একজন নামে জাদুকর, আরেকজন কাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে আলেসান্দ্রো সাবেলার দুটি নাম ছিল। একটি ‘পাচুরা’। আক্ষরিক অর্থ ‘ঢিলা’। নামকরণের ঠিকঠাক মাহাত্ম্য বোঝাতে ‘মালগাড়ি’ কথাটা সম্ভবত আরও ভালো হয়। কারণটা অনুমান করে ফেলার কথা। মাঠে রিকলমে টাইপ চলাফেরা।
এটি নিয়ে যদি সাবেলার কোনো আপত্তি থেকে থাকে, অন্যটি নিয়ে অবশ্যই থাকার কথা নয়। ‘এল মাগো’—যার অর্থ ‘দ্য ম্যাজিশিয়ান’। জাদুকর।
এই বিশ্বকাপে অবশ্য সাবেলাকে কেউ ম্যাজিশিয়ান বলছেন না। যাঁকে তা বলা হচ্ছে, তিনি আজ অ্যারেনা করিন্থিয়ানসে তাঁর পাশের ডাগআউটে বসবেন। লুই ফন গাল। ইউরোপের সবচেয়ে সমীহজাগানো কোচের তালিকায় নামটা আগে থেকেই ছিল। কিন্তু এই বিশ্বকাপে আগের সবকিছু ছাপিয়ে লুই ফন গাল এক বিস্ময়ের নাম। আরিয়েন রোবেন যাঁর বর্ণনায় ভাষা হারিয়ে ফেলছেন। ‘সুপার্ব’, ‘ম্যাজিক’, ‘পারফেক্ট’ এমন তিনটি বিশেষণ ব্যবহার করেও তাঁর মনে হচ্ছে, ফন গালকে ঠিক বোঝানো যাচ্ছে না।
ফুটবল ম্যাচে মাঠের লড়াইয়ের আড়ালে দুই কোচের লড়াইও থাকে। আজ সাও পাওলোতে আর্জেন্টিনা-হল্যান্ড সেমিফাইনাল তাই সাবেলা ও ফন গালের কৌশলের লড়াইও। সেটিতে কে জেতেন কে জানে, তবে ম্যাচ শুরুর আগে ফন গাল ‘১০-০ গোলে’ এগিয়ে।
এই বিশ্বকাপে কোচ সাবেলা আলোচনায় এসেছেন মূলত বসনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ৫-৩-২-এ নামিয়ে। মেসির আপত্তিতে বিরতির পরই যা ৪-৩-৩ হয়ে যায় এবং এর পর থেকে আর বদলায়নি।
খেলার মাঝখানে ফর্মেশন পরিবর্তন করে আলোচনায় এসেছেন ফন গালও। তবে ঘটনা এখানে বিপরীত। মেক্সিকোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর ডিফেন্সে একজনকে কমিয়ে আক্রমণে লোক বাড়ানোটাকে দেখা হচ্ছে ‘ট্যাকটিক্যাল জিনিয়াস’ হিসেবে।
সত্তরের দশকে রাইনাস মিশেলসের টোটাল ফুটবল তত্ত্বের মূল কথাই ছিল, সবাইকে সবকিছু করতে হবে। বল পায়ে থাকলে সবাই অ্যাটাকার। না থাকলে সবাই ডিফেন্ডার। বাস্তবে তো আর এটা সম্ভব নয়। তবে কিক অফের পর পরিস্থিতি অনুযায়ী ফর্মেশন ভেঙেচুরে একাকার করে দিতেন ক্রুইফরা। অতটা না হলেও এই ডাচ দলও তা করছে। একই ম্যাচে কখনো একাধিকবার ফর্মেশন বদলাচ্ছে এবং ফন গাল মাঠে সেটি রূপায়ণের দায়িত্ব দিয়েছেন ফন পার্সি ও ডার্ক কাউটের ওপর।
এই বিশ্বকাপে ফন গাল এখন পর্যন্ত যা ছুঁয়েছেন, তা-ই সোনা হয়ে গেছে। মেক্সিকোর বিপক্ষেই অধিনায়ক ফন পার্সিকে তুলে নিয়ে নামিয়ে দিলেন হান্টেলারকে। সেই হান্টেলার পেনাল্টিতে জয়সূচক গোলটিই শুধু করেননি, এর আগে স্নাইডারের সমতা আনা গোলটিতেও অবদান ছিল তাঁর।
সবচেয়ে আলোচিত খেলোয়াড় বদলের ঘটনা অবশ্য কোস্টারিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। অতিরিক্ত সময় শেষ হয় হয় সময়ে টাইব্রেকার অবশ্যম্ভাবী বুঝতে পেরে এক নম্বর গোলরক্ষক সিলেসেনকে তুলে নামিয়ে দিলেন টিম ক্রালকে। সেই ক্রালই দুটি পেনাল্টি ঠেকিয়ে হয়ে গেলেন জয়ের নায়ক। ফন গাল যে এমন একটা ‘জুয়া’ খেলতে যাচ্ছেন, ক্রাল ছাড়া আর কেউ নাকি সেই আভাসও পায়নি।
কোনো কোচের ব্যতিক্রমী সব সিদ্ধান্ত এমন অবিশ্বাস্য রকম কার্যকর প্রমাণিত হলে তাঁর বন্দনা হবেই। তবে লুই ফন গালের সবচেয়ে বড় কৃতিত্ব খেলোয়াড়দের এক সূত্রে গেঁথে রাখা। ডাচ ফুটবলাররা প্রকৃতিগতভাবেই কোনো কিছু বিনা প্রশ্নে মেনে নেওয়ার পাত্র নয়। সব ব্যাপারেই তাঁদের তীব্র মত আছে। কোচের ট্যাকটিকসও এর বাইরে নয়। যে কারণে অনেকবারই অন্তঃকলহ কাল হয়েছে হল্যান্ড দলের। ১৯৯০ বিশ্বকাপ যেটির সবচেয়ে বড় উদাহরণ। রুদ খুলিত-বাস্তেন-রাইকার্ডদের হল্যান্ড নিজেরাই নিজেদের কবর খুঁড়েছিল সেবার। সেখানে এবারের হল্যান্ড দল একেবারে এককাট্টা। ফন পার্সিকে তুলে নিচ্ছেন কোচ, পার্সি উল্টো কোচের প্রশংসায় পঞ্চমুখ। সিলেসেনকে তুলে নেওয়ার পরও তিনিও তা-ই।
সাবেলা অবশ্য এ ব্যাপারে আগে থেকেই সাবধান ছিলেন। দলে ঝামেলা করতে পারে, এমন কাউকে রাখেনইনি। তেভেজ-হেইঞ্জদের বিশ্বকাপে দর্শক হয়ে থাকা নাকি এ কারণেই। আর্জেন্টিনা দল টুর্নামেন্টে যত এগিয়েছে, সাবেলাও আস্তে আস্তে স্বরূপে দেখা দিয়েছেন। বলছি সংবাদ সম্মেলনের সাবেলার কথা। প্রথম দুটি সংবাদ সম্মেলনের সাবেলা এমন নীরস-বিরক্তিকর যে, মেলাতে কষ্ট হচ্ছিল এই লোকটাই না বাংলাদেশ সফরে গিয়ে কী সুন্দর কথা বলেছিল!
এখন বোঝা যাচ্ছে, প্রচণ্ড চাপেই আসলে অমন গুটিয়ে ছিলেন। নইলে নেইমার ছিটকে পড়ার পর কি বলতে পারেন, এমন খেলোয়াড়কে হারালে ফুটবলেরই অশ্রু ঝরে। বেলজিয়ামের বিপক্ষে জয়ের পরও কাব্যিক সাবেলা, ‘ও আমাদের জন্য মরুভূমিতে জল সিঞ্চন করে। ওর পায়ে বল যাওয়া মানেই এক ঝলক তাজা বাতাস।’
লুই ফন গালের ওপর সে অর্থে কোনো চাপ ছিল না। বিশ্বকাপ নিয়ে ডাচরাই এবার বড় কোনো আশা করেনি। ডাচ ফেডারেশন সেমিফাইনালকে মোক্ষধাম ঠিক করেছিল। ফন গাল তখনই বলে দিয়েছিলেন, ‘আট থেকে দশটি দল আছে যারা আমাদের চেয়ে ভালো। আমাদের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ২০ ভাগ।’
অনেকে ওটুকু সম্ভাবনাও দেখেননি। হল্যান্ডের নামী ফুটবল সাময়িকী এলফ্ ভোয়েটবাল-এর সম্পাদক ইয়ান-হারমেন ডি ব্রুইন বিশ্বকাপের ড্রয়ের পরই ঘোষণা করে দিয়েছিলেন, ‘আমাদের মাত্র দুজন বিশ্বমানের খেলোয়াড় আছে। বাকি সবাই গড়পড়তা। এই দল নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।’
এই বিশ্বকাপ নিয়ে ডাচ-নৈরাশ্যের প্রকাশ ঘটেছে বেসক্যাম্প নিয়ে জটিলতাতেও। রিওর ইপেনামা সৈকতে সিজার পার্ক হোটেলে বেসক্যাম্প করেছিল হল্যান্ড। করেছিল, কারণ এখন আর সেটি নেই। ডাচ ফুটবল ফেডারেশন হোটেলের সঙ্গে চুক্তি করেছিল ৭ জুলাই পর্যন্ত। সেটিকেও নাকি বেশি বলে মনে করেছিলেন অনেকে। ফাইনালের জন্য ফিফা ৮ জুলাই থেকে ওই হোটেল বুক করে রেখেছে। আজ জিতে গেলে হল্যান্ডকে তাই নতুন বেসক্যাম্প খুঁজতে হবে।
এই ‘মধুর যন্ত্রণা’ বোধ হয় সানন্দেই ভোগ করবে ডাচরা।