হলো। ড্রেসিংরুম থেকে শুরু করে কোরি রিচার্ডসের ফিল্ডিং প্র্যাকটিস হয়ে টেলিভিশনের টক শো—‘কী করিলে ক্যাচ মিস হইবে না’র পাঠ কোথায় দেওয়া হয়নি! কিন্তু সেই ভুলের ভূত ফিরে এল কালও। টপাটপ ক্যাচ পড়ল ফিল্ডারদের হাত থেকে।
আগের ম্যাচে একটা করে সহজ ক্যাচ ফেলেছিলেন মাহমুদউল্লাহ, সাকিব, নাসির আর সোহাগ। কালকের তালিকায় নতুন যোগ হলেন মুমিনুল, বাদ পড়লেন সোহাগ আর সাকিব। তবে হাত ফসকে পড়া ক্যাচগুলোর পরিণতি প্রায় আগের ম্যাচের মতোই।
২ রানে সোহাগের বলে আশান প্রিয়াঞ্জনের ডিপ মিড উইকেটে তোলা ক্যাচটা নাসিরের হাত গলে পড়ে যায়। সেই প্রিয়াঞ্জন শেষ পর্যন্ত শুধু ৬০ রানই করলেন না, কুমার সাঙ্গাকারার সঙ্গে জুটি গড়লেন ১১৪ রানের। ৬৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও এই চতুর্থ উইকেট জুটির সৌজন্যেই শ্রীলঙ্কার রানটা ২৮৯।
কাল মাহমুদউল্লাহ ক্যাচ ফেললেন শর্ট ফাইন লেগে। রুবেলের বলে ৩৯ রানের সময় অ্যাঞ্জেলো ম্যাথুসের তোলা ক্যাচটা বেরিয়ে গেছে তাঁর হাতে পড়েও। ম্যাথুস শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৫৬ রানে, সাঙ্গাকারার সঙ্গে গড়েছেন ৮৩ রানের জুটিও। তবে আশার কথা, এই ম্যাচেই নিজেকে ফিরে পেলেন ফিল্ডার মাহমুদউল্লাহ। একটি ক্যাচ ছাড়লেন, কাল ধরলেন দুটি। তার মধ্যে লং অনে ধরা সাঙ্গাকারারটি তো এককথায় অসাধারণ!
অন্য দুটি ক্যাচই পড়েছে মুমিনুলের হাত থেকে এবং দুবারই ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগে। আরাফাত সানির বলে একবার ফেললেন ডিপ মিড উইকেটে, রুবেলের বলে আরেকবার ফেললেন পয়েন্টে।
এ তো গেল ফিল্ডিংয়ের ভুলের ভূত ফিরে আসার কথা। পরে ব্যাটিংয়েও হলো তাই। এনামুল এত ভালো শুরু করেও শেষ পর্যন্ত থিসারা পেরেরার বলে ভুল শট খেলতে গিয়ে এলবিডব্লু। ভালো শুরু ছিল সাকিবেরও এবং তিনিও শেষ পর্যন্ত বিলিয়ে দিয়ে এসেছেন উইকেট। অজন্তা মেন্ডিসের লোভনীয় ফ্লাইটে লোভ সামলাতে পারেননি নাসির হোসেনও। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন ডিপ মিড উইকেটে।
প্রথম দুই ম্যাচের মধ্যে চাইলে আরও অনেক মিলই খোঁজা যায়। সেসবে আর না গিয়ে এটুকু জেনে রাখুন, এই দুই ম্যাচ অনেক দিন পর আবারও দেখাল বাংলাদেশ দলের ওপেনিংয়ের রুগ্ণ চেহারা। ২০১২ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে দুই অঙ্কে পৌঁছাতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। মাঝের আট ম্যাচে সর্বোচ্চ ৭৭ রানের জুটিটা মোহাম্মদ আশরাফুল আর এনামুল হকের, পাল্লেকেলেতে গত বছরের মার্চে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১০ সালের ‘বাংলাওয়াশের’ পর এই প্রথম তামিম ইকবালকে ছাড়া পর পর দুই ম্যাচ খেলল বাংলাদেশ দল। বলতে পারেন তাহলে কি তামিমকেই মিস করছে ওপেনিং জুটি? হয়তো, তবে পরিসংখ্যানের পাতা সেটা বলছে না। গত ১২ ওয়ানডের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটিটা তো তামিমকে ছাড়াই হয়েছে। এ ছাড়া গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শামসুর আর জিয়া মিলেও গড়েছিলেন ৬১ রানের ওপেনিং জুটি।
সমস্যা তাহলে কোথায়? ফিল্ডারদের মতো এবার হয়তো ব্যাটসম্যানদের মনোযোগেও ঘাটতি দেখবেন কোরি রিচার্ডস। অলিখিতভাবে বাংলাদেশ দলের ব্যাটিং-ফিল্ডিং দুটিরই যে কোচ তিনি!