একচোখা দৈত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস্টার নুপেন
বাস্টার নুপেন

তাঁর বয়স তখন মাত্র চার বছর। হাতুড়ি দিয়ে ঠোকাঠুকি করছিলেন। ধেয়ে আসা নির্মম স্প্লিন্টারের আঘাতে এক চোখ চিরতরে হারিয়ে ফেললেন। একটা চোখ ছিল না। কিন্তু ছিল স্বপ্ন। আর তাই সেই এক চোখ নিয়েই খেলেছেন ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭ টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন। দুটো চোখ থাকলে রেকর্ডটা আরও ভালো হতো নির্ঘাত।

নরওয়েজিয়ান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান পেসার বাস্টার নুপেনের আজ জন্মদিন। ১৯০২ সালের আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন ‘একচোখা দৈত্য’। সাদামাটা পরিসংখ্যান দেখে তাঁকে ‘দৈত্য’ বলে ফেলাটা অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। তবে ম্যাট উইকেটে তাঁকে কিন্তু সবচেয়ে ভয়ংকর বোলারদের একজন মনে করা হতো। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে ১৮.১৯ গড়ে ৩৩৪ উইকেট, একবার ইনিংসের ১০ উইকেটের নয়টিই তুলে নেওয়া—এসবই বলছে ম্যাট উইকেটে ইতিহাসের সেরা বোলার ছিলেন তিনি।

পুরো নাম ইওলফ পিটার ‘বাস্টার’ নুপেন। লম্বা এবং পেটানো শরীরের নুপেন দুর্দান্ত ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার ছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, এক চোখ না থাকা সত্ত্বেও বোলিং করতেন উইকেটের ডান পাশ থেকে, রাউন্ড দ্য উইকেটে! পেস বোলিংয়ের পাশাপাশি করতেন স্পিন বোলিংও। ম্যাট উইকেটে তাঁর স্পিন বেশ কার্যকর ছিল। লেজের দিকের ব্যাটসম্যান হিসেবেও ছিলেন চলনসই।

তখনকার সময়ে তিন ধরনের উইকেটে খেলা হতো। ম্যাট উইকেট, টার্ফ উইকেট, গ্রাস উইকেট। ম্যাট উইকেটেই নুপেন ছিলেন সেরা। টার্ফ উইকেটে কিংবা গ্রাস উইকেটে ছিলেন ততটাই নির্বিষ। দক্ষিণ আফ্রিকার হোম ম্যাচেগুলোই বেশি খেলতেন। ইনজুরি-প্রবণ হওয়ায় বিদেশ সফরে যাওয়া হতো না। এমসিসি ক্রিকেট দল ১৯৩০-৩১ ক্রিকেট মৌসুমে যেবার দক্ষিণ আফ্রিকা সফরে এল, নুপেন প্রথম ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন ১৫০ রান খরচায়। সেই সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংলিশ ক্রিকেটাররা যখন দক্ষিণ আফ্রিকান বোলারদের বেধড়ক মার দিচ্ছিলেন, স্রোতের বিপরীতে একচোখা নুপেন ঠিকই ৪৬ রানে ৬ উইকেট তুলে নেন।

১৯৩০-৩১ ক্রিকেট মৌসুমে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নুপেন। প্রথম ইনিংসে ৬৩ রান খরচায় ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে ৬ উইকেট, ক্যারিয়ারের সেরা বোলিং করে দলকে জিতিয়েছিলেন ২৮ রানে।

দুটো চোখই ভালো হলে নুপেন সর্বকালের সেরাদের একজন হয়তো হলেও হতে পারতেন। কিন্তু নিয়তি, সে যে বড্ড নিঠুর!