একগুয়ে কোচদের আবেদনের প্রয়োজন নেই!
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে জাপানের বিদায়ের পর বিদায় নিচ্ছেন তাকেসি ওকাদা। নতুন কোচের সন্ধানে নেমেছে দেশটি। কিন্তু ওকাদার উত্তরসূরির যোগ্যতা কেমন হবে? কোনটিকেই বা অযোগ্যতা হিসেবে ধরা হবে? জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) প্রেসিডেন্ট মোতোয়াকি ইনুকাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একগুয়ে কোচদের এ পদে আবেদন করার প্রয়োজন নেই!টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে দেশে ফিরে এসেছে জাপান। ওকাদার উত্তরসূরি হিসেবে এখন পর্যন্ত মার্সেলো বিয়েলসা ও হোসে পেকারম্যান এই দুজনের নাম শোনা যাচ্ছে। দুজনই আবার আর্জেন্টিনার সাবেক কোচ। আগামী আগস্টে নতুন কোচ নিয়োগ করা হবে বলে অনেকের নামই এ তালিকায় যোগ হবে। তবে সম্ভাব্য কোচের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করে দিয়েছে জাপান। মোতোয়াকি ইনুকাই গতকাল সোমবার রয়টার্সকে বলছেন, ‘পরবর্তী কোচের অবশ্য নিজস্ব একটা দর্শন থাকতে হবে। তবে তাঁকে অবশ্যই একগুয়ে হলে চলবে না। একগুয়ে কোচদের এ পদে আবেদন করার প্রয়োজন নেই।’ মিডিয়ার সঙ্গে প্রায়ই দ্বন্দ্ব লাগত বিদায়ী কোচ ওকাদার। প্রায়ই মিডিয়ায় নেতিবাচক খবরের শিরোনাম হতেন তিনি। তাই নতুন কোচ নির্বাচনের আগে এ বিষয়টিতেও মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে জাপান। মোতোয়াকি ইনুকাই বলছেন, ‘মিডিয়ার সঙ্গে সদ্ভাব বজায় রাখার গুণসম্মত হতে হবে তাঁকে। স্বনামে বিখ্যাত এমন কাউকেই কেবল চাইছি না আমরা।’