একজন আশরাফুলের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বিরক্তির মাত্রাটা চরমে উঠল, যখন দেখলাম আশরাফুল রাজু ভাস্কর্যে আউট হয়েও টিএসসির সামনে ব্যাট করছে।’ বাংলাদেশের ব্যাটিং শেষে আমার এক বন্ধু মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে কাকে যেন এ কথাটা বলেছিল। শাহবাগ এলাকায় খেলা দেখার অভিজ্ঞতা নাই, এমন অনেকেরই হয়তো কথাটা বুঝতে অসুবিধা হতে পারে। আসল ব্যাপারটা হলো, গোটা শাহবাগ এলাকায় যে তিন-চারটা বড় পর্দায় খেলা চলে, সেগুলোর সম্প্রচারে ব্যবধান ১৫ বা ২০ সেকেন্ডের কমবেশি হয়। ফলে এক জায়গায় আশরাফুলের আউটটা একটু আগে দেখা গেছে, কোথাও একটু পরে। যা-ই হোক, একটু আগে-পরে হলেও আশরাফুল কিন্তু সত্যিই গতকাল গোটা বাংলাদেশকে হতাশার মহাসমুদ্রে ডুবিয়ে সাজঘরে ফিরেছিলেন মাত্র এক রান করে। এ হতাশা অবর্ণনীয়। সেই সময়টা ছিল দুঃখ-রাগ-ক্ষোভ-হতাশা মিলে তৈরি হওয়া একটা ভয়ানক বিভীষিকাময় পরিস্থিতি। স্কোর বোর্ডে মাত্র ১৫১ রান। আশরাফুল ফিরে গেলেন ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে। হতাশায় বেচাবিক্রি বাদ দিয়েছিলেন চায়ের দোকানদারেরা। রাগে-ক্ষোভে আশরাফুলের কুশপুত্তলিকা পোড়ানোর পরিকল্পনা শুরু করেছিলেন অনেকেই। আর অবর্ণনীয় বিভিন্ন খিস্তি খেউরের কথা না হয় না-ই বললাম। কেন আলাদা করে শুধু আশরাফুলের ওপরই রাগ বাংলাদেশের মানুষের? এক ম্যাচে না হয় খেলতে পারেননি। কী হয়েছে তাতে? কিন্তু কাহিনির শুরুটা তো শুধু এই এক দিনেই হয়নি। এই রাগ-ক্ষোভ-হতাশার সে ইতিহাস মোটামুটি লম্বাই। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠানের যে উত্তাপ-উত্তেজনা, তার সঙ্গে প্রায় হাতে হাত ধরে হেঁটেছে আশরাফুল-বিতর্ক। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যানটিকে দলে নেওয়া হবে কি হবে না, সেই বিতর্ক। ব্যাট হাতে মাঠে নামলে যে রান করতে হয়, দীর্ঘদিন ধরে সেটাই যেন ভুলে গিয়েছিলেন আশরাফুল। তাই বিশ্বকাপ কাউন্টডাউন শুরু হওয়ার পর থেকেই উঠে গেল সেই মোক্ষম প্রশ্ন। কী হবে আশরাফুলের বিশ্বকাপ ভাগ্য? শেষ মুহূর্তে এই প্রশ্নেই নড়েচড়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন।শুরুর দিকে নির্বাচকদের দলে জায়গা হয়েছিল আশরাফুলের। কিন্তু বিসিবির টেকনিক্যাল কমিটির নাকি সেই দল পছন্দ হচ্ছিল না। কমিটির সদস্যরা নাকি দলে আশরাফুলের জায়গায় অলোক কাপালিকে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। পুরো ব্যাপারটি নিয়ে নির্বাচক কমিটির সঙ্গে বিসিবির টেকনিক্যাল কমিটির দ্বন্দ্বও নাকি শুরু হয়েছিল। এ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখিও হলো। পিছু হটল টেকনিক্যাল কমিটি। প্রায় ছেড়ে দেওয়া একটা ট্রেনে শেষ মুহূর্তে জায়গা পেলেন আশরাফুল। সে সময়ই বিসিবির এই সিদ্ধান্ত খুশি মনে মেনে নিতে পারেননি বাংলাদেশের অনেক ক্রিকেটপাগল মানুষ। আবার ‘ঠিক আছে মাঠে দেখা যাবে’ বলে মেনে নিয়েছিলেন অনেকে। এখানেই শেষ নয়। এরপর খবর পাওয়া গেল অনুশীলনে নাকি তার প্রতি বিমাতাসুলভ আচরণ করছেন কোচ জেমি সিডন্স। আবার আরেক প্রস্থ পত্রিকার শিরোনাম হলেন আশরাফুল। অবশেষে সব ঝক্কি-ঝামেলা শেষে মাঠে গড়াল খেলা। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটা তিনি মাঠের বাইরে থেকেই দেখলেন। ফিরলেন গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে তিনি কী করলেন, সেটা তো বলা হয়েছে আগেই। সবার কাছেই আশরাফুল হয়ে উঠলেন ভয়ানক এক ‘শত্রু’। সাংবাদিকদের কেউ কেউ তো ‘একজন ব্যাটসম্যানের বিদায়’ শিরোনামের এলিজি লেখাও শুরু করে দিয়েছিলেন। আর যাঁরা আশরাফুলের অভিজ্ঞতা-সম্ভাবনার ওপর একটু ভরসা করেছিলেন, তাঁরা হলেন চরম বিরক্ত, যারপরনাই হতাশ।আশরাফুল কি ব্যাট হাতে নামার সময় একটুও ভেবেছিলেন যে তাঁকে দলে জায়গা দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে সরিয়ে? আগের ম্যাচে মাহমুদউল্লাহ যে ৬টি রান করেছিলেন, সেই অঙ্কটা অন্তত তাঁর ছোঁয়া উচিত? সেই ছয়টা রানই যে গতকালের ম্যাচের জন্য ছিল অনেক কিছু...। ফিল্ডিং করতে মাঠে নামার সময় হয়তো এসব চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছিল আশরাফুলকে। তাই হয়তো বল হাতে দুটো উইকেট নিয়ে ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু বাংলাদেশের ২৭ রানের ঘামঝরানো জয়ের জন্য কিন্তু এটা যথেষ্ট ছিল না। আশরাফুল ধন্যবাদ দিতে পারেন শফিউলকে। স্বপ্নের মতো এক স্পেল (৬-১-১০-৪) দিয়ে বাংলাদেশকে রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছেন এই পেসার। এ ছাড়া হয়তো নিজেকে দর্শক-সমর্থকদের সমালোচনার আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারতেন না আশরাফুল। আমাদের ক্ষুব্ধ সমর্থকেরা আরও কত কী করতে পারতেন আমরা অনুমান করে নিতে পারি।সেদিকে শেষ পর্যন্ত যেতে হয়নি, বাংলাদেশের বর্ণিল বিশ্বকাপটা ফ্যাকাশে হয়ে যায়নি এটাই অবশ্য এখন সবচেয়ে বড় ব্যাপার। তবে আশরাফুল-বিতর্কটা কিন্তু আবার নতুন করে জাগিয়ে তুললেন আশরাফুল নিজেই। আমরা কিন্তু বোলার আশরাফুলকে চিনি না। আমরা চিনি ব্যাটসম্যান আশরাফুলকে, যাঁর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে আমরা একদা হারিয়েছিলাম বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। গতকালের ম্যাচে সেই ব্যাটসম্যান আশরাফুলের পারফরম্যান্স সম্পর্কে আমার ওই বন্ধুর মন্তব্য দিয়েই শেষ করি। ‘আরে, আশরাফুল কী “ডাক” মারার মতো ব্যাটসম্যান নাকি? ১ রান করছে মিয়া!’ আশরাফুল আর আশরাফুল-ভক্তরা কী এটাকেই সান্ত্বনা ধরে নেবেন?