একজন ক্রুইফকে আনছে বাফুফে
জাতীয় দল ও একাডেমির জন্য ডাচ কোচ আনার ঘোষণা আগেই দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। নতুন কোচকে সবাই এক নামেই চিনবেন, বলেছিলেন বাফুফে সভাপতি। কিন্তু জাতীয় দলের প্রধান কোচ হয়ে তেমন বিখ্যাত কেউ আসছেন না। নামের সঙ্গে ক্রুইফ আছে। কিন্তু ইনি ইয়োহান ক্রুইফ নন, লোডভিক ডি ক্রুইফ। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি লোডভিক ডি ক্রুইফ ঢাকায় আসছেন। তাঁর সঙ্গে বাফুফের ফুটবল একাডেমির প্রধান কোচ হিসেবে আসছেন রেনি কোস্টার। তিনি ক্রুইফের সহকারি হিসেবেও কাজ করবেন।লন্ডনে কাল এই দুই কোচের সঙ্গে আলোচনায় বসেন বাফুফে সভাপতি। সেখানেই এই দুই ডাচ কোচের সঙ্গে কথাবার্তা হয়েছে। লন্ডন থেকে মুঠোফোনে সালাউদ্দিন বলেন, ‘দুই কোচই বাংলাদেশে কাজ করতে সম্মতি দিয়েছেন। ৭ জানুয়ারি এই দুই কোচ ঢাকায় আসবেন। সঙ্গে আসবেন তাঁদের এজেন্ট। ৯ ও ১১ জানুয়ারি বাংলাদেশ লিগের দুটি ম্যাচ দেখে তাঁরা ১২ তারিখ ফিরে যাবেন। এখানে বাসস্থানসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেখে পছন্দ হলে যাওয়ার আগে চুক্তি করবেন। আমি আশা করি চুক্তিটা হবে। এরপর কয়েক দিনের মধ্যে ফিরে এসে কাজ শুরু করবেন দুই কোচ।’ সালাউদ্দিন এখনই সাফল্যের জন্য বড় কোনো শর্ত চাপিয়ে দিতে চান না কোচদের ওপর। বলছেন, ‘দুই কোচকে বলেছি, মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপ আমাদের মূল লক্ষ্য নয়। তবে সেপ্টেম্বরে সাফ ফুটবলই আসল চ্যালেঞ্জ। ওই টুর্নামেন্টে ভালো করতেই হবে। আপাতত দুই বছরের চুক্তি করব। দুই কোচের মাসিক বেতন হবে ৩৫ হাজার ইউরোর মতো।’ দুই কোচের অতীত অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলেননি সালাউদ্দিন। এটুকুই শুধু জানালেন, ‘ওঁরা ঢাকায় এসে নিজেদের সম্পর্কে বলবেন, আমি তাই কিছু বলছি না। জাতীয় দলের প্রধান কোচ ডাচ জাতীয় দলে খেলেননি। তবে ডাচ ও বেলজিয়াম লিগে খেলেছেন।’ইন্টারনেটে সার্চ দিয়ে জানা গেল, জাতীয় দলের সম্ভাব্য কোচ লোডভিক সর্বশেষ নাইজেরিয়ান ক্লাব হার্টল্যান্ডের কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে হার্টল্যান্ড নাইজেরিয়ান এফএ কাপ জিতেছে। বয়স ৪৩। ছিলেন ডিফেন্ডার। দুই বছর খেলেছেন ডাচ ক্লাব ওএসএস এফসিতে।২০২২ কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন সালাউদ্দিন। শুধু স্বপ্ন নয়, ভিশন ২০২২ ঘোষণাও করেছেন। সেই লক্ষ্যে জাতীয় দল গড়ে তুলতে চান ভালোভাবে। সম্প্রতি জাতীয় দল নেপাল, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলানো হয়েছে জাতীয় দলকে। এখন দুই ডাচ কোচ দায়িত্ব নিলে বাংলাদেশ দলকে তাঁরা কীভাবে গড়ে তুলবেন, সেই আলোচনাও হয়েছে কাল লন্ডনে।বাংলাদেশ ফুটবল দলের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন মেসিডোনিয়ান ইলিয়েভস্কি। গত বছর ডিসেম্বরে দিল্লিতে সাফ ফুটবলের পর তাঁকে বিদায় করে দেওয়া হয়। মাঝে বাংলাদেশের তিনটি প্রীতি ম্যাচে কোচ ছিলেন সাইফুল বারী। অবশেষে এক বছরের বেশি সময় পর বিদেশি কোচ পেতে যাচ্ছে জাতীয় দল।