একজন অন্তর্বর্তী কোচের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুয়েক আগেও তিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের জন্য এবার মাত্র দুই সপ্তাহ জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন সাইফুল বারী (টিটো)। ঢাকা ছাড়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিততে না পারলেও হার মানবেন না। বৃষ্টি একটা মাত্র ম্যাচই হতে দিল, আর তাতে ড্র করে প্রতিশ্রুতি পূরণ করেছেন সাইফুল।কিছুদিন পর হয়তো বিদেশি কোনো কোচকেই দেখা যাবে জাতীয় দলের দায়িত্বে। ফেডারেশনের কর্মকর্তারা এরই মধ্যে বিদেশি কোচও খুঁজতে শুরু করে দিয়েছেন। কিন্তু এই দলটাকে সংগঠিত করতে একটা পরামর্শ আছে সাইফুলের। সেটি হলো, ‘এ ধরনের ম্যাচ আমাদের বেশি খেলতে হবে। এসব ম্যাচ খেললে খেলোয়াড়দের উন্নতির সুযোগ থাকে। কারণ আন্তর্জাতিক আর ঘরোয়া ম্যাচের মধ্যে অন্য রকম পার্থক্য থাকে।’ নেপালের কাছে গত ডিসেম্বরে সাফ ফুটবলে হেরেছিল বাংলাদেশ। নেপালকে যথেষ্ট সমীহ করেই এবারও তাদের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে ফেরে দলটি। তবে এই ফলেও সন্তুষ্ট সাইফুল, ‘পারফরম্যান্স খারাপ হয়নি দলের। অল্প সময়ের মধ্যে ফিজিক্যাল কন্ডিশনিং যতটুকু করিয়েছিলাম তাতে এই ফল সন্তোষজনকই। দলের সবাই প্রতিশ্রুতি রেখেছে।’ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতাকে এ দলের আরেকটি বড় দুর্বলতা হিসেবে দেখছেন তিনি, ‘ম্যাচে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের খেলোয়াড়দের নেই। আন্তর্জাতিক ম্যাচে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। না হলে সমস্যা।’ সমস্যা তো এখানেই—কালেভদ্রে এমন প্রীতি ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ!