একই ম্যাচে মেসি-নেইমার

তাঁদের যুগলবন্দী দেখার অপেক্ষায় অধীর হয়ে আছে পুরো বিশ্ব। নেইমার-মেসিকে একসঙ্গে খেলতে দেখার চেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে? ন্যু ক্যাম্পে সেই মুহূর্তটার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে সবার আগে গত পরশু দুজনকে এক ম্যাচে খেলতে দেখল পেরু। দুজন ছিলেন প্রতিপক্ষ। দুজনেই পরেছিলেন ১০ নম্বর জার্সি। পেরুর লিমায় হওয়া ম্যাচটা ছিল মেসি ফাউন্ডেশন আয়োজিত একটি প্রীতি ম্যাচ।
শেষ পর্যন্ত নেইমারের অবশিষ্ট বিশ্ব একাদশকে মেসি ও তাঁর বন্ধুদের দল হারিয়েছে ৮-৫ গোলে। তবে ম্যাচের সেরা গোলটা করেছেন উড়তে থাকা এই ব্রাজিলিয়ানই। দুটি গোল করেছেন, দ্বিতীয় গোলটি ছিল বিস্ময়কর। ৪৫ মিটার দূর থেকে করা শটে পরাস্ত করেছেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে। প্রথমার্ধে অবশ্য পেনাল্টিও মিস করেছেন। জোড়া গোল করেছেন লিওনেল মেসিও, আবার একটি গোল করিয়েছেন বার্সা-সতীর্থ দানি আলভেজকে দিয়ে। তবে শেষ পর্যন্ত নেইমার-মেসি নন, এই ম্যাচের আসল জয়ী মানবতা। ম্যাচ থেকে পাওয়া সব অর্থই ব্যয় করা হবে শিশুদের মুখে হাসি ফোটাতে! ওয়েবসাইট।