একই সাজঘরে হরভজন-সাইমন্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচগুলোতে ব্যাট-বলের লড়াইয়ের বাইরেও কথার লড়াই বরাবরই আলাদা উত্তাপ ছড়ায়। ক্রিকেট দুনিয়ায় হরভজন সিং আর অ্যান্ড্রু সাইমন্ডসের ‘সাপে-নেউলে’ সম্পর্কের কথা সবাই জানে। ২০০৮ সালে সিডনি টেস্টে এই দুজনের বাগবিতণ্ডার কথা এখনো মনে আছে ক্রিকেটানুরাগীদের। হরভজন নাকি সেবার সাইমন্ডসকে ‘বানর’ বলে সম্বোধন করেছিলেন। বিতর্কিত এই আচরণের জন্য তাঁর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞাও জারি করেছিল আইসিসি।আচ্ছা ভাবুন তো, হরভজন ও সাইমন্ডস একই দলে খেলছেন। সেখানেও কি সব সময় ঝগড়ায় মেতে থাকতেন দুজন, নাকি সব ভুলে পরস্পরের বন্ধু হয়ে যেতেন তাঁরা। ব্যাপারটা গল্পের প্লটের মতো মনে হলেও এবারের আইপিএল কিন্তু তেমনই একটা উপলক্ষ এনে দিচ্ছে। ক্রিকেটানুরাগীদের এমনই এক সুযোগ করে দিয়েছেন আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজের মালিক মুকেশ আম্বানি। গতকাল অনুষ্ঠিত নিলামে এই অসি অলরাউন্ডারকে তাঁরা কিনেছেন আট লাখ ৫০ হাজার ডলারে। আর হরভজন তো মুম্বাইয়ের পুরোনো সৈনিক। এর অর্থ দাঁড়াচ্ছে, দুই ‘শত্রু’ হরভজন ও সাইমন্ডস এবারের আইপিএলে একই সাজঘর ভাগাভাগি করবেন।আইপিএলের আগের তিনটি আসরে সাইমন্ডস খেলেছিলেন ডেকান চার্জার্সের হয়ে। ২০০৯ সালে দ্বিতীয় আসরে আইপিএল শিরোপাও জিতেছিলেন। এবার হরভজন-সাইমন্ডসের একই দলে খেলাটা নিশ্চয়ই পরিণত হবে আইপিএলের অন্যতম আকর্ষণে। টাইমস অব ইন্ডিয়া।