এককে ফিরছেন না হিঙ্গিস

অবসর ভেঙে ফিরেছেন। তবে তা শুধুই দ্বৈত লড়াইয়ের জন্য। এই মুহূর্তে এককে ফেরার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সু্ইজারল্যান্ডের টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।টেনিসে নিজের ‘দ্বিতীয়’ প্রত্যাবর্তনের জন্য হিঙ্গিস বেছে নিয়েছেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেন। ফেরাটা দুর্দান্তই হয়েছে পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী এই সুইসের। দ্বৈত লড়াইয়ের সঙ্গী স্লোভাকিয়ার ড্যানিয়েল হান্তাসোভাকে নিয়ে গতকাল বুধবার জিতেছেন ৬-১, ৬-১ গেমে। এ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিলেন জার্মানির জুলিয়া জর্জেস ও ক্রোয়েশিয়ার দারিজা জুরাক।
২০০৩ সালে টেনিস ছেড়েছিলেন এই সুইস তারকা। গোড়ালির চোটই ছিল অপরিণত বয়সে টেনিস ছেড়ে দেওয়ার মূল কারণ। তিন বছর পর অবশ্য টেনিসের টানেই ফিরে এসেছিলেন তিনি। কিন্তু ২০০৭ সালে ড্রাগ নেওয়ার অভিযোগ উঠলে আবার অবসরের ঘোষণা দেন মেয়েদের টেনিসের এই সাবেক এক নম্বর খেলোয়াড়। হিঙ্গিস নিজেকে নির্দোষ দাবি করলেও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। পেশাদারি টেনিসে দীর্ঘ বিরতির পর ৩২ বছর বয়সী এই সুইস তারকা গত মাসের মাঝামাঝিতে ঘোষণা দেন, আবার টেনিসে ফিরছেন তিনি। টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই আসে এই ঘোষণা।
প্রথমে শোনা যায়, শুধু দ্বৈতে খেলবেন হিঙ্গিস। পরে গুঞ্জন ওঠে তাঁর এককে ফেরা নিয়ে। তবে সেই গুঞ্জনে গতকাল জল ঢেলে দিলেন হিঙ্গিস, ‘এই মুহূর্তে এককে ফেরার পরিকল্পনা নেই। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। টুর্নামেন্টে খেলা সহজ। কিন্তু এর পেছনে যে পরিশ্রমটা দরকার, সেটা লোকে দেখে না। ছয় থেকে আট ঘণ্টা অনুশীলন করতে হয়। বয়স যত বাড়ে, এটা ততই কঠিন হয়ে পড়ে।’
শুধু ক্যালিফোর্নিয়া ওপেন নয়, হান্তাসোভাকে সঙ্গে নিয়ে টরেন্টো, সিনসিনাটি, ইউএস ওপেনেও খেলতে চান হিঙ্গিস। নতুন করে শুরু হওয়া পথচলাটা দারুণ হবে বলেই বিশ্বাস তাঁর, ‘যদি খুব খারাপ কিছু হয়, আমি চালিয়ে যাব না। তবে আশা করছি, সেটার প্রয়োজন হবে না। দলগত টেনিসে আমি যথেষ্ট ভালো ছিলাম। এ পর্যায়ে এসেও যদি যথেষ্ট লড়াই করতে পারি, তা হবে দারুণ। ’