একজন মানজারুল ইসলাম রানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানজারুল ইসলাম রানা কখনো বিশ্বকাপ খেলেননি। কিন্তু, বিশ্বকাপ না খেলেই তিনি হয়ে আছেন বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের অংশ। ২০০৭ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মানজার ছিলেন পোর্ট অব স্পেনের মাঠে, ছিলেন বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে। ভারতকে হারিয়ে বাংলাদেশ সেদিন প্রমাণ করেছিল মানজারুল ইসলাম রানার আধ্যাত্মিক উপস্থিতি।মানজারুল ইসলাম রানা ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে খুলনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ত্রিনিদাদে বসেই শোনের এই মর্মন্তুদ সংবাদ। বাংলাদেশের সেই বিশ্বকাপ স্কোয়াডের অনেক খেলোয়াড়ই ছিলেন মানজারের খুবই কাছের বন্ধু। কয়েকজন ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে মানজারের দল খুলনা বিভাগের টিমমেট। দলের অধিনায়ক হাবিবুল বাশার, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, সৈয়দ রাসেল, সাকিব আল হাসান প্রমুখ খেলোয়াড় ছিলেন তাঁর সবচেয়ে কাছের মানুষ। প্রিয় মানুষটির মৃত্যু সংবাদে বাংলাদেশের খেলোয়াড়েরা একেবারে বিমূঢ় হয়ে গেলেও পেশাদারিত্বের চরম প্রমাণ তাঁরা রেখেছিলেন মাঠে শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে। খেলা শুরু হওয়ার আগে একজন টেস্ট খেলোয়াড় হিসেবে আইসিসির তরফেই মানজারুল ইসলাম রানার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এক মিনিট নীরবতা পালন করে সবাই স্মরণ করেন বাংলাদেশের ক্রিকেটের এ উদীয়মান তারকাকে।২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে মানজারুল ইসলামের ওয়ানডে অভিষেক হয়। তত্কালীন কোচ ডেভ হোয়াটমোর তাঁর বাঁ-হাতি স্পিন বোলিং ও লেট অর্ডারের ব্যাটিংয়ের যথেষ্ট ভক্ত ছিলেন। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর বোলিং বাংলাদেশের সিরিজ জয়ে দারুণ অবদান রাখে। ২০০৬ সাল পর্যন্ত দলে নিয়মিত হলেও ২০০৭ সালের বিশ্বকাপের আগে তিনি দলে অনিয়মিত হয়ে পড়েন। বিশ্বকাপ দল থেকেও বাদ পড়েন। তবে, বাংলাদেশ জাতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তিনি ব্যস্ত ছিলেন ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ নিয়ে। সেখানে একটি ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স ছিল তাঁর। মোটকথা জাতীয় দলে আবার ফেরার তাগিদে মন-প্রাণ দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিশ্বকাপে না হলেও পরবর্তী সময়ে বাংলাদেশ দলের জন্য নির্বাচকদের ভাবনায় তিনি বেশ ভালোভাবেই ছিলেন।ভারতের সঙ্গে ম্যাচটিতে খেলতে নামার মাত্র দুই দিন আগে বাংলাদেশ দল মানজারের মৃত্যু সংবাদ পায়। সে সময় গোটা দলের কী অবস্থা হয়েছিল, সেটা বলাবাহুল্য। কিন্তু সেদিনই মনে মনে বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, একটি বড় দলের সঙ্গে জিতেই মানজারের আত্মার শান্তি কামনা করবেন তাঁরা। বিশ্বকাপে যেকোনো একটি বড় দলকে হারাবে বাংলাদেশ সেই স্বপ্ন আর দশজন মানুষের মতো মানজারেরও ছিল। বিশ্বকাপের আগে দেশ ছাড়ার সময় অধিনায়ক হাবিবুল বাশারকে বলেছিলেন, ‘সুমন ভাই, একটা ম্যাচে কিন্তু জিততেই হবে।’ভারতের বিপক্ষে ম্যাচটিতে মৃত মানজারুল ইসলাম যে দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য অন্য রকম এক শক্তি হয়ে আবির্ভূত হয়েছিলেন, সেই কথা মানেন সেদিন বাংলাদেশ দলের হয়ে খেলা প্রায় প্রতিটি খেলোয়াড়ই। মাশরাফি বিন মুর্তজা অনেক জায়গাতেই বলেছেন, ‘কেন যেন মনে হচ্ছিল “রানা” মাঠেই আমাদের সবার সঙ্গে রয়েছে।’ হাবিবুল বাশার বলেছিলেন, ‘রানার সঙ্গে আমি যেন মাঠেই অনেক বিষয় নিয়ে কথা বলেছিলাম।’মোটকথা, একটা ঘোরের মধ্যেই ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। সেই ঘোর, ঘোরতর আঘাত হয়ে বিঁধেছিল পরাক্রমশালী ভারতের হূদয়ে। ছত্রখান হয়ে গিয়েছিল ভারতের সব দর্প। বীরেন্দর শেবাগের স্ট্যাম্প উপড়ে ফেলা সেই বলটি করতেও ‘আধ্যাত্মিক’ শক্তি পেয়েছিলেন মাশরাফি, এটা তিনি নিজেও স্বীকার করেছেন। সেই আধ্যাত্মিক শক্তি যে মাশরাফি মানজারুল ইসলাম রানার মুখ মনে করে পেয়েছিলেন, সে কথা আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না।মৃত্যু অমোঘ হলেও কোনো কোনো মৃত্যু একেবারেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের ক্রিকেটে মানজারুল ইসলাম রানার মৃত্যু তেমনই একটা ব্যাপার। এ দেশের ক্রিকেটের এক উদীয়মান নক্ষত্রের এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া আক্ষরিক অর্থেই অসহনীয়।মানজারুল ইসলাম রানা বেঁচে থাকুন সবার হূদয়ে। আপতত প্রার্থনা এটাই।