একজন অপেশাদারের বিদায়
ঘটনাটা সেই পঞ্চাশ দশকের হলে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়া যেত। এমনকি আজকের দিনে ক্রিকেট বিশ্বকাপেও এমন খেলোয়াড়ের দেখা মেলে। তাই বলে ফুটবল বিশ্বকাপে একেবারেই ‘অপেশাদার’ ফুটবলার!হ্যাঁ, এবারের বিশ্বকাপে একমাত্র অপেশাদার ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ডের অ্যান্ডি ব্যারন। আর ব্যারনকে দিয়েই সম্ভবত শেষ হয়ে গেল শৌখিন ফুটবলারদের যুগ। বিশ্বকাপ শেষে ফুটবল, বুট তুলে রেখে পুরোপুরি ব্যাংকের চাকরিতে মন দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন ব্যারন।এমনিতে ব্যারনের দল নিউজিল্যান্ডই বিশ্ব ফুটবলে এমন কিছু আলোচ্য দল নয়। কিন্তু ব্যারনকে আলোচনায় এনেছে তাঁর ‘অপেশাদারি’। আজকের দিনে বাংলাদেশের ফুটবলাররা পর্যন্ত নামকাওয়াস্তে হলেও পেশাদার ফুটবলই খেলেন। অন্তত শীর্ষ পর্যায়ের ফুটবলারদের জীবন-জীবিকা তো চলে ফুটবল দিয়েই। সেখানে বিশ্বকাপ খেলে আসা ব্যারন পুরোদস্তুর একজন ব্যাংকার। ওয়েলিংটনের শহরতলিতে পেটোনে ক্লাবের হয়ে খেলতেন শুধু সাপ্তাহিক ছুটির দিনে। জাতীয় দলের হয়ে খেলতে হলে অফিস থেকে ছুটি নিতে হয়। সেই ছুটি নিয়েই এসেছিলেন বিশ্বকাপ খেলতে। ইতালির বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচে মাঠেও নেমেছিলেন খানিকক্ষণের জন্য। নিউজিল্যান্ডের মতো দলের খেলোয়াড় ইতালির সঙ্গে ড্র করে আনন্দে ভেসে যাওয়ার কথা। আনন্দে ভাসছিলেনও তিনি। তার পরও সেই আনন্দের সময় ফিফা ডট কম-এর সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ে গিয়েছিল ব্যাংকের কথা, ‘আমার ব্যাংকের লোকজন সত্যিই ভালো। এই টুর্নামেন্টটা খেলার জন্য আমাকে ছয় সপ্তাহ ছুটি দিয়ে দিয়েছে। আমরা আরও এগোতে পারলে আরও ছুটি চাইব।’অথচ ব্যারনের ফুটবলীয় জীবন এমন নাও হতে পারত। তিনিও চেষ্টা করেছিলেন পেশাদার ক্যারিয়ার তৈরি করতে। নিউজিল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলার পর ২০০৮ সালে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। কিন্তু তেমন কিছু করতে না পারায় দেশে ফিরতে হয়েছে খালি হাতে। তার পর থেকে ব্যাংকের চাকরিতেই মন দিয়েছেন।চাকরিতে মন দিলেও নিউজিল্যান্ড দলে তাঁর প্রয়োজনীয়তা, তাঁকে ঠিক চাকুরে হয়ে উঠতে দেয়নি। ২০০৬ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক। এরপর জাতীয় দলের জার্সি গায়ে ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।গত বছর কনফেডারেশনস কাপের দলে ছিলেন। এবার তো বিশ্বকাপই খেলে ফেললেন। কিন্তু আর না। চাকরিতেই মন দিয়ে জীবিকাটা ঠিক রাখতে চান। আর এখন অবসর নিলেও তো কোনো অতৃপ্তি নেই। সারা জীবন গল্প করার মতো উপকরণ তো পেয়েই গেছেন, ‘বিশ্বকাপের পরই আমার সরে যাওয়ার ইচ্ছে ছিল। বিশ্বকাপটা তো সবার জন্য স্বপ্নের ব্যাপার। আমি সেই বিশ্বকাপ খেলে ফেলেছি। আমার নাতি-নাতনিদের বসে এই গল্প শোনাতে পারব।’ব্যারনের সেই গল্প হয়তো হয়ে থাকবে শেষ শৌখিন ফুটবলারের গল্পও!