একই মন্ত্র ‘ডি’ গ্রুপে
একটু পেছন থেকেই শুরু করা যাক। বিশ্বকাপের ড্রয়ের পর অনেকেই বলছিল—জার্মানি তো একেবারেই সহজ গ্রুপে পড়েছে; ঘানা, সার্বিয়া আর অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ‘ডি’ গ্রুপ থেকে খুব সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে জোয়াকিম লোর দল। জার্মানির তিন প্রতিপক্ষ অবশ্য তখনই হুমকি দিয়ে রেখেছিল—দাঁড়ান, দাঁড়ান; সবকিছু অত সহজ ভাববেন না!সত্যি, সবকিছু অত সহজ নয়। অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেও এখনো দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি জার্মানির। বরং দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য হিসাব-নিকাশের মধ্যে পড়ে গেছে তারা। আজ ঘানার বিপক্ষে জিতলে ভালো, দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে জার্মানি। আর ঘানার বিপক্ষে ড্র করলে পড়তে হবে কঠিন হিসাবের প্যাঁচে, আর হারলেই বাদ।গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লো আর লামের দলের প্রেরণা চিরন্তন জার্মান-মন্ত্র—শেষের আগে শেষ নয়। অধিনায়ক ফিলিপ লাম সতীর্থদের উজ্জীবিত করতে তাঁদের কানে পুঁতে দিচ্ছেন এই মন্ত্রই, ‘আমাদের সামনের দিকে তাকাতে হবে, পেছনে নয়। আসলে সার্বিয়ার কাছে হেরে যাওয়ার বিষয়টি ভুলে যেতে হবে। আমাদের শুরু করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যেখান শেষ করেছিলাম, ঠিক সেখান থেকে। আমরা শেষ ষোলোতে পৌঁছাতে পারব।’শেষ ষোলোর স্বপ্ন দেখছে ঘানাও। আফ্রিকায় প্রথম বিশ্বকাপে আফ্রিকার দলগুলো ভালো করবে—স্বপ্ন দেখছিল আফ্রিকানরা। তাদের এই স্বপ্নের আবর্তনটা আইভরিকোস্টকে ঘিরেই বেশি ছিল। এখন অবশ্য আফ্রিকার মানুষদের স্বপ্ন দেখাচ্ছে ঘানা। আফ্রিকার ছয়টি দেশের মধ্যে একমাত্র ঘানারই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা আছে। জার্মানির কাছে হেরে গেলেও সম্ভাবনাটা মরে যাবে না তাদের। হিসাবের মারপ্যাঁচে অবশ্য যেতে চায় না ঘানা। আজ জার্মানির বিপক্ষে এমন কিছু করতে চায় তারা, যাতে জটিল কোনো হিসাবে না যেতে হয়। সেই কিছু একটা যে জয় বা ড্র সেটা না বললেও চলে। ঘানার কোচ মিলোভান রাজেভাচ বলেছেন, ‘আমাদের জার্মানির বিপক্ষে ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা ফল চাই, যাতে হিসাব-নিকাশের প্যাঁচে পড়তে না হয়।’তবে হিসাবের মারপ্যাঁচ এড়ানো সম্ভব নয় এই গ্রুপের অন্য দুই দল সার্বিয়া-অস্ট্রেলিয়ার। এই দুই দল আজ একে অন্যের মুখোমুখি হওয়ার আগে মাথায় রাখতে হচ্ছে অনেক হিসাব। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মাথায় যে এসব হিসাব ঘুরপাক খাচ্ছে, এটা তাঁদের অধিনায়ক লুকাস নিলের কথাতেই স্পষ্ট, ‘আমরা চাই, জার্মানি আজ ভালো খেলুক। কারণ জার্মানি যদি ৩-০-তে জেতে আর আমরা যদি ২-০ বা ৩-০ জিতি তাহলেই তো দ্বিতীয় রাউন্ডে যেতে পারব।’খুব সহজে হিসাবটা করে দিলেও কাজটা খুব সহজ হবে না। এটা অস্ট্রেলিয়ানরাও জানে। তবে নিজেদের কাজটা তারা ঠিকই করে রাখতে চায়। আর আজ অস্ট্রেলিয়াকে খেলতে হচ্ছে দলের অন্যতম সেরা খেলোয়াড় হ্যারি কেওয়েল ও সেন্ট্রাল ডিফেন্ডার ক্রেগ মুরকে ছাড়া। তা হোক, অস্ট্রেলিয়ার চিরন্তন টিম স্পিরিট কিন্তু ঠিকই আছে। ‘অস্ট্রেলিয়ান স্পিরিট সম্পর্কে আমরা সবাই জানি। এ ম্যাচে সেটা সবাই দেখতে পাবে। আমাদের বিশ্বাস, আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি’—অস্ট্রেলিয়ার কোচ পিম ভারবিক জানালেন তাঁর দলের প্রেরণার কথা। জয়ের আত্মবিশ্বাস সার্বিয়া দলেও, আর সার্বিয়ার কোচ জানালেন তাঁর দলের প্রেরণা জার্মানির বিপক্ষে পাওয়া জয়টিই। আসলে শেষ বলে কিছু নেই মন্ত্র পুরো ‘ডি’ গ্রুপ জুড়েই।