একই রাতে হারল দুই ম্যানচেস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৫ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া ম্যানইউর কাছে ইউরোপা লিগ হলো নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ। কিন্তু জাগল ইউরোপা লিগের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার শঙ্কা! পরশু শেষ ষোলোর প্রথম লেগে ম্যানইউ স্পেনের অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে গেছে ৩-২ গোলে, তা-ও নিজেদের মাঠে।শুধু ওল্ড ট্রাফোর্ডই নয়, হতাশার কালো মেঘ ম্যানচেস্টার শহরের আরেক প্রান্ত ইস্টল্যান্ডেও। স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ম্যানচেস্টার সিটিও ফিরেছে ১-০ গোলে হেরে। তবে সিটির সুবিধা, ১৫ মার্চ দ্বিতীয় লেগ খেলবে তারা নিজেদের মাঠে। ওই দিনই ম্যানইউকে যেতে হবে বিলবাওয়ের মাঠে। নিজেদের মর্যাদা রক্ষায় কোয়ার্টার ফাইনালে যেতে হলে যে ম্যাচে ফার্গুসনের দলকে জিততে হবে অন্তত ২-০ গোলে।পরশুর হারটি চলমান ইউরোপা লিগে নিজেদের মাঠে ম্যানইউর টানা দ্বিতীয় হার। কদিন আগেই আগের রাউন্ডেরও ফিরতি লেগে ইংলিশ পরাশক্তিরা ১-২ গোলে হেরেছিল আয়াক্সের কাছে। তবে প্রথম লেগে ২-০ গোলে জিতে থাকায় সামগ্রিকভাবে ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোর টিকিট পায় ফার্গুসনের দল। অন্যদিকে দুই লেগ মিলিয়ে আগের রাউন্ডে সিটি পর্তুগিজ লিগ ও ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন এফসি পোর্তোকে উড়িয়ে দিয়েছিল ৬-১ গোলে। শেষ ষোলোতে এসে সেই সিটিকেই খাদের কিনারায় ঠেলে দিল পর্তুগালেরই ক্লাব স্পোর্টিং। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে এগিয়ে থাকা সিটির বিপক্ষে পর্তুগিজ লিগের চারে থাকা দলকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান জান্দাও। জয়সূচক গোলটি তিনি করেছেন ৫১ মিনিটে।ওল্ড ট্রাফোর্ডে শুরু এবং শেষের দুটি গোলই ওয়েইন রুনির। ২১ মিনিটে ম্যানইউকেই প্রথম এগিয়ে দেন রুনি। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে রুনিই করেন ম্যানইউর দ্বিতীয় গোল। কিন্তু এই দুই গোলের মাঝে তিন গোল খেতে হয়েছে রেড ডেভিলডদের, যার তৃতীয় গোলটি ছিল অদ্ভুতুড়ে! রয়টার্স ও এএফপি।