একজন জাহানারার অবসর
১৯৮৬ সাল। নাটোরের গুরুদাসপুর থানার ২১ বছরের এক তরুণীকে তুলে আনল বাংলাদেশ আনসার। খেলোয়াড় কোটায় চাকরি হলো, কাজ শুধু হ্যান্ডবল খেলা। সে বছরই জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের ক্রীড়ামঞ্চে আগমন। সেই যাত্রা সাঙ্গ হলো কাল। ২৬ বছর দাপিয়ে শুধুই হ্যান্ডবল খেলে অবসর নিলেন জাহানারা বেগম। বাংলাদেশের খেলাধুলার সংসারে কত অজানা নাম আছে, যাঁদের প্রাপ্তি বলতে শুধুই খেলার আনন্দ। ফুটবল-ক্রিকেট খেললে তবু লোকে একটু চেনে। বাকি অনেক খেলায় গোটা জীবন উৎসর্গ করলেও বেশির ভাগই প্রচারের আড়ালেই থেকে যান। জাহানারা বেগমও এমনই একজন। তবে কাল বিকেলে পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে তাঁর বিদায়টা সাড়ম্বরই হলো। সতীর্থদের কাছ থেকে পাওয়া ফুলেল সংবর্ধনায় তিনি আপ্লুত, ‘এত ভালো লেগেছে যে বলার মতো নয়।’ তবে অতৃপ্তি একটা থাকলই। ইচ্ছা ছিল, জাতীয় হ্যান্ডবলের ফাইনালে বিদায় বলবেন। কিন্তু পরিস্থিতির কারণে কাল সেমিফাইনালেই ইতি টানতে বাধ্য হলেন দীর্ঘ ক্যারিয়ারের। শেষ ম্যাচেও অবশ্য জিততে দেখলেন আনসারকে। বিভিন্ন টুর্নামেন্টে ১৫-১৬ বার সেরা খেলোয়াড় হয়েছেন। খেলেছেন জাতীয় দলেও। জাতীয় দলের অধিনায়কও ছিলেন। তাঁর সমকালীন খেলোয়াড়েরা বিদায় নিয়েছেন বেশ আগেই। সংসার সামলে খেলা অনেক কঠিন। ‘সেই কঠিনেরেই ভালোবাসিলাম’ প্রতিজ্ঞাই এত বছর চালিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে জাহানারাকে। বছর খানেক আগে মাকে হারিয়েছেন। মা-ই ছিল তাঁর পথ চলার বড় সহায়। ‘আমার ছেলেমেয়েকে মা দেখাশোনা করতেন। মা সহযোগিতা না করলে হয়তো এত দিন খেলতে পারতাম না। স্বামীও অনেক সহযোগিতা করেছেন’—বলতে বলতে চোখ ছলছলে দুই সন্তানের জননী ৪৭ পেরোনো জাহানারার।একমাত্র ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে। মেয়ে পড়ছে ষষ্ঠ শ্রেণীতে। ছেলেমেয়েকে নিয়েই এখন তাঁর সব ভাবনা। ওদের কথা ভেবেই আনসারের চাকরিটা চালিয়ে যাবেন যত দিন পারেন। সেই ’৮৬-তে এসে উঠেছিলেন আনসারের সদর দপ্তর সফিপুরে। আজও সেখানেই আছেন। পেয়েছেন কোয়ার্টার। বিদায়বেলায় আক্ষেপের কথাও বললেন, ‘ফেডারেশন আজ একটা মেডেল দিয়ে দায়িত্ব শেষ করেছে। কই, জীবনে তো আর কিছু পেলাম না। আনসার আমাকে আর খেলাতে চাইছিল না। বয়স হয়েছে। পায়ে ব্যথা।’ বলেই আবার মনে পড়ে যায় আনসারের কল্যাণেই এত দূর আসা, ‘আনসার আমাকে অনেক সমর্থন দিয়েছে। বলেছে, আমাকে প্রয়োজনে নাটোরে পোস্টিং দেবে। যাতে বাড়িতে থেকেই আমি অফিস করতে পারি। এখন আমি হ্যান্ডবল কোচ হিসেবে কাজ করতে চাই।’খেলার জন্য কম ত্যাগ স্বীকার করেননি, ‘২০০২ সালে বাংলাদেশ গেমস খেলার সময় ঢাকায় ছিলাম। আমার নয় মাসের মেয়ে অসুস্থ হয়ে মারা গেল। তিন দিন পর বাড়ি গিয়ে ওর কবর দেখলাম। খেলা ছিল বলে মায়ের মৃত্যুর সময়ও পাশে থাকতে পারিনি। সব সময়ই একটা কথা শুনতে হয়েছে, তোমাকে খেলতেই হবে।’ জাহানারা বেগমও ২৬ বছর ধরে খেলেই গেলেন!