ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডকে নিয়ে তেমন আলোচনা নেই। পাঁড় সমর্থক ছাড়া দল দুটি নকআউট পর্বে যাবে—এমন ভাবা লোকের সংখ্যাও খুব কম। তবে ঘটনা হলো এ দুটি দলের যেকোনো একটি সেরা আটে যেতেই পারে। দুটি দলই খুব কাছাকাছি। দুই দলে বলার মতো তারকা খুব বেশি নেই, দলীয় শক্তিতেও কাউকে খুব বেশি এগিয়ে রাখা যায় না। আয়ারল্যান্ডের দলটি অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে মোটামুটি ভারসাম্যপূর্ণ। রবি কিন, শে গিভেনদের মতো পোড়-খাওয়াদের পাশাপাশি ম্যাকগিডি, লংদের মতো তরুণেরাও থাকছেন। আয়ারল্যান্ডের কোচ জিওভান্নি ত্রাপাত্তোনি খুব উচ্চাকাঙ্ক্ষী নন। জয়ের আগে তিনি ভাবছেন ড্রয়ের কথা, ‘প্রথম ম্যাচের ফল বেশ গুরুত্বপূর্ণ। দুটি ম্যাচ ড্র করলে ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে যাওয়া সম্ভব হলেও হতে পারে।’ গত ১৪ ম্যাচে অপরাজিত আয়ারল্যান্ডের আত্মবিশ্বাসের খামতি আছে বলা যাবে না, তবে আক্রমণাত্মক ফুটবলের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন না ইতালিয়ান কোচ, ‘অনেক সৃষ্টিশীল খেলোয়াড় আমাদের নেই। লাতিন দলগুলোর মতো টেকনিক্যালি নিখুঁতও আমরা নই। আমাদের নিজেদের স্বতন্ত্র একটা ধরন আছে, সেটাই আমার প্রিয়।’ অন্যদিকে গতবার শেষ আটে খেলা ক্রোয়েশিয়ায় এবারও আগের দলের অনেকেই আছেন। তাই আবারও নকআউট পর্বে খেলার স্বপ্ন তারা দেখতেই পারে। মিডফিল্ডের মধ্যমণি লুকা মড্রিচ দলের অন্যতম ভরসা, তবে ফর্মে থাকা স্ট্রাইকার নিকিতা জেলাভিচের ওপরই প্রতিপক্ষের নজর থাকবে বেশি। তবে বায়ার্ন স্ট্রাইকার ইভিকা ওলিচ চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়ায় কোচ স্লাভেন বিলিচ উদ্বিগ্ন থাকতে পারেন। দুই দলের মুখোমুখি সর্বশেষ ম্যাচটা ড্র হয়েছিল, এবারও তেমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। রয়টার্স, ওয়েবসাইট।