একজন আবদুলের স্বপ্ন
মানুষের ভাগ্যের মানচিত্র কত দ্রুতই না পাল্টে যায়! কদিন আগেও তাঁর জীবন ছিল সংশয়ের মুখে। বাড়ি ওয়াজিরিস্তানে, যুক্তরাষ্ট্রের চোখে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলটি তালেবান আল-কায়েদার স্বর্গরাজ্য। পাইলটবিহীন বোমারু বিমান দিয়ে প্রতিদিনই যুক্তরাষ্ট্র এ জায়গায়, তাদের ভাষায়, চালাচ্ছে তালেবান নিধন অভিযান। তাতে কজন তালেবান মরছে আর কজন নিরীহ মানুষ, সেই হিসাব রাখাই মুশকিল।জীবন বাঁচাতে এবং জীবিকার তাগিদে ২৫ বছরের যুবক আবদুল হক চলে যান আরব আমিরাতে। জীবনটা বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে ড্রাইভার-কাম-সুপারভাইজারের কাজ নেন নির্মাণ কোম্পানিতে। সেই স্বপ্নের পরিধি বড় ছিল না কোনোমতেই। কিন্তু স্বপ্নের চেয়ে আরও বড় কিছুই যেন ধরা দিয়েছে আবদুলের হাতের মুঠোয়। তাঁর সামনে এখন জাতীয় দলে খেলার হাতছানি!দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলতে আরব আমিরাতে আসে পাকিস্তান। এখানেই অনুশীলন নেটে বল করার জন্য স্থানীয় কিছু বোলার যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন আবদুলও। নেটে বল করেছেন দুর্দান্ত। তাঁর ফাস্ট বোলিংয়ে ঘায়েল পাকিস্তানের তারকা ব্যাটসম্যানরাও। একাধিকবার শীর্ষ ব্যাটসম্যানদের আউট করায় দ্রুতই তিনি নজরে পড়ে যান দলের কোচ ওয়াকার ইউনুস ও ম্যানেজার ইন্তিখাব আলমের। তাঁরাই আবদুলকে প্রস্তাব দেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে যোগ দেওয়ার! লাহোরের যে একাডেমি আসলে জাতীয় দলের খেলোয়াড় তৈরির কারখানা।‘কী বলব বুঝতে পারছি না। ওয়াকার নেটে আমার বোলিং দেখে মুগ্ধ হয়েছেন। এখন আমি জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছি। আমার স্বপ্ন ওয়াজিরিস্তানে একটা একাডেমিও বানানো’—শুধু নিজের নয়, ফেলে আসা জন্মভূমিকেও নিজের স্বপ্নের সঙ্গে জড়িয়ে নিয়েছেন আবদুল; দুর্গম ধূসর পাহাড়ি যে অঞ্চল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বোমার আঘাতে, যে আঘাতে প্রাণ হারিয়েছেন আবদুলের স্কুলপড়ুয়া চাচাতো ভাই তারিক আজিজ। ওয়াজিরিস্তিনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হলে আজিজের আত্মা নিশ্চয়ই শান্তি পাবে!ক্রিকেট তিনি আগেও খেলেছেন। পেশোয়ারের আঞ্চলিক ক্রিকেট, আরব আমিরাতে আসার পর খেলেছেন আবুধাবি জিমখানার হয়ে। ক্রিকেট তাঁর নেশা। জিমখানা ক্লাবের পরিচালক মোহাম্মদ ইসলাম বলেছেন, দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে নিলেও নাকি আবদুল সব সময় এক পায়ে খাড়া!প্রতিভা এবং ক্রিকেটের প্রতি এই ভালোবাসা তাঁকে অনেক দূর নিয়ে যাবে বলেই মনে করেন খোদ ওয়াকার, ‘গতি আর আমাদের সেরা কিছু ব্যাটসম্যানকে আউট করা দেখে আমি মুগ্ধ। আলমের সঙ্গে আলোচনা করার পর আমরা ওকে একাডেমিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছি যাতে ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে।’ইন্তিখাব আলম আবার একাডেমির পরিচালকও। তিনিও বলছেন, ‘ও সবাইকে মুগ্ধ করেছে, এমনকি ওয়াকারকেও, যে নিজে একসময় সেরা ফাস্ট বোলার ছিল। আমরা তাই ওকে লাহোরে আসতে বলেছি। কে জানে, পাকিস্তানের জন্য ও হয়তো একটা ভালো সম্পদও হয়ে যেতে পারে!’ইন্তিখাবের কথাটাই ঠিক। কে জানে, ভাগ্য কখন মোড় ঘুরিয়ে দেয় কার জীবনের! এএফপি অবলম্বনে।