একই ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরন হয়তো এক রকম নয়, তবে দলে তাঁদের ভূমিকা প্রায় একই রকম। তাঁদের সাফল্য-ব্যর্থতায় অনেকটা নির্ভর করে দলের সাফল্য-ব্যর্থতা। জেনে রাখুন আজকের ফাইনালে এমন চার জোড়া ক্রিকেটারের কথা—

ধোনি-সাঙ্গাকারা
ধোনি-সাঙ্গাকারা

ধোনি-সাঙ্গাকারা
দুজনই উইকেটকিপার। একজন দলের অধিনায়ক। অন্যজন স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন বছর তিনেক আগে। ব্যাটিংয়ের ধরনেও অবশ্য দুজনের মধ্যে অনেক ব্যবধান। প্রথাগত ক্রিকেট শটের পাশাপাশি ব্যাটিংয়ের ব্যাকরণ ভাঙচুর করতে জুড়ি নেই ধোনির। সাঙ্গাকারা যেন ব্যাটিংয়ের নিপুণ শিল্পী। এই টুর্নামেন্টে ফর্ম যদিও খুব খারাপ যাচ্ছে তাঁর। পাঁচ ম্যাচের চারটিতে ব্যাট করে রান সাকল্যে ১৯! মাত্র তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া ধোনিকে এখনো সেভাবে দরকারই হয়নি দলের। আজ কি দুই দলের খুব করেই দরকার হবে দুজনের!

কোহলি-মালিঙ্গা
কোহলি-মালিঙ্গা

কোহলি-মালিঙ্গা
কেন তাঁকে টেন্ডুলকার-উত্তর প্রজন্মের সেরা ব্যাটসম্যান বলা হচ্ছে সেটা সেমিফাইনালে আরও একবার প্রমাণ করেছেন কোহলি। পাঁচ ম্যাচে ২৪২ রান নিয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে একই ওভারে গেইল-স্মিথকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মালিঙ্গাও। পরিসংখ্যানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল বোলারও তিনিই। বিচিত্র অ্যাকশনের এই লঙ্কান পেসারকে বিশ্বের যে কজন ব্যাটসম্যান খুব ভালো পড়তে পারেন, কোহলি তাঁদের একজন। বড় মঞ্চে আজ তাই ব্যাটে-বলে দুজনের লড়াইটা হতে পারে দারুণ জমাট।

অশ্বিন-সেনানায়েকে
অশ্বিন-সেনানায়েকে

অশ্বিন-সেনানায়েকে
দুজনই অফস্পিনার এবং এ মুহূর্তে দলে স্পিন আক্রমণের মূল অস্ত্রও। এই টুর্নামেন্ট অবশ্য সেনানায়েকের অত ভালো কাটেনি যতটা কেটেছে অশ্বিনের। পাঁচ ম্যাচে ১০ উইকেট, ইকোনমি ৪.৯১, দুটিতে ম্যাচসেরাও ভারতীয় স্পিনার। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটাও অশ্বিনের হাতে দেখা গেলে বিস্ময়ের কিছু হবে না। পাঁচ ম্যাচ খেলেছেন, এখনো ম্যাচ জেতানো পারফরম্যান্স নেই সেনানায়েকের। তবে উইকেট মাত্র ৪টি হলেও রান খরচে তিনি বেশ কৃপণ (৪.৬৯)। মিরপুরের উইকেট বলেই আজ দুজনের সামনেই সুযোগ ফাইনালের নায়ক হয়ে যাওয়ার।

ভুবনেশ্বর-কুলাসেকারা
ভুবনেশ্বর-কুলাসেকারা

ভুবনেশ্বর-কুলাসেকারা
মিশ্র ও অশ্বিনের দাপটে ভুবনেশ্বর আড়ালে রয়ে গেছেন। কিন্তু এই টুর্নামেন্টে দুর্দান্ত বল করেছেন ভারতীয় পেসারও। যে উইকেট স্পিনস্বর্গ হয়ে উঠেছে, সেখানে সব ম্যাচ খেলে তাঁর ওভারপ্রতি রান খরচ মাত্র ৫.৩১। ইকোনমিটা তাঁর তুলনায় এত ভালো নয় শ্রীলঙ্কান পেসার কুলাসেকারার (৬.২০)। তবে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার সফলতম বোলার তিনিই। নজরটা স্পিনারদের ওপর বেশি বলেই
ফাইনালে এই দুই পেসারের ওপর চাপ থাকছে কম। সেটা আজ ইতিবাচক হয়ে উঠতে পারে দুজনের জন্যই।