একই ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরন হয়তো আলাদা, তবে দলে তাঁদের ভূমিকা প্রায় একই রকম। তাঁদের সাফল্য-ব্যর্থতায় অনেকটা নির্ভর করে দলের সাফল্য-ব্যর্থতা। আজকের ফাইনালের দুই দলের এমন কয়েকজন ক্রিকেটারের কথা জানাচ্ছেন আরিফুল ইসলামসাকিব আল হাসান-মোহাম্মদ হাফিজএককথায় দুই দলের প্রাণভোমরা। দুজনের ব্যাটের দিকে আশায় তাকিয়ে থাকে তাঁদের দল। আক্রমণ আর রক্ষণের মিশেলে হাফিজ দলকে ভালো শুরু এনে দিচ্ছেন নিয়মিতই। সাকিবের ব্যাটিংয়ে আক্রমণই শেষ কথা। স্রোতের বিপরীতে তরী বাইতে পারেন শক্ত হাতে, পরিস্থিতি অনুকূল হলে তো কথাই নেই। বোলিংয়ে দুজনের জন্যই বরাদ্দ ১০ ওভার। ফিল্ডিংয়েও দুজন দলের অন্যতম সেরা। এই টুর্নামেন্টে তিন ম্যাচে ২০৫ রান হাফিজের, বিরাট কোহলির (৩৫৭) পর যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ, সঙ্গে ৩ উইকেট। ১৬৯ রানের সঙ্গে ৪ উইকেট সাকিবের। ক্রিকেট সামর্থ্য আর ক্রিকেট বোধের কারণে হাফিজকে সতীর্থরা ডাকেন ‘প্রফেসর’। সাকিব বাংলাদেশ দলের জন্য কী, এটা তো সবারই জানা!তামিম ইকবাল-নাসির জামশেদদুজনের জন্যই এই টুর্নামেন্ট ছিল দুই রকম চ্যালেঞ্জ। টুর্নামেন্টের শুরুতে খবরের শিরোনাম দুজনই, তবে ভুল কারণে। তামিম ইকবাল এমন একটা বিতর্কে জড়ালেন, যাতে তাঁর ভূমিকা ছিল সামান্যই। বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপে বাদ, প্রধান নির্বাচকের পদত্যাগ, অনেক নাটকের পর দলে ফেরা আর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে তামিমের ক্যারিয়ারে সবচেয়ে চাপের সময় বললেও ভুল হবে না। বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রায় সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও নাসির জামশেদের দলে জায়গা পাওয়া অনেককেই অবাক করেছিল। দলে ফিরে জায়গা পাকা করার চাপ তো ছিলই, টানা তিন ম্যাচে ফিফটি করে তামিম জয় করেছেন সব চাপ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও আরেকটি ফিফটি করে জামশেদ আলোচনায় ফেরাতে পেরেছেন শুধু তাঁর ব্যাটিংকে। আক্রমণাত্মক দুই বাঁহাতি ওপেনারের দিকে আজও তাকিয়ে থাকবে দুই দল।মাশরাফি বিন মুর্তজা-উমর গুলতাঁরা দুজন দলের পেস বোলিংয়ের নেতা। ক্যারিয়ারে অযুতবারের মতো এটা ছিল মাশরাফি বিন মুর্তজার চোট কাটিয়ে ফেরার সিরিজ। প্রথম ম্যাচে প্রথম স্পেলটা ছিল দারুণ, কিন্তু শেষে গিয়ে সব তালগোল পাকিয়ে ফেলেন। পরের দুই ম্যাচে জয়ী হয়েছেন শেষের লড়াইয়েই, যেন সেই সেরা সময়ের মাশরাফি। তিন ম্যাচে ৪ উইকেট, ওভারপ্রতি ৪.৩২ রান—এই পরিসংখ্যান যা বলছে, মাশরাফির বোলিংয়ের প্রভাব ছিল আরও বেশি। ইংল্যান্ডের বিপক্ষে ধবলধোলাইয়ের সিরিজে তিন ম্যাচে উমর গুল ছিলেন উইকেটশূন্য। এশিয়া কাপের তিন ম্যাচে সর্বোচ্চ ৭ উইকেট! বাংলাদেশের বিপক্ষে মুঠো থেকে প্রায় বেরিয়ে যাওয়া জয় ছিনিয়ে এনেছেন, শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের অন্যতম রূপকার। ইনিংসের শুরু-শেষে আজও বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জের নাম উমর গুল।আবদুর রাজ্জাক-সাঈদ আজমলএকজন অনেকের মতেই বর্তমানে বিশ্বসেরা স্পিনার, আরেকজন বাংলাদেশের সফলতম ওয়ানডে বোলার। সাকিব-জমানার আগে রঙিন পোশাকে বাংলাদেশের এক নম্বর স্পিনার ছিলেন আবদুর রাজ্জাকই। কিন্তু সাকিবের অবিশ্বাস্য ধারাবাহিকতা ও নিজের বাজে ফর্ম মিলিয়ে রাজ্জাক যেন ম্লান থেকে ম্লানতর হতে শুরু করেছিলেন। এই এশিয়া কাপে বুঝিয়ে দিলেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। উইকেট সাকিবের সমানই ৪টি, কিন্তু মিতব্যয়ী বোলিংয়ে রাজ্জাক আবারও হয়ে উঠছেন আস্থার জায়গা। আজমল যথারীতি দুর্দান্ত, তিন ম্যাচে ৬ উইকেট। ভারতের বিপক্ষে হারা ম্যাচেও টেন্ডুলকারকে ফিরিয়েছেন দারুণ এক দুসরায়। ইনিংসের যেকোনো সময় অধিনায়ক আস্থাভরে বল তুলে দিতে পারেন এই দুজনের হাতে।