ধরন হয়তো এক রকম নয়, তবে দলে তাঁদের ভূমিকা প্রায় একই রকম। তাঁদের সাফল্য-ব্যর্থতায় অনেকটা নির্ভর করে দলের সাফল্য-ব্যর্থতা। জেনে রাখুন আজকের সেমিফাইনালে এমন পাঁচ জোড়া ক্রিকেটারের কথা—

মহেন্দ্র সিং ধোনি-এবি ডি ভিলিয়ার্স
একজন দলের অধিনায়ক, আরেকজন এবার দুই ম্যাচে নেতৃত্ব দিলেও এখন আর অধিনায়ক নন। একজন উইকেটকিপার, আরেকজন এই টুর্নামেন্টে দাঁড়াচ্ছেন না উইকেটের পেছনে। তবে একটা জায়গায় একবিন্দুতে ধোনি ও ডি ভিলিয়ার্স, দুজনই চোখের পলকে পাল্টে দিতে পারেন ম্যাচের রং। প্রথাগত শটের পাশাপাশি ক্রিকেট ব্যাকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সব শট খেলতে জুড়ি নেই দুজনেরই। প্রথম তিন ম্যাচে ব্যর্থ ডি ভিলিয়ার্স আসল সময়ে জ্বলে উঠে দলকে তুলেছেন সেমিতে। ধোনিকে এখনো সেভাবে প্রয়োজন হয়নি ভারতের। হতে পারে, আজই সেই দিন!

বিরাট কোহলি-হাশিম আমলা
টেস্ট-ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও দারুণ সফল কোহলি, দলের বড় ভরসা। অন্য দুই সংস্করণের সেরাদের একজন আমলা আবার টি-টোয়েন্টিতে শক্ত জমিন খুঁজে পেলেন এই টুর্নামেন্ট দিয়েই। দলের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ রান আমলারই (১৬৩)। প্রাথমিক পর্বকে হিসাবে না নিলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান কোহলির (১৭০)। দুজনের ব্যাটিংয়ে বড় মিল, টি-টোয়েন্টিতেও প্রথাগত ক্রিকেট শটেই নির্ভরতা দুজনের। পেশিশক্তির প্রদর্শনী বা উদ্ভাবনী শট খেলার পথে হাঁটেন না খুব একটা। আজও দুজনের ব্যাট ছড়াতে পারে সৌন্দর্যের ছটা।

যুবরাজ সিং-জেপি ডুমিনি
দুজনের ধরন যেমন এক, তেমনি দলে ভূমিকাও প্রায় একই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ব্যাটিং, সঙ্গে কার্যকরী স্পিন। সেরা সময়কে পেছনে ফেলে এসেছেন মনে হলেও গত ম্যাচে যুবরাজ দেখিয়েছেন সেই পুরোনো ঝলক। বোলিংটাকে এখনো সেভাবে কাজে লাগানো হয়নি, তবে বাঁহাতি স্পিনে তো দক্ষিণ আফ্রিকা বরাবরই খানিকটা নড়বড়ে! উপলক্ষ যখন বিশ্বকাপ সেমিফাইনাল, মনে রাখার মতো স্মৃতিও আছে যুবরাজের। ২০০৭ টুর্নামেন্টের সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৩০ বলে ৭০! ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ডুমিনি, বল হাতে তো ইদানীং নিয়মিতই!

রবিচন্দ্রন অশ্বিন-ডেল স্টেইন
একজন দুরন্ত গতির ফাস্ট বোলার, আরেকজন আধুনিক ঘরানার অফস্পিনার। ভাবছেন এই দুজন কীভাবে এখানে পাশাপাশি? দুজনের ভূমিকা যে একই, দলের মূল স্ট্রাইক বোলার! স্টেইনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই টুর্নামেন্টেও চিনিয়েছেন নিজের জাত। ৪ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। অশ্বিনকেও ধোনি ব্যবহার করছেন স্ট্রাইক বোলার হিসেবেই। স্টেইনের মতো অশ্বিনও শুরুতে বোলিং করছেন, মাঝে ১ ওভারের জন্য ফিরছেন ব্রেক থ্রু দিতে, আবার শেষে। সাম্প্রতিক ব্যর্থতা ঝেড়ে ফেলে এই টুর্নামেন্টে নিজেকে আবার প্রতিষ্ঠিত করেছেন দলের মূল স্পিনার হিসেবে।

অমিত মিশ্র-ইমরান তাহির
দুজনই এই টুর্নামেন্টের বিস্ময়। প্রমাণ করেছেন প্রথাগত লেগ স্পিনেও দারুণ সফল হওয়া যায় টি-টোয়েন্টিতে! দুজনই আক্রমণাত্মক লেগস্পিনার, দুজনের অস্ত্রভান্ডারেই আছে দারুণ গুগলি। প্রত্যাশা পূরণ করে দক্ষিণ আফ্রিকার টেস্ট ভরসা হতে পারেননি তাহির, তবে টি-টোয়েন্টিতে হয়ে উঠেছেন ম্যাচ উইনার। মিশ্রর ক্যারিয়ারটা আবার বারবার উপেক্ষিত হওয়ার গল্প। এই টুর্নামেন্টে নিয়মিত সুযোগ পেয়ে মেলে ধরেছেন নিজেকে। ৪ ম্যাচে উইকেট ৯টি, তাহিরের উইকেট আরও দুটি বেশি। দুই লেগস্পিনারের দ্বৈরথ আজ হতে পারে দারুণ উপভোগ্য।