একজন বোল্টের মা
উসাইন বোল্ট, টাইসন গে, আসাফা পাওয়েল—প্রতিযোগীদের নামই বলে দিচ্ছে, আজ স্টকহোমে গতির ঝড় ওঠার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আসাফা পাওয়েল চোটের জন্য সরে দাঁড়ানোয় স্টকহোম ডায়মন্ড লিগের উত্তেজনাটা একটু কমে গেল। কিন্তু উত্তেজনা তো থাকছে। অন্তত বোল্টকে নিয়ে উত্তেজনা আছে, যদি তিনি অতিমানবীয় কিছু করে দেখান! উত্তেজনা ধরে রাখতে কষ্ট হলে সমস্যা নেই। বোল্ট কী করবেন, সেটা আগেই জেনে নিতে পারেন। একজন অন্তত জানেন, বোল্ট কী করতে যাচ্ছেন। সেই মানুষটির নাম জেনিফার বোল্ট, উসাইন বোল্টের মা। ছেলের ফলাফল নিয়ে তাঁর মধ্যে কোনো উত্তেজনা নেই। বোল্ট কেমন করবেন, সেটা আগেই বলে দিলেন জ্যামাইকান এই ভদ্রমহিলা, ‘ও যদি ভালো অনুশীলন করে, তাহলে দ্রুত দৌড়াতে পারবে। আর দিনটা ওর জন্য ভালো হলে ও আবার রেকর্ডও করে ফেলতে পারবে। তবে সর্বোচ্চ কত দ্রুত দৌড়াতে পারে, সেটা ঠিক বলতে পারব না।’হাসছেন? ভাবছেন, এসব তো আমিও জানি। আপনার জানা আর একজন মায়ের জানা এক কথা নয়। পৃথিবীর দ্রুততম মানুষ বোল্ট। বলা হয়, মানুষের গতিসীমার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে এই জ্যামাইকান তরুণের শরীরে। কিন্তু যখন প্রশ্নটা একজন মায়ের সন্তানের, তখন বোল্ট স্রেফ আর দশটা ছেলের মতো একটি ছেলে। জেনিফার বলছেন, আর দশটা ছেলের মতোও নয়, বোল্ট আরও অনেক বাধ্য-শান্ত একটা ছেলে। বোল্ট কীভাবে দৌড়াবেন, এটা শেখানোর মতো যোগ্যতা এই দুনিয়ায় কারও থাকার কথা নয়। কিন্তু বোল্টের মায়ের দাবি, তিনি যা বলেন, ছেলে তাই করে, ‘ওর সঙ্গে আমার সম্পর্কটা অসাধারণ। আমি ওকে খুব উত্সাহ দিই, বন্ধুর মতো কথা বলি। কোনো কিছু করতে চাপ দিই না। কিন্তু ওকে যা বলি, তাই করে। যদি না পারে তো বলে, ‘‘মা, কাজটা সোজা না”।’ছেলের ওপর মায়ের অধিকার তো সবচেয়ে বেশিই থাকার কথা। বোল্টেরও মায়েরও নিশ্চয়ই তাই। তবে জেনিফার বলছেন, বাবা-মা দুজনেরই খুব বাধ্য ২৩ বছরের ছেলেটি। আর বাধ্য হবে না-ই বা কেন! মা-বাবার ত্যাগের কথা তো ভুলে যাওয়ার কথা নয় বোল্টের।উত্তর জ্যামাইকার এক শহরতলিতে নিতান্ত নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম বোল্টের। সেই পরিবার একটা পর্যায় পর্যন্ত খেটেখুটে ছেলের দৌড়বিদ হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে। জেনিফার বোল্ট সেই সময়ের কথা ভুলতে পারেন না, ‘এই দেশে খেটে খাওয়া একটা পরিবারের ছেলে হিসেবে বড় হয়ে উঠতে গেলে ত্যাগ তো করতেই হয়। স্কুলের বই কেনা, ওর জন্য একটু ছুটির সময় বের করা, বাসভাড়া জোগাড় করা, অনেক অনেক খরচ ছিল।’সেই দিনগুলো অনেক পেছনে পড়ে গেছে। এখন তাঁরা দুনিয়ার দ্রুততম মানুষের মা-বাবা। এখন জেনিফার গর্বের সঙ্গে তাকিয়ে থাকেন ছেলের অর্জনের দিকে। আর অপেক্ষা করেন, আরেকটা রেকর্ডের জন্য।অপেক্ষা তো করে গোটা বিশ্বই। এএফপি।