একই লয়ে ছুটছে তিন দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলান, জুভেন্টাস, উদিনেসে—শিরোপার পথে তিন দল ছুটছে গা-ঘেঁষে। সেই জোটবদ্ধ যাত্রায় পরশু দল তিনটি একযোগে শুধু জিতলই না, অন্যদের সঙ্গে শিরোপা লড়াইয়ের ব্যবধানটাও আরও বড় করে ফেলল।আটলান্টাকে ২-০ গোলে হারিয়ে ফিরেছে এসি মিলান, লেচ্চের বিপক্ষে জুভেন্টাসের জয় ১-০ গোলে। এর আগে নিজেদের মাঠে উদিনেসে ১০ জনের দল হয়ে পড়া সেসেনাকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। এই জয়ে মিলান ও জুভেন্টাস—দুই দলেরই পয়েন্ট সমান, ৩৭। তবে গোল ব্যবধানে এগিয়ে মিলান। উদিনেসে আছে ২ পয়েন্ট পেছনে। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের।শিরোপার লড়াইটা যে ক্রমেই এই তিন দলের হয়ে উঠছে, স্পষ্ট হবে তা পয়েন্ট তালিকায় চোখ বুলালেই। চতুর্থ স্থানে থাকা লাৎসিওর পয়েন্ট ৩০। ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইন্টার মিলান, যারা আগের দিন পার্মাকে হারিয়েছে ৫-০ গোলে। অন্যদিকে লাৎসিও ৪-০ গোলে বিধ্বস্ত হয় সিয়েনার কাছে।তত্ত্বগতভাবে কঠিন ম্যাচই ছিল মিলানের। কিন্তু প্রথমার্ধেই ভাগ্যদেবীর সাহায্য পায় ‘রোজেনেরি’রা। ২২ মিনিটে ইব্রাহিমোভিচের পেনাল্টি গোলে এগিয়ে যায় মিলান। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন প্রিন্স বোয়াটেং। ম্যাচ শেষে মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, ‘এটা ছিল উত্তেজনাকর ও শারীরিক শক্তিনির্ভর ম্যাচ। আমরা জানতাম, আটলান্টা সমস্যা সৃষ্টি করবে।’ লেচ্চের মাঠে জুভদের জয়ের নায়ক আলেসান্দ্রো মাত্রি।শুধু ওই তিন দলই নয়, সব বড় দলের জন্যই পরশু রাতটি সাজিয়েছিল সৌভাগ্যের পসরা। পালের্মোর মাঠ থেকে ৩-০ গোলে জিতে ফিরেছে নাপোলি। ঘরের মাঠে ফ্রান্সেসকো টট্টির জোড়া গোলে রোমা ২-০ গোলে হারিয়েছে শিয়েভোকে। নাপোলি ও রোমা—দুই দলেরই পয়েন্ট তাই সমান, ২৭। তবে গোল ব্যবধানে নাপোলি ছয়ে, রোমা সাতে। এএফপি।