একজন ধরমবীরের গল্প
তাঁর পুরো নাম ধরমবীর পাল সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি-রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনিদের পিছু ধাওয়া করে এসেছেন ‘বাঙাল-মুলুকে’। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্ম-বেড়ে ওঠা। শারীরিক প্রতিবন্ধকতা বিরত রাখতে পারেনি ক্রিকেটকে ভালোবাসা থেকে। নিজ দেশে খেলেন প্রতিবন্ধীদের ক্রিকেটে। ভারতীয় দলের সঙ্গে ঘুরে বেড়ান পৃথিবীময়। সঙ্গে থাকে ক্রিকেটের প্রতি ভালোবাসা আর টিম ইন্ডিয়ার প্রতি একরাশ শুভকামনা।
গতকাল মিরপুর স্টেডিয়ামের মিডিয়া ব্লকে দেখা হলো তাঁর সঙ্গে। ছোটবেলায় পোলিও পা দুটোকে করে দিয়েছে অকেজো। প্রচণ্ড কষ্ট হয় হেঁটে বেড়াতে, দাঁড়িয়ে থাকতে। কিন্তু ক্রিকেটের প্রতি যাঁর ভালোবাসা অকৃত্রিম, শারীরিক কষ্টের সাধ্য কী তাঁকে ঠেকিয়ে রাখার!
মিডিয়া ব্লকে ধরমবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন দেখছিলেন। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফিদের অটোগ্রাফ নেবেন। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ঘুরে বিশ্বের প্রায় সব টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের অটোগ্রাফই খাতাবন্দী করেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের অটোগ্রাফ নেওয়া হয়নি। মিডিয়া ব্লকের খালি জায়গার গ্রিল ধরে দাঁড়িয়ে বারবারই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের। ডেকে ডেকে একবার দলের টিম অপারেশন্স ম্যানেজার সাব্বির খানের শ্যেন দৃষ্টিও পেলেন। কিন্তু ধরমবীর দৃঢ়প্রতিজ্ঞ, তিনি নিয়েই ছাড়বেন সাকিবদের অটোগ্রাফ।
ভারত বাদ দিয়ে বাংলাদেশ দলের অনুশীলনে কেন? ধরমবীর বললেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের অটোগ্রাফ নেব। তুমি জানো, মাশরাফি আমার খুব ভালো বন্ধু? ওকে বলেছি। সে অবশ্যই একটা ব্যবস্থা করবে।’
মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ধরমবীরের পরিচয় অনেক দিনের। ম্যাশ যখন আইপিএল খেলতে গিয়েছিলেন। নেট থেকে বোলিং করে ছায়ায় ফেরার সময় মাশরাফিকে চিত্কার করে ডাকলেন ধরমবীর। মাশরাফিও হাত নেড়ে যেন বললেন, ‘দাঁড়াও, অনুশীলন শেষ করেই কথা বলছি।’
বাংলাদেশ তাঁর দারুণ লাগছে। কেবল একটি জিনিস ছাড়া। সেটা ট্র্যাফিক জ্যাম, ‘তোমাদের শহরে এত গাড়ি কেন? ঠিক যেন ২০ বছর আগের কলকাতা। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এত সমস্যা। ভালো বাস সার্ভিসই নেই।’
প্রতিবন্ধী ধরমবীরের জন্য এই শহরটা আসলেই বড্ড প্রতিবন্ধকতায় মোড়া। বিমানবন্দরে নেমেই সিএনজিচালিত অটোরিকশার চালকের প্রতারণার ফাঁদে পড়তে হয়েছে। বিমানবন্দর থেকে মিরপুর আসতে সিএনজিওয়ালা তাঁর কাছ থেকে ভাড়া হাঁকিয়েছে ১০০০ টাকা। ঘটনাটা শুনেই এই প্রতিবেদকের লজ্জিত মুখায়বের দিকে তাকিয়ে সান্ত্বনার বাণী তাঁর, ‘এটা ব্যাপার না। সব শহরেই ভ্রমণকারীদের এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়। আমাদের দিল্লি, মুম্বাইয়ে তো এই ঘটনা মুড়ি-মুড়কির মতো।’
বরং বাংলাদেশের আতিথেয়তায় তিনি মুগ্ধ, ‘আতিথেয়তায় তোমাদের কেউ পেছনে ফেলতে পারবে না। জানো, এরই মধ্যে আমার কত বন্ধু জুটে গেছে। মিরপুরের কয়েকজন অধিবাসী আমাকে বাড়িতে নিয়ে খাইয়েছে। দাওয়াত খেতে গিয়ে তো আমার চোখ ছানাবড়া। এত পদের খাবার! ভাবা যায় না।’
নিজে থেকেই পাকিস্তানি আর বাংলাদেশিদের একটা পার্থক্য টানলেন ধরমবীর। এটা তাঁর পাকিস্তান সফরের অভিজ্ঞতা থেকেই, ‘বাংলাদেশিদের সঙ্গে পাকিস্তানিদের কোনো তুলনাই হয় না। তোমরা কীভাবে ওদের সঙ্গে এক দেশ হয়ে ছিলে? ওরা ভালো ব্যবহার জানে না। করাচিতে আমি আমার শারীরিক প্রতিবন্ধকতার জন্য কটাক্ষের শিকার হয়েছিলাম। আমি খুব কষ্ট পেয়েছি। এখানে সবাই আমাকে আপন করে নিয়েছে। সবাই আমার সঙ্গে এমনভাবে কথা বলে, যেন আমি তাদের মতোই সুস্থ-স্বাভাবিক মানুষ।’
ক্রিকেটে তাঁর ধ্যান-জ্ঞান ভারতীয় দল। মজার ব্যাপার হচ্ছে, ভারতীয় দলে তাঁর কোনো প্রিয় খেলোয়াড় নেই, ‘প্রিয় খেলোয়াড়টা তো কিছু দিন আগে অবসরে চলে গেল। শচীন টেন্ডুলকার!’ বলেই ব্যাগ থেকে বের করে টেন্ডুলকারের সঙ্গে নিজের ছবিটা বের করে দেখালেন। ‘জানো, আমি ক্রিকেট খেলি শুনে শচীনজী আমাকে অনেক টিপস দিয়েছে। তার মতো অসাধারণ মানুষ খুব কমই আছে। কথা বললে মনে হয়, এটাই কি সেই শচীন, যে বোলারদের মেরে মাঠেই শুইয়ে দেয়!’
ধরমবীরের প্রত্যাশা, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে তাঁর দেশ। তবে বাংলাদেশের জন্যও রয়েছে তাঁর দুর্বলতা, ‘ভারত ছাড়া আর কেউ বিশ্বকাপ জিতুক, আমি স্বভাবতই চাইব না। কিন্তু আমি চাই বাংলাদেশ ভালো খেলুক। পাকিস্তান, অস্ট্রেলিয়াকে হারাক। তবে ভারতকে হারালে খুব কষ্ট পাব।’ বলেই হেসে ফেললেন।
অনেকক্ষণ কথা বলে ধরমবীর একটু যেন উসখুস করছিলেন। ব্যাপারটা আর কিছুই নয়। তখনো বাংলাদেশি ক্রিকেটারদের অটোগ্রাফ নেওয়ার কোনো সম্ভাবনা তৈরি করতে পারেননি তিনি। বিদায় নিয়ে চলে আসার সময় শোনা গেল ধরমবীর নাসিরের নাম ধরে ডাকছেন, ‘নাসির ভাই! নাসির ভাই!!’ নাসির শুনলেন কি না, বোঝা গেল না। তবে এটা নিশ্চিত, ক্রিকেটকে নিরন্তর ভালোবেসে যাওয়া একজন ধরমবীরের ডাক তাঁরা কিছুতেই উপেক্ষা করতে পারবেন না।
ক্রিকেট বেঁচে আছে এই ধরমবীরদের জন্যই!